ডঃ অন্তরা চৌধুরি
কিছু দিন আগে আমার কাকা কর্মসূত্রে বেশ বড়সড় একটা হোম থিয়েটার উপহার পেয়েছে। মহানন্দে তাকে বাড়িতে নিয়ে এসেছে। কিন্তু আনলে হবে কী, তাকে তো চালাতে হবে। আর স্মার্ট ফোনের সঙ্গে কানেক্ট করে সেই হোম থিয়েটারকে চালানো কাকার কম্ম নয়। কাকা একটু সেকেলে। স্মার্ট ফোনকে একেবারেই সহ্য করতে পারে না। সে বুঝতেই পারে না ওই ফোনটাতে এমন কী আছে যার জন্য সবাই ওই ফোন ব্যবহার করে। এখনও সে মহানন্দে সেই আগেকার ছোট ফোনই ব্যবহার করে। স্মার্টফোন না থাকা—তার কাজকর্মে কোনওরকম বাধা তৈরি করেনি।
তবে আমার কাকাটি কিন্তু বেশ রোমান্টিক। কিশোর আর লতা তার জীবনের ধ্রুবতারা। ওঁদের গান শুনতে কাকাটি অত্যন্ত পছন্দ করে। যতদিন পর্যন্ত প্রযুক্তি তার নাগালে ছিল, ততদিন পর্যন্ত সে নিত্য নতুন টেপ রেকর্ডার কিনে আনত। তার সঙ্গে আনত বিভিন্ন শিল্পীর নিত্য নতুন সব ক্যাসেট। ছোটবেলা থেকেই আমাদের কান সমৃদ্ধ হয়েছিল রফি, মুকেশ, কিশোর, আশা, লতা, মান্না, হেমন্ত—এঁদের গান শুনে। এর ফলে বড়বেলাতেও আর ‘ইচিংমিচিং’ গান শোনার ইচ্ছে হয়নি। কানে এলেও মনে ধরেনি। কাজেই কাকার সঙ্গে আমাদের রুচিটা বেশ মিলে গিয়েছিল।
দিনে দিনে প্রযুক্তি দ্রুত বদলাতে থাকল। কাকা এই যুগের প্রযুক্তির সঙ্গে ঠিক তাল মেলাতে পারল না। বলা ভাল মেলাতে চাইল না। প্রিয় টেপ রেকর্ডার, ক্যাসেট, রেডিও— সব বিসর্জন দিয়ে নিজেকে নিজের মতো গুছিয়ে নিল। তাই বলে কি গান শোনা বন্ধ হয়ে গেল? একেবারেই না। টেপ রেকর্ডারের বদলে টিভি হয়ে উঠল কাকার সঙ্গী। সারাদিনের কাজের শেষে বাড়ি ফিরে সুগন্ধী সাবান দিয়ে স্নান সেরে ঢিলাঢালা পোশাক পরে টিভির সামনে একটা রিলাক্স চেয়ারে বসে যায়। কোনও কূট কচালি সিরিয়াল নয়। বরং কাকা শোনে পুরনো দিনের সেই হারিয়ে যাওয়া গান যা আসলে কোনও দিনও হারায় না। কাকার জীবনের একমাত্র আইডিয়াল বা ফ্যান্টাসি হল অমিতাভ বচ্চন। কাজেই তিনি যদি টিভির পর্দায় আসেন তাহলে আর কাকাকে পায় কে! অমিতাভ যখন কোমর দুলিয়ে ‘লাওয়ারিশ’–এর ‘আপনি তো যেয়সে তেয়সে’ গানের সঙ্গে কোমর দোলান, তখন কাকা মহানন্দে তাল দেয়। দেখে মনে হয় বয়সটা যেন এক ঝটকায় ষাট থেকে কুড়ি–পঁচিশে নেমে গেছে। সেই সময় কোনও ক্লান্তি, কোনও চিন্তা তাকে গ্রাস করে না। কাকার কাছে শিখেছি, জীবনের নানাবিধ টেনশনকে দূরে সরিয়ে রেখে কীভাবে রিলাক্স করতে হয়। পরের গান হয়তো লতার কণ্ঠে হেমা মালিনী গাইছে– ‘মেরে নাসিব মে তু হ্যায় কি নেহি’। তখন কাকাকে দেখে মনে হয় ঘর, সংসার, ছেলের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বউয়ের সঙ্গে খিটিমিটি—এই সমস্ত জাগতিক কোনও কিছুই তাকে বিন্দুমাত্র ছঁুতে পারছে না। শরীর মন আত্মা দিয়ে সেই গান শুনছে। বলা ভাল অনুভব করছে। প্রকৃত শ্রোতা তো এমনি হয়।
ওদিকে আমার কাকিমাটি খুবই ভাল মানুষ। কিন্তু কাকার এহেন রোমান্টিসিজম তিনি এক চোখেও দেখতে পারেন না। একমাত্র প্রদীপ পালের ‘কীর্তন’ ছাড়া এহেন গান তিনি পছন্দই করেন না। আসল কথা হল, কাকার এই গান শোনাকে তিনি মোটেই সহ্য করতে পারেন না। রান্না ঘরের ভেতর থেকে আলু ছেঁচকি করতে করতে টিপ্পনী কাটে– ‘উঁহহহউঁ, এই বয়সে এই সব লাড়েলাপ্পা গান শোনা হচ্ছে। এদিকে ছেলে বড় হচ্ছে। আর উনি…’।
আমার মা–কেও কিছুটা উস্কানোর চেষ্টা করে। মা দু’বার বাধ্য হয়ে কাকিমার তালে তাল মিলিয়ে ‘হঁ’ু, ‘হাঁ’ করে মূচকী হেসে আবার রুটি বেলায় মন দেয়। কাকা বাইরের ঘর থেকে হয়তো শুনতে পেল। কিন্তু শুনতে চাইল না। বউ আর বউদির এহেন টিপ্পনীকে অবলীলায় ইগনোর করে পুনরায় অমিতাভে মন দিল।
কিন্তু সমস্যাটা হল অন্য জায়গায়। আমার কাকার ছেলে শ্রীমান কুট্টুস। সে ছোট থেকে ‘ইচিংমিচিং’ গান শুনেই বড় হয়েছে। যদিও তথাকথিত ভাল গান তাকে শোনানোর চেষ্টা করে সকলে ব্যর্থ হয়েছে। সে এখন নতুন প্রজন্ম। কাজেই তার পছন্দের গান ও রুচির সঙ্গে তার বাবার ও আমাদের বিস্তর ফারাক। ইতিমধ্যেই আমার কাকার সৌভাগ্য হয়েছে তার ছেলের পছন্দের বেশ কিছু গান শোনার। মনে বিরক্ত হলেও মুখে কিছু বলেনি। কারণ কাকা বরাবরই খুব স্বল্পভাষী। এদিকে নতুন হোম থিয়েটার আনা তো হল। কিন্তু তাকে চালাতে গেলে কুট্টুসের স্মরণাপন্ন হতে হবে। তাকে ডাকতেই তিনি ওপর থেকে নীচে নেমে এসে ফোনের সঙ্গে ব্লু টুথ কানেক্ট করে অবলীলায় গান চালিয়ে দিল। ভাবটা এইরকম যেন ‘ওটা তো আমার বাঁয় হাতকা খেল’। কিন্তু গান শুনে তো কাকার অবস্থা কাহিল। কারণ বিজাতীয় ভাষায় গানের মতো কিছু একটা চলছে বটে। কিন্তু তাকে তো ঠিক গান বলা যায় না। সেই গানের না আছে মাথা, না আছে মুন্ডু। একটা কথাও বোঝা তো যাচ্ছেই না, উল্টে এমন গঁাক গঁাক করে চিৎকার করতে শুরু করল, যে বাধ্য হয়ে সবাই রেগেমেগে কুট্টুসকে বন্ধ করতে বলল। অবশেষে আমার কাকা কুট্টুসকে বলল, ‘কথা–গান চালা’। কিন্তু কথা–গান কী? ছেলের মাথায় ঢুকছে না। কাজেই সে তার মা–কেই জিজ্ঞাসা করল, ‘মা কথা–গানটা কী জিনিস?’ তখন তার মা হেসে হেসে উত্তর দিল, ‘কথা–গান মানে বুঝলি না? কথা–গান মানে যে গানে কথা আছে।’ ছেলে এতক্ষণে বুঝতে পারল।
ঘর গমগম করতে লাগল কথা গানে—‘তুম আ গেয়ে হো নূর আ গেয়া হ্যায়।’
***
