স্বরূপ গোস্বামী
খুব ছোটবেলায় শোনা একটা কথা, ক্রিকেট ভদ্রলোকের খেলা। এই কথাটার মানে কী, বুঝে ওঠার মতো বয়স হয়নি। নিজের মতো করে মানে তৈরি করে নিতাম। ফুটবল হাফ প্যান্ট পরে খেলে। আর ক্রিকেট খেলে ফুলপ্যান্ট পরে। এটা একটা কারণ হতে পারে। তার ওপর সাদা জামা, সাদা প্যান্ট। সঙ্গে আবার টুপিও থাকে। কারণটা আরও একটু জোরালো হল। আরও একটা কথা মনের মধ্যে ভিড় করত। পাড়ায়–বেপাড়ায় দেখতাম, ফুটবল যারা খেলছে, তাদের পরিবার বেশ গরিব, জামা–কাপড় তেমন জুৎসই নয়, ছেলেগুলো কিছুটা বখাটে গোছের। আর ক্রিকেট যারা খেলছে, তাদের পরিবার বেশ অন্যরকম। ছেলেগুলোও কেমন যেন অন্যরকম। পড়াশোনায় ভাল, পোশাক–আশাক ভাল, মাঝে মাঝে ইংরাজিও বলে।
এর বাইরে ভদ্রলোকের খেলার সপক্ষে তেমন যুক্তি খুঁজে পাইনি। কলকাতার জীবন আর মফস্বল জীবনের ঢের ফারাক। কলকাতা যখন তিরাশির বিশ্বকাপের স্মৃতির ঢেঁকুর তোলে, মফস্বল সেখানে অনেকটাই পিছিয়ে। তিরাশিতে অধিকাংশ গ্রামে বিদ্যুৎটুকুও পৌঁছয়নি। যেসব মফস্বল বা আধা শহরে পৌঁছেছে, সেখানেও হাতে গোনা কয়েকটা ঘরে টিভি। তাছাড়া তখনও ক্রিকেটের তেমন চল ছিল না। অনেকেই বলত, ব্যাট–বল খেলা। মফস্বল জীবন তিরাশিকে চিনেছে তিরাশির অনেক পরে। সেই জীবনে বিশ্বকাপের অভিষেক বলতে ছিয়াশির মারাদোনা। আর ক্রিকেটের বিশ্বকাপ বলতে, তার ঠিক এক বছর পর, সাতাশি। সেবার ঘরের মাটিতে বিশ্বকাপ। পাড়ায় পাড়ায় টিভি কেনার ধুম। সেই প্রথম টিভি নামক বস্তুটা উচ্চবিত্তের বেড়া টপকে মধ্যবিত্তের বারান্দায় এসে পড়ল। ছাদে টাঙানো অ্যান্টেনা, হাওয়া দিলেই নড়ে যায়। একজন ছুটল ছাদে, এদিক–ওদিক ঘোরাল। অন্যজন নিচ থেকে চিৎকার করল, ‘আরেকটু, আরেকটু। হ্যাঁ, এবার ঠিক আছে।’
সে ছিল এক সাদা–কালো টিভির রঙিন এক ভুবন। সবুজ ঘাস, লাল বল— এসবের আলাদা কোনও অস্তিত্ব ছিল না। টিভির পর্দায় নয়, সব রঙ তখন মনের পর্দায়। ভারত নামে একটা দেশ, যারা আগেরবার বিশ্বকাপ জিতেছে। গাভাসকার, কপিলদেবের মতো খেলোয়াড় আছেন। গাভাসকার নামক বেঁটে লোকটা আবার এর মধ্যেই টেস্ট থেকে অবসর নিয়ে বসে আছেন। বিশ্বকাপটা পেরোলে ওয়ান ডে–কেও গুডবাই জানাবেন। ওদিকে, ওয়েস্ট ইন্ডিজ। দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন। তিরাশিতে নিশ্চিত জয়ের মুখ থেকে ফিরে এসে রানার্স হয়েছে। এবার নিশ্চয় বদলা নেবে! কিন্তু সেই লয়েড নেই। হোল্ডিং, গারনার, রবার্টসরা নেই। মার্শালও নাকি চোটের জন্য খেলবেন না। এমনকী গর্ডন গ্রিনিজও নেই। তবু দলটার নাম তো ওয়েস্ট ইন্ডিজ। আগেরবার হারের যন্ত্রণা। তারা কি এমনি এমনি ছেড়ে দেবে!
কিন্তু ভারত আর ওয়েস্ট ইন্ডিজ পড়ল আলাদা আলাদা গ্রুপে। ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জিম্বাবোয়ে। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজের গ্রুপে পাকিস্তান, ইংল্যান্ড, শ্রীলঙ্কা। প্রাক–কিশোর মন তখন হিসেব কষেই চলেছে, ওদিক থেকে ওয়েস্ট ইডিজ তো এক নম্বরে থাকবে। এদিকে, ভারত দু’নম্বরে থাকলেই মুশকিল। সেমিফাইনালেই বিদায়। ভারত যেন এক নম্বরেই থাকে। তাহলে, অন্তত সেমিফাইনালে ক্যারিবিয়ানদের সামনে পড়তে হবে না। ভারত শুরুই করল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার দিয়ে। তাও আবার মাত্র এক রানে। মনিন্দার সিংটা যা তা। বাপু, আর দুটো রান করতে পারলি না! ওদিকে, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে জাস্ট উড়িয়ে দিল। ভিভ রিচার্ডস কিনা ১৮১ করে দিল! আমাদের কপিলের সাধের ১৭৫ এর রেকর্ড ভেঙে চুরমার। এত নির্দয়ভাবে কেউ মারে! আহা, শ্রীলঙ্কা বলে কি মানুষ নয়! ওরাও তো খেলতে এসেছে। লোকটা মনের সুখে চুইং গাম চিবোচ্ছে, আর দুমদাম ছয় মারছে। আবার ব্যাট ঘোরাতে ঘোরাতে চুইং গাম চিবোচ্ছে। কাগজে একটা ছড়া পড়লাম—
‘ব্যাট হাতে মাঠে যখন
খেলতে নামেন ভিভ,
স্বর্গ মর্ত্য কাঁপে তখন
কাঁপেন বাবা শিব।’
ছড়াটা নিমেশে মুখস্থ হয়ে গেল। বহুদিন যেখানে–সেখানে, কারণে–অকারণে আউড়ে ছিলাম। এত বছর পরেও দিব্যি মনে আছে। মনে আছে, ভিভ–সংহারের সেই বিকেলে বেশ কয়েক প্যাকেট চুইং গাম কিনে ফেললাম। পকেটে রাখতাম। ব্যাট করতে নামলেই পকেট থেকে বের করে চিবোতাম। যদি রিচার্ডসের মতো দু–একটা ছয়–টয় মারা যায়।
একদিকে চাইছি ওয়েস্ট ইন্ডিজ জিতুক। আরেকদিকে চাইছি, ভারতকে যেন ওয়েস্ট ইন্ডিজের সামনে পড়তে না হয়। প্রাক কৈশোরে এমন দ্বৈতসত্তার ধকল নেওয়া যায়! এমন দু’নৌকোয় পা রেখে চলা যায়! পরণে হাফ প্যান্ট, গোঁফ তো দূরের কথা, গোঁফের রেখাও যেন আলোকবর্ষ দূরে। অথচ, বড়দের আলোচনায় কীভাবে ঢুকে পড়ছি। অনেকটা সেই ‘গাঁয়ে মানে না, আপনি মোড়ল’ এর মতো। মুরুব্বিদের মতো মতামত দিচ্ছি। ব্যাটিং অর্ডার কী হওয়া উচিত, কাকে কোথায় ফিল্ডিংয়ে রাখা উচিত, মাঝের ওভারে কাকে দিয়ে বল করানো উচিত, এসব বিষয়ে কী অবলীলায় জ্ঞান বিতরণ করছি! ভাবখানা এমন, কপিল কিছুই বোঝে না। ও বিশ্বকাপ জিততে পারে, কিন্তু বুদ্ধিসুদ্ধি কিছু নেই। আমার কথা শুনলেই আরেকবার বিশ্বকাপ পাওয়া নিশ্চিত।
বিশ্বকাপ এগোলো নিজের নিয়মে। এবার আসি সেই ম্যাচে। লাহোরে, পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ। জিতলেই সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাওয়ার হাতছানি। শুরুতে ওয়েস্ট ইন্ডিজ তুলল ২১৬। কে কত করলেন, তা অবান্তর। পাকিস্তান শুরুটা করেছিল ভালই। কিন্তু কোর্টনি ওয়ালসের একটা ঝটকায় ফের বেকায়দায়। লাস্ট ওভারে পাকিস্তানের দরকার ১৪ রান। ওদিকে, তার আগে পর্যন্ত ওয়ালসের বোলিং ফিগার ৯–০–২৬–৪। যে যতই রান করুক, যেভাবে ম্যাচে ফিরিয়ে আনলেন, ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটা এই লোকটারই প্রাপ্য। ব্যাট করছেন আব্দুল কাদির আর সেলিম জাফর। পাঁচ বলের বর্ণনা থাক। শেষ বলে দরকার ২ রান।
বল করতে আসছেন ওয়ালস। ব্যাট করছেন কাদির। আর নন স্ট্রাইকিং এন্ডে সেলিম জাফর। ওয়ালস সবে আম্পায়ারের কাছে এসেছেন। দেখা গেল, জাফর আগেই ছোটা শুরু করে দিয়েছেন। ওয়ালস চাইলেই উইকেটে বল ছোঁয়াতে পারতেন। তাহলেই জাফর আউট। তাহলেই ওয়েস্ট ইন্ডিজ জয়ী। কিন্তু ওয়ালস কী করলেন! থমকে দাঁড়িয়ে গেলেন। না, উইকেটে বল ছোঁয়ানোর কোনও চেষ্টাই করলেন না। বরং, বিবেকানন্দের ভঙ্গিমায় দুই হাত গুটিয়ে দাঁড়িয়ে গেলেন। জাফর ধরেই নিয়েছেন, তাঁকে আউট করা হবে। ফেরার চেষ্টাই করলেন না। কিন্তু ওয়ালসও যেন ঠিক করেই নিয়েছেন, এভাবে তিনি জাফরকে আউট করবেন না। অবশেষে জাফর ফিরে এলেন। আর ওয়ালস শান্ত পায়ে চললেন বোলিং মার্কের দিকে।
পরের বলটায় কী হল? ওয়ালস বল করতে এলেন। কাদির সপাটে ব্যাট চালালেন। বল চলল বাউন্ডারির দিকে। একদিকে, কাদির–জাফররা ব্যাট তুলে বিজয়ের উল্লাস করতে করতে ছুটে আসছেন। অন্যদিকে, ওয়ালস মাথা নত করে দাঁড়িয়ে আছেন। ভিভ রিচার্ডস মাটিতে সেই যে চিৎ হয়ে শুয়ে পড়লেন, ওভাবেই থেকে গেলেন দীর্ঘক্ষণ। দৃশ্যটা বড়ই প্রতীকী। ওয়েস্ট ইন্ডিজ যেন ভূপতিত। অঙ্ক বলছে, ওই ম্যাচটা জিতলে দুবারের চ্যাম্পিয়ন, একবারের রানার্স ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ লিগ থেকে বিদায় নিতে হত না।
কী হল, বুঝে উঠতেই যেন অনেকটা সময় চলে গেল। ওয়ালস এটা কী করলেন! এই মহত্ব না দেখিয়ে বলটা উইকেটে ছোঁয়ালেই তো জয় নিশ্চিত। তারপরেও ওইভাবে বিবেকানন্দের মতো দাঁড়িয়ে রইলেন! সেই প্রথম বুঝলাম, ভদ্রলোক কাকে বলে। সেই প্রথম অনুভব করলাম, কেন ক্রিকেট ভদ্রলোকের খেলা।
ওয়েস্ট ইন্ডিজ নামটা উচ্চারিত হলেই পুরনোরা বলেন সোবার্স–কানহাইদের কথা। তার পরের প্রজন্ম বলে, লয়েড–রিচার্ডসদের কথা। তারও পরের প্রজন্ম বলে ব্রায়ান লারার কথা। আর জোরে বোলিংয়ের কথা উঠলে! ওয়েসলি হল থেকে হোল্ডিং, গারনার, রবার্টস, মার্শালদের কথা। তারও পরের প্রজন্ম বললে উঠে আসে অ্যামব্রোজ, ইয়ান বিশপদের কথা। ওয়ালসের কথা সেভাবে উঠেও আসে না। কিন্তু ক্রিকেটীয় কীর্তির বিচারে কী করে ভুলবেন এই নামটা?
টেস্টে সবার আগে কে দশ হাজার রানের মাইলস্টোনে পৌঁছেছেন? উত্তরটা সবার জানা, সুনীল গাভাসকার। ঠিক তেমনই, টেস্টে কোন বোলার প্রথম পাঁচশো উইকেটের মাইলস্টোন পেরিয়েছেন? এই উত্তরটা উহ্যই থেকে যায়। নামটা হল, কোর্টনি ওয়ালস। গাভাসকার যেমন সর্বোচ্চ রানের মালিক ছিলেন, তেমনই কপিলকে টপকে, পাঁচশো উইকেটের মাইলস্টোন টপকে দীর্ঘদিন সর্বাধিক উইকেটেরও মালিক ছিলেন এই ওয়ালসই। ওই দ্বীপপুঞ্জ থেকে একের পর এক দিকপাল ফার্স্ট বোলার এসেছেন। কেউ তো একশো টেস্ট খেলেননি। কেউ তো দেশকে নেতৃত্ব দেননি। ওয়ান ডে–তে একবার নিয়েছিলেন ১ রানে ৫ উইকেট। এত কম রানে এত বেশি উইকেট! এও কি সম্ভব? মুড়ি মুড়কির মতো রেকর্ডের এই জমানাতেও সেই রেকর্ড এখনও অটুট।
তারপরেও ওয়ালস যেন বড়ই দুয়োরানি। আসলে, তাঁর বিষাক্ত বাউন্সারে রক্তাক্ত হয়ে ব্যাটসম্যানদের সেভাবে হাসপাতালে যেতে হয়নি। অন্যদের গতিকে যেভাবে ব্যাটসম্যানরা ভয় পেয়েছেন, সেই ভীতিটা হয়ত তাঁর বোলিংয়ে ছিল না। ভয়ঙ্কর অঙ্গভঙ্গি বা ব্যাটসম্যানদের দিকে তেড়ে আসার আগ্রাসী মেজাজটাও ছিল না। চোখ দুটো মোটেই আগুন ঝরানো নয়, অদ্ভুত এক মায়াবি দৃষ্টি। যেন মগ্ন এক সন্ন্যাসী। ছন্দোবদ্ধ সেই ছুটে আসা, নিখুঁত নিয়ন্ত্রণ আর আলতো সুইং। জোরে বোলিং অথচ ধ্রুপদী ঘরানা। বিতর্ক থেকে হাজার মাইল দূরে। সেই কারণেই হয়ত প্রচারের আলো থেকে অনেকটা দূরেই থেকেছেন।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ নেই! নিশ্চিতভাবেই বড় একটা অঘটন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ বলতেই যে তারকাদের নাম ভেসে উঠছে, সেই লিজেন্ড বা মহাতারকাদের তালিকায় ভুলেও কেউ ওয়ালসের নাম করছেন না। অথচ, কী করে ভুলব সাতাশির সেই কয়েক সেকেন্ডের ছোট্ট মুহূর্তটা! হ্যাঁ, সেও এক ওয়েস্ট ইন্ডিজ। সেই মুহূর্তটাই চিনিয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ শুধু ভয়ঙ্কর নয়, সৌজন্যেরও প্রতীক। সেই মুহূর্তটাই বুঝিয়েছিল, কেন ক্রিকেট ভদ্রলোকের খেলা।
