রজত সেনগুপ্ত
গত কয়েকদিন খবরের কাগজে সরকারি বিজ্ঞাপন দেখেছেন? কোনও পরিবর্তন নজরে এসেছে? আবার কয়েকদিনের কাগজ উল্টে পাল্টে দেখুন।
অনেক বিজ্ঞাপনেই মুখ্যমন্ত্রীর ছবি নেই। আবার কোথাও কোথাও থাকলেও ছোট আকারে, নিচের দিকে। অন্তত এই ছবিটা খুব একটা রুচিহীন মনে হচ্ছে না।
অনীক দত্তর সমালোচনায় তাহলে কিছুটা কাজ হল। অন্তত গত কয়েকদিনের বিজ্ঞাপন তো তাই বলছে। এমনকী সবলা মেলার বিভিন্ন পোস্টার বা হোর্ডিংয়েও তাঁর ছবি নেই। গত সাত বছরে এগুলো কিছুটা অবাক করার মতোই ঘটনা।
কিন্তু মুখ্যমন্ত্রী কি খুব খোলা মনে অনীকের সমালোচনা গ্রহণ করেছেন? এমনটা হওয়ার কথা নয়। তিনি হয়ত রেগেমেগেই বলেছেন, থাক, আমার ছবি দেওয়ার দরকার নেই। এই ছবি ছাপা–না ছাপা নিয়ে কী কী হতে পারে?
১) আগামী কয়েকদিন ছবি একটু কম ছাপা হবে। তারপর আস্তে আস্তে ছবির আয়তন ও পরিমাণ বাড়বে।
২) এখন নিচের দিকে থাকবে। দিন কয়েক পর আবার সেটা ওপরের দিকে জায়গা পাবে।
৩) কোনও এক সভায় হয়ত রাগটা প্রকাশ করেই ফেলবেন। বলেই ফেলবেন, দরকার নেই, আমার ছবি। মানুষের মন থেকে আমার ছবি মুছে ফেলতে পারবেন না।
৪) কিন্তু অনীকের ভবিষ্যৎ কী? পরবর্তী ছবিগুলোর প্রোডিউসার পাওয়া বেশ কঠিনই হবে। কারণ, যাঁরা টাকা ঢালবেন, তাঁরাও আতঙ্কে থাকবেন। কোনদিক থেকে তাঁদের ব্যবসায় কী আঘাত আসবে, কে বলতে পারে?
৫) অনীকের ছবি মুক্তি পেলেও হল পাওয়া বেশ কঠিনই হবে। এটা যে প্রশাসনের নির্দেশে হবে, এমনটা নয়। আসলে, কিছু কিছু ব্যাপার নির্দেশ দিতে হয় না। বাবুকে খুশি করতে পারিষদবর্গ নিজে নিজেই অনেক অপকর্ম ঘটিয়ে ফেলেন।

