স্বরূপ গোস্বামী
মেসি কোথায় খেলবেন? কত ডলার নেবেন? সেই দর কে ঠিক করেন? মেসি নিজে। সেই অঙ্ক শুনে কোনও ক্লাব আগ্রহ দেখাতে পারে, আবার নাও দেখাতে পারে।
আবার সেই কোনও ক্লাব হয়ত আগ্রহ দেখাল, কিন্তু মেসির মনে হল, এই ক্লাবের পরিবেশ ভাল নয়। তার থেকে বরং কিছুটা কম টাকায় অন্য কোথাও সই করব।
মেসি–রোনাল্ডোদের সেই স্বাধীনতা আছে। কিন্তু আইপিএল নিলামে সেটা নেই। বাপু, তুমি কোথায় খেলবে, কত টাকা নেবে, তুমি ঠিক করার কেউ নও। ঠিক করবে তারা, যাঁরা নিলামের টেবিলে বসে আছেন। যাঁদের অধিকাংশই কখনও ব্যাট বা বল ছুঁয়েও দেখেননি। তুমি একশো টেস্ট খেলেছো, আরেকজন হয়ত দেশের হয়ে একটা ম্যাচও খেলেনি। কিন্তু সে বিকিয়ে যাবে দশ কোটিতে। অথচ, তোমাকে কেনার জন্য কেউ হাত তুলবে না। তোমার নামটা উঠলে সবাই এমন ভান করবে, যেন তারা তোমার নামটা এই প্রথম শুনল।
মিনি নিলামকে ঘিরেই এই। না জানি মেগা নিলামকে ঘিরে কী হতে পারত! ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। অথচ, তার নিলাম কিনা দুবাইয়ে। সেখানেই উড়ে যেতে হবে সব ফ্র্যাঞ্চাইজির লোকেদের। এমনিতেই এবারের মিনি নিলাম ছিল বেলাশেষের ভাঙা হাট। যাঁদের কোনও দল জোটেনি, বা যাঁদের বিভিন্ন দল নানা কারণে ছেঁটে ফেলেছে, সেই তাঁদের কেনাকাটার আয়োজন।
কার কেমন দর চড়তে পারে! কদিন ধরেই নানা জল্পনা ঘুরে বেড়াচ্ছিল। কোনওটা মিলল। আবার কোনও ভবিষ্যদ্বাণী হয়তো ধারপাশ দিয়েও গেল না। যেমন, রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের এই তরুণ এবার বিশ্বকাপে দারুণ সাড়া ফেলেছিলেন। অনেকেই ধরে নিয়েছিলেন, এবার তিনিই বড় চমক হতে চলেছেন। হয়তো সবাইকে ছাপিয়ে যাবেন। তাঁকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যাবে। ক্রিকেট জনতা ভাবে এক, আর ফ্র্যাঞ্চাইজি মাথারা ভাবেন অন্যকিছু। তাঁর দর কিনা ২ কোটিও উঠল না! ১.৮ কোটিতে চেন্নাই যখন তাঁকে তুলে নিচ্ছে, আর কোনও হাতই উঠল না! ট্রাভিস হেড। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের সেরা ক্রিকেটার। তাঁর দর অন্তত দশ কোটি ছাপিয়ে যাওয়ার কথা। কিন্তু তাঁর দর উঠল কিনা মাত্র ৬.৮ কোটি! মাত্রই বলতে হবে। কারণ, এমন এমন ক্রিকেটার আট কোটি–দশ কোটি পেয়ে গেলেন, এই নিলামের আগে যাঁদের নামটাই অনেকে শোনেননি। যেমন, সমীর রিজভি। দেশের হয়ে খেলা তো দূরে থাক, নির্বাচনী র্যাডারের ত্রিসীমানাতেও নামটা কখনও উঠে আসেনি। তাঁর দর কিনা উঠে গেল ৮.৪ কোটি।
প্যাট কামিন্স বিশ্বজয়ী অধিনায়ক বলে কথা। বছর চারেক আগের নিলামেও তাঁর দর পনেরো কোটি ছাপিয়ে গিয়েছিল। তাই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে তাঁর দর বেড়ে কুড়ি কোটি (২০.৫) ছাপিয়ে যেতেই পারে। খুব একটা অবাক করার মতো অঙ্ক নয়। মিচেল স্টার্ককে তারকা না বলে উপায় নেই। বুড়ো কব্জির ভেল্কি দেখিয়ে এবারের বিশ্বকাপেও নিয়েছেন ১৬টি উইকেট। কিন্তু আইপিএলে তাঁর পারফরমেন্স মোটেই বলার মতো নয়। ২০১৪, ১৫ তে নিয়েছিল আরসিবি। পরিসংখ্যান বলছে, আইপিএলে সেটাই তাঁর শেষ মাঠে নামা। ২০১৮ তে ঘটা করে নিয়েছিল কলকাতা (সেবার দর ছিল ৯.৪ কোটি)। কিন্তু এতটাই চোটপ্রবণ যে, সেবার মাঠে নামতেই পারেননি। তারপর আর এমুখো হননি। হঠাৎ, তাঁর জন্য ঝুলি থেকে সব টাকা বের করে কেকেআর এমনভাবে হামলে পড়বে, সত্যিই ভাবা যায়নি। হাতে ছিল মোট ৩১ কোটি টাকার মতো। শুধুমাত্র এই বাঁ হাতি জোরে বোলারের পেছনেই পঁচিশ কোটি (২৪.৭৫) খরচা করে ফেলল কলকাতা! অবশ্য গতবারের দল থেকে এক এক করে টিম সাউদি, লকি ফার্গুসন, উমেশ যাদবের মতো বোলারদের ছেঁটে ফেলেছিল কলকাতা। হর্ষিত রানা, বৈভব আরোরাদের নিয়ে যুদ্ধে জেতা যায়! তাই বড় একটা নামের পেছনে ঝাঁপানো ছাড়া উপায়ও ছিল না। তাই নিলামের শুরু থেকে ঘাপটি মেরে বসে থেকে শেষবেলায় পড়িমড়ি করে ঝাঁপিয়ে স্টার্ককে তুলে নেওয়া। মাস্টারস্ট্রোক নাকি আত্মহনহন, সে ভবিষৎ বলবে।
পুনশ্চ: নিলামে বাংলা থেকে ছিল ৯ জনের নাম। সেইসব নাম ডাকা হল। কেউ ফিরেও তাকালেন না। সবাই ‘আনসোল্ড’ই থেকে গেলেন। এমনকী, তাকাল না কলকাতাও। কী জানি, যাঁরা নিলামে বসেছিলেন, তাঁরা হয়ত নামগুলো প্রথমবার শুনলেন। অথবা, এক কান দিয়ে শুনলেন, কিন্তু মেমোরি কার্ডে জায়গা নেই বলে অন্য কান দিয়ে বেরিয়ে গেল।
