স্বরূপ গোস্বামী
প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। কিন্তু কখনও কখনও সহজ প্রশ্নগুলো বড্ড নাছোড়বান্দা হয়ে ওঠে। কিছুতেই পিছু ছাড়তে চায় না।
যেমন, শেষ চার–পাঁচ বছর ধরে শচীন তেন্ডুলকারকে তাড়া করেছে একটাই প্রশ্ন, কবে অবসর নিচ্ছেন? লিওনেল মেসিকেও কতবার যে শুনতে হয়েছে! এঁরা জানেন, ঘুরেফিরে সব পরীক্ষায় এই কমন প্রশ্নটা আসবে। উত্তরটাও তাই মোটামুটি তৈরিই থাকে।
নীরজ চোপড়ার বয়স সবে ২৫। তাঁর কাছে এখনই এমন প্রশ্ন আসার কথা নয়। কিন্তু গত দেড় বছর ধরে একটা প্রশ্ন তাঁকেও লাগাতার তাড়া করেই চলেছে। কবে পেরোবেন নব্বই মিটারের মাইলস্টোন? উফ, সেই নব্বই মিটার, নবই মিটার আর নব্বই মিটার। আর কি কোনও প্রশ্ন নেই?
রেগে যাওয়ারই কথা। কিন্তু পেশাদারি দুনিয়ায় এত রাগলে চলে না। তাই মৃদু হেঁসে মাপা উত্তরটাই দিতে হয়, ‘প্রস্তুতি ঠিকঠাক চলছে। আশা করছি, দ্রুত এই মাইলস্টোনে পৌঁছে যাব। তবে এর জন্য বেশি চাপ ডেকে আনতে চাই না।’ আসলে, টোকিও অলিম্পিকের পর থেকে আমাদের প্রত্যাশার পারদটা যেন একলাফে অনেকটা বেড়ে গেছে। গতবছর বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো এসেছে, ডায়মন্ড লিগে সোনা এসেছে। তবু তৃপ্তি নেই। নব্বই মিটার তো সেই ‘অধরা মাধুরী’ হয়েই থেকে গেছে। গতবছর পৌঁছেছিলেন ৮৯.৯৪ মিটারে। মাত্র ৬ সেন্টিমিটারের জন্য ফসকে গিয়েছিল। এইমুহূর্তে যাঁরা নীরজের প্রতিদ্বন্দ্বী, সেই গ্রেনাডার অ্যান্ডারসন পিটার্স বা চেক প্রজাতন্ত্রের জ্যাকুব ভেদলেচ তো বেশ কয়েকবার ৯০ মিটারে গন্ডি ছাপিয়ে গেছেন। তাঁদের হারিয়ে নীরজ সোনা জিতছেন। কিন্তু ভারতীয়দের দীর্ঘশ্বাসটা থেকেই যাচ্ছে, ‘ইস, এবারও নব্বই মিটারটা হল না!’
মাঝে কয়েক মাসের একটা লম্বা বিরতি ছিল। যেই না কাতারে ডায়মন্ড লিগের কাউন্ট ডাউন শুরু হল, অমনি ঝুলি থেকে বেরিয়ে পড়ল সেই ‘নব্বই মিটার’ এর কুমিরটা। সোনা এল, কিন্তু এবারও হল না। সামনে রয়েছে ডায়মন্ড লিগের আরও বেশ কয়েক দফা। রয়েছে এশিয়ান গেমস। মাঝে মাঝে মনে হয়, ভাগ্যিস নীরজের বেশিরভাগ সময়টা বিদেশে কাটে। দেশে থাকলে ওই নব্বই মিটারের চক্করে কান ঝালাপালা হয়ে যেত।
২০২১ এর একটা ৭ আগস্ট। জীবনটাকে যেন আমূল বদলে দিয়ে গেল। তার আগে আন্তর্জাতিক সাফল্য তো কম ছিল না। জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা, এশিয়ান গেমসে সোনা, এশিয়ান চ্যাম্পিয়নশিপ বা কমনওয়েলথ গেমসেও সোনা। তবু এ দেশের আমজনতা কতটুকুই বা চিনত হরিয়ানার এই যুবককে? মিডিয়াই বা কতটুকু গুরুত্ব দিয়েছে? অলিম্পিকের সম্ভাব্য পদকজয়ীদের মধ্যে কি ধরা হয়েছিল তাঁকে? টোকিওর ভিকট্রি স্ট্যান্ডে পতপত করে উড়ছে ভারতের জাতীয় পতাকা। বেজে উঠছে জাতীয় সঙ্গীতের সুর। একটা সোনার জন্য হাপিত্যেস করে বসে থাকা ভারতবাসীর কাছে এর চেয়ে সুখের মুহূর্ত আর কীই বা হতে পারত! সেই মুহূর্তটাই যেন এনে দিয়েছিলেন নীরজ চোপড়া।
অনেকেই ছোট থেকে স্বপ্ন দেখেন বড় খেলোয়াড় হওয়ার। সুনীল গাভাসকার নাকি দেড় বছর বয়সে ব্যাট ধরেছিলেন। শচীন নাকি আড়াই–তিন বছর থেকে। সেইসব ছবিও আখছার নেট দুনিয়ায় ঘুরে বেড়ায়। সেখানে নীরজ চোপড়া কিনা জ্যাভেলিন হাতে নেন চোদ্দ–পনেরো বছর বয়সে। ছোট থেকেই আলু পরোটা, ঘি–মাখনের সাহচর্যে বেড়ে ওঠা। বয়স তখন তেরো বছর। তখনই ওজন কিনা ৮০ কেজি। বোঝাই যাচ্ছে, কেমন নাদুস নুদুস ছিলেন। এই ছেলের ওজন তো কমাতে হবে। তাই ভর্তি করা হল জিমে। সেখানে অন্যরা বর্শা ছুঁড়ছে। দূর থেকে দাঁড়িয়ে দেখত সেই কিশোর। একদিন একজন ডাকল, বর্শা ছুঁড়বি? ছেলেটি ছুঁড়ল, অনেকটাই ছুঁড়ল। সেই থেকে বদলে গেল জীবনের গতিপথ।
একশো চল্লিশ কোটির দেশে ‘সোনার ছেলে’ বলে কথা। কখনও ডাক আসছে রাষ্ট্রপতি ভবনে, কখনও কৌন বনেগা ক্রোড়পতির সেটে। কোনওদিন তাঁর নামে নামকরণ হচ্ছে সেনাবাহিনীর স্টেডিয়ামের, কখনও বায়োপিক করতে চেয়ে ভিড় করছেন পরিচালকরা। আর এন্ডোর্সমেন্টের ঝুলি হাতে বিপণন দুনিয়ার লোকেরা তো আছেই। সেসবের রেশ কাটিয়ে দ্রুত পাততাড়ি গোটালেন, পাড়ি দিলেন ইওরোপে। এই সংবর্ধনার জোয়ারে কত তারকাকে ভেসে যেতে দেখেছেন। যতই স্পনসর বা এনডোর্সমেন্ট আসুক, পা ফেলছেন বেশ সন্তর্পণে। অ্যালকোহল বা সিগারেটের বিজ্ঞাপন দেখলে পা বাড়িয়ে ছেড়ে দিচ্ছেন সেই প্রলোভনের বিষাক্ত সুইংটা। বয়স অল্প হলেও পা মাটিতেই, সংযমটাও দিব্যি আছে।
আর তাই ‘নব্বই মিটারের’ ওই নাছোড়বান্দা প্রশ্নটাও আছে। ওই মাইলস্টোন পেরিয়ে গেলে, ঘাড়ে চেপে যাবে প্যারিস অলিম্পিকের সীমাহীন প্রত্যাশার চাপ। যতই বিদেশ বিভুঁইয়ে থাকুন, এই প্রত্যাশার চাপ থেকে আপাতত নীরজের মুক্তি নেই।
