স্বরূপ গোস্বামী
এভারেস্টে পৌঁছোনো বেশ কঠিন। কিন্তু ওখানে পৌঁছে বুঝতে পারলাম, সেই পর্বতশৃঙ্গে দাঁড়িয়ে থাকা আরও বেশি কঠিন। ফিরে এসে দীর্ঘদিন পর আত্মজীবনীতে এমনটাই লিখেছিলেন এডমন্ড হিলারি।
সেই যে ফিরেছিলেন, তারপরও তিনি আরও ৫৫ বছর বেঁচে ছিলেন। দক্ষিণ মেরু ও উত্তর মেরুতে পাড়ি দিয়েছেন। কিন্তু আর কখনও এভারেস্ট অভিযানে যাননি।
বিশ্ব ফুটবলের এভারেস্ট কোনটি? যতই ইওরো কাপ দেখার জন্য রাত জাগি বা কোপা আমেরিকা দেখার জন্য ভোরে উঠি, যতই চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, সিরি এ নিয়ে মাতামাতি করি, বিশ্বকাপ ইজ বিশ্বকাপ। তার কোনও তুলনা হয় না। সেই এভারেস্টে একবার আরোহনের পর কে আর থেমে যেতে চায়? বারবার সেই মহাশৃঙ্গে আরোহন করতে ইচ্ছে হয়।
পেলে, মারাদোনা থেকে এই প্রজন্মের মেসি, কেউই এই সাধারণ নিয়মের ব্যতিক্রম নন। পেলে ৫৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর ৬২ ও ৭০ — আরও দু’বার চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরেছিলেন। মারাদোনা ছিয়াশিতে কার্যত একক প্রদর্শনীতে বিশ্বকাপ জেতার পর নব্বইয়ে ফের ফাইনালে পৌঁছে গিয়েছিলেন। জিদান আঠানব্বইয়ে ফ্রান্সকে বিশ্বকাপ এনে দেওয়ার পরেও অদম্য ইচ্ছাশক্তি নিয়ে ২০০৬–এ ফের ফাইনালে তুলেছিলেন। মাতেরাজ্জিকে ওভাবে ঢুঁসো না মারলে হয়তো আরও একবার বিশ্বকাপ জয়ের স্বাদ পেতেই পারতেন। এমনকী, বয়সে, ধারে–ভারে অনেক পিছিয়ে থাকা কিলিয়ান এমবাপে, তিনিও ইতিহাস গড়তেই পারতেন। ২০১৮ বিশ্বকাপ জেতায় বড় ভূমিকা তো ছিলই, ২০২২ এর ফাইনালে তাঁর দুরন্ত হ্যাটট্রিক যেন স্বপ্নের মতোই। টাইব্রেকারে স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভোলার নয়।
আসলে, কারও স্বপ্নভঙ্গই কারও স্বপ্নপূরণের পটভূমি তৈরি করে। সেদিন এমবাপের দুরন্ত হ্যাটট্রিকের পরও ম্যাচ যখন টাইব্রেকারে গড়িয়েছিল, ফুটবল বিশ্ব চেয়েছিল এমবাপে ট্র্যাজিক নায়ক হয়েই থাকুন। কারণ, তাঁর স্বপ্নপূরণ হলে যে লিওনেল মেসির স্বপ্নভঙ্গ হত। এই যন্ত্রণার বোঝা ফুটবল বিশ্ব হয়তো বইতে পারত না। ২০১৪–তে ফাইনালে উঠেও অল্পের জন্য হাতছাড়া হয়েছিল ট্রফি। ২০২২–এর কাতার ছিল স্বপ্নপূরণের মঞ্চ। ফুটবল বিশ্ব ধরেই নিয়েছিল, এটাই মেসির শেষ বিশ্বকাপ। ২০০৬ থেকে যাত্রা শুরু। পরের বিশ্বকাপ থেকেই তিনি আকর্ষণের কেন্দ্রে। শুধু আর্জেন্টিনা নয়, সব দল মিলিয়েও তাঁর টিআরপি–ই ছিল তুঙ্গে। কিন্তু ২০১০, ১৪, ১৮ — বারবার একরাশ হতাশা নিয়েই ফিরতে হয়েছে। মাঝে কোপা আমেরিকার ফাইনালে হারের পর তো একবার তীব্র অভিমানে অবসরই নিয়ে ফেলেছিলেন।
পঁয়ত্রিশের মেসি যখন পঞ্চমবারের জন্য অভিযান শুরু করলেন, সবাই ধরেই নিয়েছিলেন এটাই শেষ সুযোগ। যেভাবেই হোক, বিশ্বকাপের ‘অধরা মাধুরী’ এবার মেসির হাতে ধরা দিক। বিদায়বেলায় অস্তরাগের আভায় ফুটবলের মহাকাশকে রাঙিয়ে দিয়ে যান। অনেকে ধরেই নিয়েছিলেন, ফাইনালের রাতেই হয়তো আলবিদা জানাবেন। বুট জোড়া তুলে রাখবেন। কারণ, বিদায় নেওয়ার এর থেকে ভাল মঞ্চ আর কী হতে পারত! কিন্তু সেই রাতে তেমন কোনও ঘোষণা এল না। অনেকে ভাবলেন, এখন উৎসবের মুহূর্ত ম্লান হয়ে যাক, সেটা চাইছেন না। তাই পরে সময়, সুযোগ বুঝে নিশ্চয় সরে দাঁড়ানোর ঘোষণা করবেন। হয়তো ক্লাবের হয়ে আরও একটা–দুটো মরশুম খেললেও খেলতে পারেন। কিন্তু দেশের হয়ে আর নয়। কারণ, গত এক দশকের বেশি সময় ধরে মেসির সঙ্গে এক নিশ্বাসে যাঁর নাম উচ্চারিত হত, সেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাতার অভিযান একেবারেই সুখকর হয়নি। পর্তুগাল কোচ তো রোনাল্ডোকে কার্যত বেঞ্চে বসিয়েই রাখলেন। মাঠে নামানোরই যোগ্য মনে করলেন না। এমন পরিণতি কে ডেকে আনতে চায়! তার থেকে সম্মান থাকতে থাকতে সরে যাওয়াই ভাল।
বিশ্ব ফুটবলের উৎসাহীরা অপেক্ষায় রইলেন, এই বুঝি মেসি অবসর ঘোষণা করবেন। একসময় মেসি ক্লাব বদলে পিএসজি থেকে ইন্টার মায়ামি চলে এলেন। শেষ জীবনে মার্কিন মুলুকে এসেছিলেন ফুটবল সম্রাট পেলেও। মেসিও হয়তো আমেরিকাতেই ইনিংস শেষ করবেন। এমন ভাবনা যত জোরালো হতে লাগল, তার মাঝেই এসে গেল কোপা। কী আশ্চর্য, এবারও আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে বসলেন! কাতারে পঁয়ত্রিশের মেসি কোপার সময় এসে পড়েছেন সাঁইত্রিশে।
ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন তো হলেনই। গোল করলেন, করালেনও। গ্রুপ পর্বে পেরুর বিরুদ্ধে ম্যাচ ছাড়া সব ম্যাচেই খেললেন। কোনও ম্যাচে নব্বই মিনিট। কোনও ম্যাচে হয়তো একটু কম। যেমন, ফাইনালে চোটের জন্য দ্বিতীয়ার্ধে উঠে যেতে হয়। নিজে গোল করার থেকেও গোল করানো ও নীচে নেমে খেলা তৈরির দিকেই বেশি করে মন দিলেন। বুঝিয়ে দিলেন, সাঁইত্রিশেও ‘তিনি বৃদ্ধ হলেন’ এমনটা বলা যাবে না।
এবার তিনি ৩৯। মায়ামির হয়ে এখনও জ্বলে উঠছেন। হ্যাটট্রিক করছেন। দুরূহ কোণ থেকে ফ্রিকিক নিচ্ছেন, ঠিকানা লেখা পাস বাড়াচ্ছেন, জটলার মধ্যেও আলতো টাচে বল জালে পাঠাচ্ছেন। যতই বয়স বাড়ুক, যতই ষষ্ঠ বিশ্বকাপ হোক, এখনও আর্জেন্টিনার সেরা বাজি সেই তিনিই। এখনও ক্যামেরার যাবতীয় সার্চলাইট থাকবে তাঁর দিকেই। এমিলিয়ানো, ডিপল, ওটামেন্ডি, ম্যাক অ্যালিস্টার, আলভারেজ, লাউতারোরা আছেন ঠিকই। চার বছরে অনেকটা পরিণত হয়েছেন, এটাও ঘটনা। তবু মারাদোনার দেশ এখনও আবর্তিত হয় ওই ৩৯ বছরের মহাতারকাকে ঘিরেই।
এত বেশি বয়সে বিশ্বকাপ জয়ের নজির একজনেই আছে, তিনি ইতালির দিনো জফ। ১৯৮২ তে ইতালি যখন তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জেতে, তখন জফের বয়স ছিল ৪০ বছর। কিন্তু তিনি তো ছিলেন গোলকিপার। সামনে ছিল ইতালির সেই বিখ্যাত ডিফেন্স লাইন আপ। যে দুর্ভেদ্য দুর্গ ভেদ করে তাঁর কাছে বল আসাই কঠিন। তাছাড়া, একজন গোলকিপার আর একজন স্ট্রাইকারের ভূমিকা নিশ্চয় এক নয়। একজন গোলকিপারকে তো এত কড়া ম্যান মার্কিংয়ে থাকতে হয় না। কিন্তু মেসিকে ঘিরে সবসময় থাকবে অতন্দ্র পাহারা। বল ধরলেও, না ধরলেও ঘাড়ের ওপর থাকবে সেই মার্কারদের উষ্ণ নিশ্বাস।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার সঙ্গে আছে আলজেরিয়া, অস্ট্রেলিয়া, জর্ডন। উতরে যাওয়ারই কথা। কাতারে প্রথম ম্যাচেই কিনা হারতে হয়েছিল অখ্যাত সৌদি আরবের কাছে। কিন্তু তারপরও একের পর এক শক্ত বাধা পেরিয়ে আসতে সমস্যা হয়নি। শেষ আটে নেদারল্যান্ডস, শেষ চারে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ফ্রান্সের সামনে। অর্থাৎ, শুরুর দিকে আপাত সহজ লড়াইয়ের হার্ডল পেরিয়ে পড়তে হবে একের পর এক শক্ত বাধার সামনে। অর্থাৎ, কোনও লড়াই, কোনও অঙ্কই তখন আর সহজ নয়। একটি মুহূর্তই বদলে দেবে ম্যাচের গতিপথ। ফুটবল তো মুহূর্তেরই খেলা। নব্বই মিনিটের সব লড়াই কখনও কখনও ম্লান হয়ে যায় এমনই কিছু মুহূর্তের কাছে। সেই মুহূর্ত কখনও হাসায়, কখনও কাঁদায়।
আবার সেই এডমন্ড হিলারির কথা। তিনি আর এভারেস্ট–মুখো হননি। কিন্তু পঁয়ত্রিশে শৃঙ্গ জয়ের পর ফের হাজির উনচল্লিশের মেসি। এখনও তিনিই স্বপ্নের ফেরিওলা। এভারেস্টের চূড়ায় তেনজিংয়ের ছবি থাকলেও হিলারির কোনও ছবি ছিল না। কারণ, হিলারি নাকি ছবিতে ধরা দিতে চাননি। ছবিতে মেসিরও তেমন আগ্রহ নেই। কারণ, তিনি জানেন, ছবি অনেকের জীবনে অনেক বিপর্যয় ডেকে আনে। ছবি হারিয়ে যায়, দুর্গম শৃঙ্গে শুধু পদচিহ্নই থেকে যায়।
