ফিরে আসারনতুন উপাখ্যান

স্বরূপ গোস্বামী

তখনও আইপিএল শুরু হতে ঢের দেরি। হঠাৎ সৌরভ গাঙ্গুলি বলে বসলেন, ‘‌এবার ঋষভই নেতত্ব দেবে। সবকিছু ঠিকঠাক থাকলে বিশ্বকাপের দলে ওকে ভাবাই যায়।’‌
কিছুটা বাড়াবাড়িই মনে হয়েছিল। প্রায় দেড় বছর যিনি মাঠের বাইরে, যিনি এখনও একটা ম্যাচও খেলেননি, তাঁর সম্পর্কে এতবড় একটা কথা বলে দেওয়া যায়!‌ নেতৃত্ব দেবেন!‌ বিশ্বকাপের দলে ফিরবেন!‌ উৎসাহ দেওয়ার জন্য অনেককিছু বলতে হয়। তাই বলে এতটা!‌ তিনি সৌরভ গাঙ্গুলি। দেশের সফলতম অধিনায়কদের একজন। বছর দেড়েক আগেও ছিলেন বোর্ড সভাপতি। তিনি প্রকাশ্যে এমনটা বলে দিলেন! এমন আলটপকা মন্তব্য তাঁকে মানায়!‌ এসব বেয়াড়া প্রশ্নগুলো যে উঁকি মারেনি, এমন নয়।‌
আসলে, ঘুরে দাঁড়ানোর লড়াইটা কেমন, তিনি জানেন। ‘‌এভাবেও ফিরে আসা যায়’ বাংলা ব্যান্ডের প্রচলিত গানটা যেন তাঁর থিমসং। তিনি জানেন, স্বমহিমায় ফিরে আসতে গেলে কীভাবে দাঁতে দাঁত চেপে লড়তে হয়। ঋষভ পন্থকে নেটে ব্যাট করতে দেখেননি ঠিকই, কিন্তু ফিরে আসার এই তীব্র মনের জেদটা দেখেছিলেন।  ‌‌
ক্রিকেটে চোট ব্যতিক্রমী ঘটনা নয়। সেই চোটের জন্য অনেককে যেমন অকালেই ‘‌প্রাক্তন’‌ হতে হয়েছে, তেমনই অনেকে ফিরেও এসেছেন। কিন্তু ঋষভ পন্থ যে ভয়াবহ দুর্ঘটনা শিকার হয়েছিলেন, সেখান থেকে বেঁচে ফেরাই একরকম মিরাক্যাল। ক্রিকেট মাঠে ফেরা মিরাক্যালতর। আগের মতো দুরন্ত ছন্দে ফেরা যেন মিরাক্যালতম।
এই সংশয় কি ঋষভকেও তাড়া করনি!‌ একদিকে সতীর্থরা বিশ্বকাপে খেলছেন। অন্যদিকে, বেঙ্গালুরুর এনসিএ–‌তে তিনি দাঁতে দাঁত চেপে লড়াই করছেন। কখনও হুইলচেয়ারে বসে। কখনও ক্রাচ নিয়ে হাঁটি হাঁটি পা পা। লোকে ভুলে যাচ্ছে না তো!‌ সবাই নানাভাবে প্রাসঙ্গিক থাকতে চায়। নানা মুহূর্তের ছবি শেয়ার করতে চায়। কিন্তু তিনি কোন ছবি দেবেন!‌ সেই ক্রাচ নেওয়া ছবি!‌ সেই হুইলচেয়ারের ছবি!‌ তারপর কমেন্ট বক্সের দিকে তাকালে সেই চেনা কতগুলো আপ্তবাক্য। আসলে, সহানুভূতি। কাটা ঘাটে একটু নুনের ছিটে। প্রকারান্তরে বুঝিয়ে দেওয়া, ‘‌তোমার দ্বারা আর হল না। জোরে গাড়ি চালানোর খুব শখ!‌ এবার ঠ্যালা সামলাও।’ কেউ কেউ লিখছেন, ‘‌গেট ওয়েল সুন।’‌ বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, ‘‌হাঁটতে পারছ, এই ঢের। মাঠে ফেরার দিবাস্বপ্ন দেখো না। তুমি রবে নিষ্ফলের, হতাশের দলে।’‌ ‌
সতীর্থরা বিশ্বকাপ খেলছেন। অথচ, ডাক্তারের নিদান, রাত জাগা চলবে না। অতএব, তাঁকে আলো বন্ধ করে শুয়ে পড়তে হয়েছে। ‘‌জীবনের নানা ওঠাপড়া যেন সহজে গায়ে না লাগে’‌ বোরোলিনের এই বিজ্ঞাপনী ক্যাপশনকে নিজের জীবনের আপ্তবাক্য করে তুলতে হয়েছে। উদ্দাম, উচ্ছ্বল, প্রাণবন্ত এক জীবন। রি হ্যাব সেন্টারে একাকী নিজের লড়াই নিজে লড়ে চলেছেন।
সৌরভের লড়াইটাও তো কিছুটা এমনই ছিল। নিজের তৈরি ‘‌টিম ইন্ডিয়া’‌য় তিনি ব্রাত্য। চোখের সামনে ঝুলছে ‘‌নো ভ্যাকেন্সি’‌ নোটিসবোর্ড। ‌রনজির ম্যাচ, বিজয় হাজারে ট্রফির ম্যাচ এমন ধ্যাড়ধেড়ে গোবিন্দপুরে হচ্ছে, যেখানে গ্যালারি তো দূরের কথা, পোশাক বদলের আড়ালটুকুও নেই। যেখানে তাঁর দিকে তাক করা থাকত সব ক্যামেরার লেন্স, সেখানে মাঠে একশোজন দর্শকও নেই। একা একা বেহালার মাঠে ছুটে যাচ্ছেন, কোনও জনপ্রাণী নেই। সেও তো ছিল খাদের কিনার থেকে রাজকীয়ভাবে ফিরে আসার এক নীরব উপাখ্যান। আসলে, ঘুরে দাঁড়ানোর লড়াইটা একা একাই লড়তে হয়। এই সহজ সত্যিটুকু নিজের জীবন দিয়ে বুঝেছেন।
কখনও ৪৪ রানে ৩ উইকেট হারানোর পরেও ৪৩ বলে অপরাজিত ৮৮। কখনও ব্যাটে হয়তো রান পাননি, কিন্তু অবিশ্বাস্য ক্যাচ নিয়ে ম্যাচের সেরা। পয়েন্ট টেবিলে দিল্লি কোথায় গিয়ে থামল, তা নিয়ে যত না আগ্রহ, তার থেকে ঢের বেশি আগ্রহ, ঋষভ কী করলেন! আইপিএলের মাঝপথেই  টি২০ বিশ্বকাপ দলঘোষণা নিয়ে নানা জল্পনা। হার্দিক কি সুযোগ পাবেন?‌ দ্বিতীয় উইকেট কিপার কে?‌ লোকেশ রাহুল নাকি সঞ্জু স্যামসন?‌ এমনকী সংশয়ের মেঘ ছিল বিরাট কোহলির মতো মহাতারকাকে ঘিরেও। কিন্তু প্রথম উইকেট কিপারের নাম নিয়ে কোনও সংশয় ছিল না। কোনও দ্বিমতও ছিল না। তিনি তখন সব জল্পনা, সব সংশয়, সব বিতর্কের ঊর্ধ্বে।
বাকি ভারত যে ছবিটা মাঝ আইপিএলে দেখল, বেহালার বাঁ হাতি অনেক আগেই সেই ছবিটা দেখেছিলেন। সময় বদলে যায়, প্রজন্ম বদলে যায়, কামব্যাকের রূপকথা একইরকম থেকে যায়।  

Previous post ‌স্পেশ্যাল ট্রেন!‌ টিকিট কাটার আগে ভাবুন
Next post ৪১ আসনে তৃণমূল জিতুক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *