সোহম সেন
শুধু কলেজে কলেজে নয়। দাদাগিরি চলছে আই এফ এ–তেও। মুখ্যমন্ত্রীর দাদা অজিত ব্যানার্জির ইচ্ছে হয়েছিল তিনি আই এফ এ–র সভাপতি হবেন। মুখ্যমন্ত্রীর দাদার ইচ্ছে বলে কথা। তাঁকে সভাপতি করতে আই এফ এ–র সংবিধান বদল হয়ে গেল। তিনি হয়ে গেলেন সভাপতি। আর এতদিন যিনি সভাপতি ছিলেন, সেই সুব্রত দত্ত হয়ে গেলেন চেয়ারম্যান।
আগেই এরকম একটা রফাসূত্র বেরিয়েছিল। সাংবাদিক সম্মেলনে তা ঘোষণাও হয়েছিল। কিন্তু গভর্নিং বডির সিলমোহর দরকার ছিল। সেই সিলমোহরও জোগাড় হয়ে গেল। এত ক্লাবের এত এত প্রতিনিধি, কোনও মহলে থেকেও কোনও আপত্তি এল না। আসার কথাও নয়। অন্যান্য নানা বিষয় নিয়ে তর্কের ঝড় উঠতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রীর দাদার ইচ্ছেতে কে বাধ সাধবেন? কে আপত্তি তুলবেন?

