মধ্যবিত্ত বাঙালি নাকি ঘুরেফিরে ‘দিপুদা’কেই ভালবাসে। এই ‘দিপুদা’ পাড়ার কোনও উঠতি যুবক নয়। এ হল— দিঘা, পুরী, দার্জিলিং। যতই নতুন নতুন গন্তব্য তৈরি হোক, ‘দিপুদা’ সবসময়ই সুপারহিট। তার টিআরপি সবসময়ই তুঙ্গে।
কিন্তু গড়পড়তা পর্যটক আর পর্বতারোহীর মাঝে ফারাক বিস্তর। পর্যটক বুঝতে চায়, ম্যাল থেকে কত দূরে, বাথরুম ঠিকঠাক আছে কিনা, বাঙালি খাবার পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি। একটু পান থেকে চুন খসলে তার মুখ ভার। কিন্তু পর্বতারোহী এসবের পরোয়া করেন না। তিনি ছোটেন গাছপালাহীন, অক্সিজেন হীন বরফের এক সাম্রাজ্যে। তাঁবুই তাঁর কাছে স্বর্গ। তিনি কষ্টকে আমন্ত্রণ করেন। দুর্গম পথে তিনি ঝুঁকিকে আলিঙ্গন করেন।
কেউ যখন এভারেস্টে যান, অনেককেই বলতে শুনেছি, এত টাকা খরচা করে ওখানে কেন যায়? গিয়ে কী লাভ হয়? এই প্রশ্নগুলোও থাকবে। আবার এইসব সংশয়কে হেলায় উড়িয়ে অভিযানও থাকবে। এমন এক ডজন দুঃসাহসী অভিযাত্রীকে নিয়েই মলয় সিন্হার নতুন বই— ‘নির্ভীক অভিযাত্রী’। বইয়ের নাম থেকেই পরিষ্কার, এঁরা কেউ শখের ট্যুরিস্ট নন। দুর্গম পথচলাতেই এঁদের আনন্দ।
এইসব অভিযান নিয়ে বেশ কয়েক বছর ধরেই ‘আজকাল’ এর পাতায় ধারাবাহিকভাবে লিখে চলেছেন মলয় সিন্হা। বাংলায় অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে তুলে ধরার ক্ষেত্রে তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়। কত অভিযাত্রীর সঙ্গে বাঙালির পরিচয় হয়েছে তাঁর লেখার মাধ্যমেই। কিন্তু কাগজের প্রতিবেদনে আর কতটুকুই বা লেখা যায়! এই অভিযানের নেপথ্যে এত বছরের পরিশ্রম, আত্মত্যাগ, হার না মানা লড়াইয়ের কথা অনেকটা আড়ালেই থেকে যায়। কেউ সারা বছর ধরে তিল তিল করে সঞ্চয় করেন, কেউ ধার–দেনা করে বেরিয়ে পড়েন, কেউ আবার দুর্গম অভিযানের নেশায় নিরাপদ চাকরিও ছেড়েছেন। দুর্গম অভিযানের পিছনে ছুটতে গিয়ে এই মহান আত্মত্যাগের খবর আমরা কতটুকু রাখি!
সাংবাদিকতার পাশাপাশি এই দুর্গম অভিযানের প্রতিও রয়েছে লেখকের তীব্র প্যাশন। সেই প্যাশনের কথাই উঠে এসেছে বসন্ত সিংহরায়, দেবাশিস বিশ্বাস, দেবরাজ দত্তর মতো দিকপাল পর্বতারোহীদের লেখায়। একেকজনের অভিযান একেক রকমের। কেউ হয়তো সাইকেলেই পাড়ি দিয়েছেন কিলিমাঞ্জারো, কেউ আট বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়েও পৌঁছে গিয়েছেন এভারেস্টে। রতনলাল বিশ্বাস, আরতি দে, উজ্জ্বল পাল, শান্তি কুমার রায়দের পাশাপাশি উঠে এসেছে ছোনজিন আংমো, ভারত থাম্মেইনেনি, মাংমা গ্যালজেনদের মতো অভিযাত্রীদের কথাও। দৈনন্দিন জীবনের ঘূর্ণাবর্তে আমরা নেহাতই কূপমণ্ডুক। ওই দুর্গম অভিযানে যাওয়ার সাহস নেই। কিন্তু দূর থেকে কুর্নিশ করতে তো বাধা নেই। আসুন, বইয়ের পাতায় সেই মানসভ্রণ সেরে নিই। মনে মনে পৌঁছে যাই বরফে ঢাকা এভারেস্টের ওই শৃঙ্গে।
নির্ভীক অভিযাত্রী
মলয় সিন্হা
সংবিদ
৩৫০ টাকা
