শ্যামাপ্রসাদের বই নিজেরা পড়েছেন তো!‌

সরল বিশ্বাস

গ্রন্থাগার দপ্তরকে কে কতখানি হাসির খোরাক করতে পারেন, এ যেন তার প্রতিযোগিতা চলছে। আর এই দপ্তর নিয়ে সরকারের যে তেমন মাথাব্যথা নেই, তাও বোঝা যায়। এমন এমন লোককে এই দপ্তরের দায়িত্ব দেওয়া হয়, যাঁদের এই দপ্তরটা সম্পর্কে তেমন ধারণাই নেই। এমনকী, দীর্ঘদিন দায়িত্বে থাকার পরেও আসল সমস্যা কোনগুলো, সেগুলো বুঝে উঠতেই পারেন না।

তাঁরা সহজ একটা পথ বেছে নিয়েছেন। শেখানো কিছু বুলি। আর কর্তাভজা কিছু সংলাপ। তৃণমূল আমলে সিদ্দিকুল্লা চৌধুরি দশ বছর ধরে বলে গেলেন, সিপিএমের আমলে সব লাইব্রেরিতে মার্কস, লেলিনের বইয়ে ভর্তি ছিল।

তিনি কী করলেন?‌ মমতা ব্যানার্জির লেখা একগুচ্ছ বই কেনার ফরমান দিলেন। এবার সরকার বদল। নতুন গ্রন্থাগার মন্ত্রী এসে মমতা ব্যানার্জির লেখা সব বই সরিয়ে দেওয়ার হুঙ্কার দিলেন। সেইসঙ্গে হুঙ্কার দিলেন, সব লাইব্রেরিতে শ্যামাপ্রসাদ মুখার্জির বই থাকবে। তাঁকে নিয়ে লেখা বই থাকবে। থাকুক, কে বারণ করেছে?‌ বিভিন্ন লাইব্রেরি তাঁদের পছন্দ অনুযায়ী বই কিনবেন। এখন বিজেপির সরকার। স্বাভাবিকভাবেই শ্যামাপ্রসাদের বই থাকবে। এটাও যে উপর থেকে এভাবে চাপিয়ে দিতে নেই। বা সেটা প্রকাশ্যে বলতে নেই, এটাই বা তাঁকে কে বোঝায়!‌

শ্যামাপ্রসাদের লেখা বা শ্যামাপ্রসাদ সংক্রান্ত বই থাকুক না, আপত্তির কী আছে?‌ তাই বলে, এত ঘটা করে বলতে হবে কেন?‌ তাছাড়া, শ্যামাপ্রসাদের বই লাইব্রেরি থেকেই পড়তে হবে কেন?‌ শ্যামাপ্রসাদকে ভালবাসলে, তাঁর কর্মকাণ্ড সম্পর্কে শ্রদ্ধা থাকলে তো এক দুটো বই কিনেও পড়া যায়। মুশকিল হল, শ্যামাপ্রসাদকে নিয়ে পড়াশোনা করেছেন, এমন লোকের সংখ্যা বিজেপিতেও বড্ড কম। তাঁরা যে দু–‌চার কথা বলেন, সেগুলো সব হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফসল। এটা–‌ওটা ভিডিও আসে। দু একটা ভুলভাল তথ্যে ভরা লেখার লিঙ্ক আসে। এঁরা সেগুলোই আউড়ে যান। শ্যামাপ্রসাদ সম্পর্কে খুব সাধারণ দু একটা প্রশ্ন করলে হয় তোতলাতে থাকেন, নইলে মেজাজ হারিয়ে ফেলেন।

মমতা ব্যানার্জির বই যেমন তৃণমূলের লোকেরা পড়তেন না, এমনকী লাইব্রেরিতে রেখেও লোককে পড়ানো যায়নি। শ্যামাপ্রসাদকেও কি সেই স্তরে নামিয়ে আনতে চান?‌ খুব সহজ কথা, শ্যামাপ্রসাদকে নিয়ে আগে নিজেরা দু একটা বই পড়ুন। তারপর না হয় লাইব্রেরিতে সেই বই রাখার ফরমান জারি করবেন।

Previous post নিজেকে খুঁজে পাওয়ার ঠিকানা কাফের গাঁও
Next post লিখে রাখলেই স্মৃতি থেকে হারিয়ে যাবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *