স্বরূপ গোস্বামী
একটা দল বিশ্বকাপে। অন্য দল এশিয়াডে। কোনদিকে থাকবে আমজনতার নজর? কোনদিকে থাকবে মিডিয়ার ফোকাস? প্রশ্নগুলো সহজ, আর উত্তরও তো জানা। তাই এশিয়ান গেমসে ক্রিকেটের প্রথম সোনা তেমন আমল পেল না।
মেয়েদের টুর্নামেন্ট আগেই শেষ হয়ে গেছে। তখনও বিশ্বকাপের দামামা সেভাবে বেজে ওঠেনি। তাই হরমনপ্রীত কাউর–স্মৃতি মানধানাদের সোনাজয়ের খবর তবু অনেকে জেনেছেন। ফাইনালে বাংলার মেয়ে তিতাস সাধুর দুরন্ত পারফরমেন্সে (৬ রানে ৩ উইকেট) তবু কিছুটা আলো পড়েছে। কিন্তু ছেলেদের ক্রিকেটে ভারত কোন পর্বে কাকে হারাল, কে কত রান করলেন, সেগুলো আড়ালেই থেকে গেল। ফাইনাল তো হলই না। একটা ইনিংসও শেষ হল না। অমনি ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। এশিয়াডের ফাইনাল, কিন্তু তার কোনও ‘রিজার্ভ ডে’ নেই! র্যাঙ্কিংয়ে যারা এগিয়ে থাকবে, তারাই জিতবে। ফাইনালেও এই নিয়ম। ফলে, ভারত কার্যত ওয়াকওভার পেল, এমনটাই বলা যায়।
এশিয়ান গেমসে ক্রিকেট এই প্রথম নয়। আগেও দু’বার হয়েছে। ২০১০ এ হয়েছে। ২০১৪–তেও হয়েছে। ছেলেদের বিভাগেও হয়েছে, মেয়েদের বিভাগেও হয়েছে। ছেলেদের বিভাগে একবার চ্যাম্পিয়ন আফগানিস্তান, একবার শ্রীলঙ্কা। আর মেয়েদের বিভাগে দু’বারই পাকিস্তান। আসলে, দু’বারই ভারত অংশ নেয়নি। তাই ভারতীয়দের এই নিয়ে তেমন মাথাব্যথাও ছিল না। এবার ভারত দল পাঠাল। দুটোতেই সোনাও পেল। কিন্তু তারপরও সেই আলোড়ন তৈরি হল না। বরং, সেমিফাইনালে ছিটকে গেলেও বাজিমাত করে গেল নেপাল। এমনিতেই নেপালের ক্রিকেটকে আমরা ধর্তব্যের মধ্যে আনি না। সেই নেপাল সামনে পেয়েছিল ততোধিক দুর্বল মঙ্গোলিয়াকে। একেবারে রেকর্ডের ফুলঝুরি ছুটে গেল একটা ম্যাচেই। সর্বাধিক রান, সর্বাধিক ব্যবধানে জয়, দ্রুততম শতরান, দ্রুততম অর্ধশতরান, সবথেকে বেশি ছাক্কা। পাঁচ দশকের বেশি সময় ধরে চলছে একদিনের ক্রিকেট। নানা রেকর্ড নানা দেশে ছড়িয়ে। এক লহমায় একটি ম্যাচে নেপাল যেন তুড়ি মেরে হাফডজনের ওপর রেকর্ড করে বসল! সেদিক থেকে এবারের এশিয়াডের যদি কেউ ছাপ ফেলে থাকে, তা হল পড়শি মুলুক নেপাল। কুলীন দেশগুলো নামল সরাসরি কোয়ার্টার ফাইনাল থেকে। এবার থেকে হয়ত এইসব দেশ দাবি তুলবে, আমরাও শুরু থেকেই খেলব। আমাদেরও দুর্বল প্রতিপক্ষ চাই। আমাদেরও কিছু রেকর্ড করার সুযোগ দেওয়া হোক।
এশিয়ান গেমসে তাহলে প্রাপ্তি কী? বড় প্রাপ্তি হল, আরও কিছু দেশে ক্রিকেটের আলো পৌঁছে গেল। আর এই এশিয়ান গেমসকে সিঁড়ি করেই এবার অলিম্পিকের আসরেও ঢুকে পড়তে চলেছে ক্রিকেট। ২০২৮ এর লস এঞ্জেলেসে ক্রিকেটের অন্তর্ভূক্তি একরকম নিশ্চিত। ক্রিকেট বিশ্বায়নের আরও একটা নতুন দরজা খুলে যাচ্ছে। আর সেই মহাযজ্ঞের পুরোহিতও সেই ভারত।
