স্বরূপ গোস্বামী
ফাইনালে তিনি যখন আউট হয়ে ফিরে আসছেন, তখনও বাকি ২৯ বল। আর সেমিফাইনালে যখন তাঁর ইনিংস থামল, তখন বাকি ৪১ বল। দু’বারই তাঁর রান ৮৯। অর্থাৎ, শতরান থেকে মাত্র ১১ রান দূরে।
পরে ব্যাট করলে না হয় রান তাড়া করার ব্যাপার থাকে। আগে ব্যাট করলে তো আর সারাক্ষণ অঙ্কের ভূত তাড়া করে না। এত বল বাকি। দলও ভাল জায়গায়। তাহলে, একটু সময় নিয়ে, একটু সতর্ক থেকে ১১ রান তোলাই যেত। বিশ্বকাপের সেমিফাইনাল বা ফাইনালে শতরান করতে কে না চায়!
এবার তো না হয় ১১ রান বাকি। কিন্তু তার আগের ম্যাচে, অর্থাৎ সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে মরণ–বাঁচন ম্যাচে তো সেঞ্চুরি আর ৩ রান দূরে ছিল। সেই ম্যাচেও চাইলেই হয়তো সেঞ্চুরি করতে পারতেন। কিন্তু কখনও তিলক ভার্মাকে, কখনও হার্দিক পান্ডিয়াকে, কখনও শিবম দুবেকে ক্রমাগত স্ট্রাইক দিয়ে গেলেন। নিজে দাঁড়িয়ে রইলেন নন স্ট্রাইকিং এন্ডে। অপরাজিত রইলেন ৯৭ রানে।
পরপর তিন ম্যাচে যিনি এভাবে শতরান হাতছাড়া করেন, তাঁকে কী বলা যায়! কেউ বলতে পারেন, নির্বোধ। কেউ বলতে পারেন, হঠকারী। কেউ বলতে পারেন, অপরিণামদর্শী। কেউ বলতে পারেন, নিজের ভাল পাগলেও বোঝে, কিন্তু এই লোকটা বোঝে না।
এই ‘নির্বোধ’ সঞ্জু স্যামসনের হাতেই কিনা উঠল ম্যান অফ দ্য টুর্নামেন্ট, অর্থাৎ বিশ্বকাপের সেরা ক্রিকেটারের স্বীকৃতি। ‘পোয়েটিক জাস্টিস’ শব্দবন্ধটা এই কারণেই এত বর্ণময়। জীবনের নানা বাঁকে সে ঠিক হাজির হয়ে যায়।
কথায় আছে, প্রদীপের তলাতেই জমে থাকে অন্ধকার। ঠিক তেমনই, ব্যাটসম্যানের পিছনেই থাকে উইকেট কিপার। তাঁর জীবনেও অন্ধকার কম নয়। দলে পাঁচ–ছয় জন বোলার। পাঁচ–ছয় জন ব্যাটসম্যান। এসবের মাঝে ‘অলরাউন্ডার’ও দু–তিন জনের জায়গা হয়েই যায়। কিন্তু ‘উইকেট কিপার’ এমনই একটি পোস্ট, যেখানে শূন্যপদ মাত্র ১। আপনি যদি দ্বিতীয় উইকেটকিপার হয়ে থাকেন, মাঠের বাইরে দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আপনার কিছুই করার নেই। যে লোকটি এক নম্বর উইকেট কিপার, তাঁকে হয় চোট পেতে হবে, নইলে লাগাতার ব্যর্থ হতে হবে। তবেই আপনার দরজা খুলবে। অথবা দেখা গেল, প্রথমজন ব্যর্থ হলেন বা চোট পেলেন। কোত্থেকে তৃতীয় জন উড়ে এসে জুড়ে বসে গেলেন। আপনি তখনও সেই হতভাগ্য ‘দ্বিতীয়’ হয়েই থেকে গেলেন। ভারতীয় ক্রিকেটে এমন উদাহরণ অসংখ্য।
অবশ্য, যত দিন যাচ্ছে, উইকেট কিপারের সংজ্ঞাও বদলে যাচ্ছে। আগে বলা হত, শুধু ভাল উইকেট কিপিং করলেই হবে না, ব্যাটের হাতটাও ভাল হতে হবে। সেই ফর্মুলাও এখন বিলাসিতা। এখন দরকার মূলত ব্যাটসম্যান, যে একটু উইকেট কিপিংটাও সামলে দিতে পারে। অর্থাৎ, আলাদা করে উইকেট কিপারের জন্য শূন্যপদ থাকছে না। এই প্রবণতা হাল আমলে শুরু হয়েছে, এমনও নয়। মনে করুন ২০০৩ বিশ্বকাপের কথা। রাহুল দ্রাবিড়ের মতো ব্যাটসম্যানকে বুঝিয়ে দেওয়া হল, এই দলে তোমার জায়গা হবে, যদি সঙ্গে উইকেট কিপিংটাও সামলে দিতে পারো। সারা টুর্নামেন্ট জুড়েই রাহুলকে তেতো বড়ি গেলার মতোই দস্তানা হাতে উইকেটের পিছনে দাঁড়াতে হয়েছে। আর বেচারা পার্থিব প্যাটেল সব ম্যাচেই বাইরে বসে দীর্ঘশ্বাস ফেলেছেন।
যাঁর কথা দিয়ে লেখা শুরু, সেই সঞ্জু স্যামসনের জীবনেও এমন দীর্ঘশ্বাস রয়েছে। ২০২৪ টি২০ বিশ্বকাপ। সব ম্যাচেই দস্তানা হাতে উইকেটের পিছনে ঋষভ পন্থ। একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ হয়নি সঞ্জুর। বার্বাডোজে চ্যাম্পিয়ন হওয়ার পর বাকিদের সঙ্গে তাঁকেও ভাংড়া নাচতে হয়েছে। বাড়িতে বিশ্ব চ্যাম্পিয়নের মেডেল আছে। কিন্তু একটি ম্যাচেও না খেলার দীর্ঘশ্বাসও আছে।
ক্রিক ইনফোর পরিসংখ্যান বলছেন, ২০২৪ এর সেই ফাইনালের পর দেশের জার্সি গায়ে ঋষভ পন্থ আর মাত্র দুটি টি২০ ম্যাচ খেলেছেন। তারপর থেকে তিনিও কার্যত বাতিলের দলে। দরজা খুলল সঞ্জুর। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি। টি২০ ঘরানায় এই রেকর্ড আর কোনও ব্যাটসম্যানেরই নেই। ঠিক সাতদিন পরেই এসে গেল আরও একটি সেঞ্চুরি। এত দ্রুত তিন সেঞ্চুরি! এই রেকর্ডও কারও নেই। এমনকী একবছরে তিন সেঞ্চুরির রেকর্ডও নেই।
কিন্তু তারপরও ছিটকে যেতে হয়েছে। যত না উইকেট কিপিংয়ের কারণে, তার থেকেও বেশি ব্যাটিং কম্বিনেশনের কারণে। নির্বাচকদের মনে হল, টেস্ট ও একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিলকে টি২০–তে সহ অধিনায়ক করা দরকার। তাই করা হল। শুধু তো তাই নয়, তাঁকে এবার ওপেনিংয়েও পাঠাতে হবে। অর্থাৎ, অভিষেক শর্মার সঙ্গী ওপেনার শুভমান গিল। তিনে তিলক, চারে সূর্যকুমার। মিডল অর্ডারে ‘নো ভ্যাকেন্সি’। উইকেট কিপিং করানো হল জিতেশ শর্মাকে দিয়ে। সঞ্জুর জায়গা নেই। শুভমান গিল যদি চূড়ান্ত ব্যর্থ না হতেন, বিশ্বকাপের দলে তিনিই থাকতেন। সঞ্জুর জায়গাই হত না। অর্থাৎ, শুভমানের লাগাতার ব্যর্থতাই সঞ্জুর দরজা খুলে দিল।
কিন্তু এরপরও সঞ্জু ‘অটোমেটিক চয়েস’ ছিলেন, এমন নয়। দীর্ঘদিন পর দলে ফেরানো হল ঈশান কিষাণকে। তিনি একদিকে যেমন ওপেন করেন, অন্যদিকে উইকেট কিপিংও করেন। অর্থাৎ, এক ঢিলে দুই পাখি। গ্রুপ লিগের চার ম্যাচের মধ্যে একটিতেই ঠাঁই হয়েছিল সঞ্জুর (যে ম্যাচে অভিষেক অসুস্থ হয়ে খেলতে পারেননি)। অভিষেক ফিরতেই সঞ্জু ফের রিজার্ভ বেঞ্চে। হয়তো এই কম্বিনেশনটাই থেকে যেত। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর মনে হল, সঞ্জুকে শুরুতে পাঠিয়ে ঈশানকে তিনে আনা যেতে পারে। শেষ তিন ম্যাচে কী হল, তা তো ইতিহাস।
ইডেনে অপরাজিত ৯৭, মুম্বইয়ে ৮৯, আমেদাবাদেও ৮৯। পরপর তিনটি ম্যাচ জেতানো ইনিংস। পরপর তিনটি শতরান হাতছাড়া। আচ্ছা, এই তিনটি ইনিংসের মধ্যে একটি বা দুটি ম্যাচে কি শতরান পেতে পারতেন না? মোটেই কঠিন ছিল না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিলক ভার্মা বা শিবম দুবেরা পেটাচ্ছেন, তখন তিনিও একটু হাত চালালেই শতরান এসে যেত। আসলে, তিনি তখন অন্যদের স্ট্রাইক দিয়ে চলেছিলেন। নিজের শতরানের কথা ভাবেননি। ইংল্যান্ডের বিরুদ্ধে ৮৯, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সেই ৮৯। দু’বারই তখনও অনেক ওভার বাকি। একটু সতর্ক থাকলেই শতরান আসতেই পারত। কিন্তু এই দু’বারও শতরান কার্যত মাঠেই রেখে এসেছেন।
গম্ভীর মশাই প্রকাশ্যেই জানিয়ে দিচ্ছেন, ৯৬ থেকে ১০০ করতে গিয়ে যদি চারটি বল নষ্ট করো, তাহলে তোমার জায়গা নেই। সেই শতরানের কোনও মূল্য নেই। তার থেকে তুমি ৯৬ রানে আউট হয়ে ফিরে এসো। অনেক বেশি সম্মান তোমার জন্য অপেক্ষা করছে। ফাইনালের পর গম্ভীর যেটা প্রেস কনফারেন্সে বললেন, সাজঘরে নিশ্চয় অনেকবার বলেছেন। কার্যত মাথায় ঢুকিয়ে ছেড়েছেন। হয়তো সেই কারণেই সঞ্জু শতরানের পিছনে ছোটেননি। নব্বইয়ের দোরগোড়ায় দাঁড়িয়েও বেপরোয়া হয়ে ব্যাট চালিয়েছেন, বাউন্ডারি লাইনে ধরা দিয়েছেন। বুঝেছেন সতর্কতা নয়, বেপরোয়া ব্যাটিংই চাইছে দল। শতরান হাতছাড়া হলে ক্ষতি নেই, বরং সতর্ক হয়ে শতরান করতে গেলে গম্ভীরবাবু আরও গম্ভীর হয়ে যেতে পারেন।
জীবন বড় বিচিত্র বাঁকে এনে দাঁড় করায়। যেখানে পরিসংখ্যান নয়, পরিস্থিতিই বড় হয়ে ওঠে। এই সঞ্জুই তো বছর দেড়েক আগে ৬ ম্যাচের মধ্যে ৩টি শতরান করেছিলেন। যা আজও রেকর্ড। আবার সেই সঞ্জুই পরপর তিন ম্যাচে শতরান মাঠে রেখে এসেছেন। একদিকে তিন শতরান হাঁকানো সঞ্জু, অন্যদিকে তিন শতরান হারানো সঞ্জু। দাঁড়িপাল্লার দুই দিকে দু’জন মানুষ। কোন পাল্লাটা ভারী? যিনি শুধু স্কোরবোর্ড দেখে মাপতে বসবেন, তাঁর কাছে প্রথমটা। আর যিনি স্কোরবোর্ডের তুচ্ছ পরিসংখ্যানে না তাকিয়ে মহাকালের ক্যানভাসে তাকাবেন, তাঁর কাছে দ্বিতীয়টা। পাওয়ার চেয়েও বোধ হয় হারানোর আনন্দ বেশি।
শতরান হাঁকানো ইনিংসগুলো হয়তো তলিয়ে যাবে বিস্মৃতির অতলে। কিন্তু শতরান হারানো তিনটি ইনিংসই এনে দিতে পারে অমরত্বের ঠিকানা।
নেভিল কার্ডাস, ফের একবার আপনাকে কুর্নিশ। সেই কত যুগ আগে কী খাঁটি কথাটাই না লিখেছিলেন! সঞ্জু নন, আসলে স্কোরবোর্ডই বড় নির্বোধ, বড় বেরসিক।
