তাঁর চিত্রনাট্য তিনিনিজেই লিখবেন

স্বরূপ গোস্বামী

তিনি প্রশ্নটার জবাব দেবেন না, জানাই ছিল। কিন্তু প্রশ্নটা না করেও যে সঞ্চালকের উপায় নেই। আইপিএলে শেষ ম্যাচ কি খেলে ফেললেন?‌ গত কয়েক বছরে এমন প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কতবার এসেছে!‌ তিনি এমনিতে হেলিকপ্টার শটে গ্যালারিতে বল পাঠিয়ে দেওয়ায় বিশ্বাসী। কিন্তু এই প্রশ্নে যেন একটু সাবধানি। বলে বসলেন, ‘‌আর খেলব না, এটা যেমন বলছি না, তেমনই আবার খেলব, এটাও বলছি না। এখনও অনেক সময় আছে তো!‌ আগে তিন–‌চার মাস রাঁচির রাস্তায় বাইক নিয়ে ঘোরাঘুরি করি। তারপর না হয় ভাবা যাবে।’‌

এম এস ধোনি মানে সেই লোকটা, যিনি আটমাস চাষবাস করেন, দু’‌মাস নিঃশব্দে প্র‌্যাকটিস করেন। আর দু’‌মাস আইপিএলের আঙিনায় থাকেন। ‘‌ডন কো পাকড়না মুশকিল নেহি, নামুঙ্কিন হ্যায়।’‌ তিনি মোটেই ‘‌ডন’‌ নন, কিন্তু কথাটা তাঁর ক্ষেত্রেও দিব্যি খেটে যায়। তিনি ধরা না দিলে, তাঁকে ধরবেন, এমন কার সাধ্য‌!‌ আসলে, ঘনঘন টুইট করে, ছবি পোস্ট করে তাঁকে অস্তিত্বের জানান দিতে হয় না। তাই মাসের পর মাস কাশ্মীর সীমান্তে সেনা প্রশিক্ষণে থাকলেও সেই কঠোর পরিশ্রমী জীবনের কথা কেউ জানতেও পারে না। হাতে গোনা কয়েকটা ছবির বাইরে তেমন ছবিও পাওয়া যায় না। নিজের ফার্ম হাউসে মাসের পর মাস ট্রাক্টর চালান, চাষবাস করেন, কেউ জানতেও পারে না। এমন গহিন অরণ্যে হারিয়ে যান, নির্বাচকরাও দিনের পর দিন ফোনে ধরতে পারেন না। ভাবতে পারেন, এই কলকাতায় নিঃশব্দে ঘাঁটি গেড়ে পড়ে থেকেছেন। রাতের বেলায় পিজি হসপিটালের কাছেই ওই চায়ের দোকানে মাটির ভাড়ে দিনের পর দিন চা খেয়ে গেছেন। ‌নিঃশব্দে এই শহরের জামাই হয়ে গেছেন। কেউ জানতেও পারল না!‌

আরও একটি বলিউডি সংলাপের সঙ্গে তাঁর বড় মিল। এবারও সেই অমিতাভ বচ্চন। ‘‌হাম জাঁহা খাড়ে হোতে হ্যায়, লাইন ওহি সে শুরু হোতি হ্যায়।’‌ অর্থাৎ, আমি যেখানে দাঁড়াই, লাইন সেখান থেকেই শুরু হয়। আচ্ছা, আইপিএলে তাঁর ঘরের মাঠ কোনটা?‌ সবাই জানেন, চেন্নাইয়ের চিপক। একেবারেই ভুল। কারণ, যে মাঠেই তিনি খেলতে যান, সেটাই তাঁর ঘরের মাঠ হয়ে যায়। ইডেন হোক বা কোটলা, ওয়াংখেড়ে হোক বা মোতেরা, গ্যালারিতে শুধুই হলুদ ঝড়। নিজের শহরের জার্সির বদলে সবার গায়েই চেন্নাইয়ের জার্সি। বোঝাই যায় না, কাদের ঘরের ম্যাচ। ফ্র‌্যাঞ্চাইজি নিয়ন্ত্রিত ক্রিকেট দুনিয়ায় এমন গণসম্মোহন আর কাকে ঘিরে দেখা গেছে!‌ অথচ, গত কয়েক বছরে ব্যাটিং অর্ডারে তিনি অনেকটা ‘‌অতিথি শিল্পী’‌র মতোই। নামেন আট নম্বর বা ন’‌নম্বরে। অধিকাংশ ম্যাচে ব্যাট করার সুযোগই আসে না। এখন তাঁকে আর আগের মতো ‘‌ফিনিশার’‌ বলা যায় না। অঙ্ক কষে ম্যাচ ঠিক বের করবেন, সেই নিশ্চয়তা হয়তো আর নেই। এই সহজ সত্যিটা চুয়াল্লিশের ধোনিও দিব্যি বোঝেন। আর বোঝেন বলেই, আড়াল থেকে আরও আড়াল খোঁজেন।  

আসলে, তাঁর সবকিছুই বড় অদ্ভুত। চেনা ব্যকরণ, চেনা কক্ষপথ তাঁর জন্য নয়। আর দশজনের সঙ্গে তাঁর পথ চলা মেলেও না। তিনটি বিদায়ের কথাই ধরা যাক। তিনি কি কোনও বিদায়ী টেস্ট খেলেছেন?‌ উত্তর হল, না। সময়টা ২০১৫। অস্ট্রেলিয়া সফর। তখনও একটি টেস্ট বাকি। আচমকাই ড্রেসিংরুমে জানিয়ে দিলেন, ‘‌বন্ধুরা, আমি আমার জীবনের শেষ টেস্ট খেলে ফেলেছি।’‌ তার আগে বোর্ডকে নিয়মমাফিক ছোট্ট একটা ই–‌মেল পাঠিয়ে দিয়েছেন। তাঁর নেতৃত্ব বা পারফরম্যান্স নিয়ে কোনও প্রশ্নই ওঠেনি। অবসরের জল্পনাও ছিল না। কিন্তু তিনি আচমকাই অচেনা এক স্টেশনে নেমে পড়লেন। ফল কী হল!‌ কম বয়সেই বিরাট কোহলির সামনে এসে গেল দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ। আর ছায়ায় ঢাকা পড়ে থাকা ঋদ্ধিমানের সামনে টেস্টে নিয়মিত হয়ে ওঠার সুযোগ। একশো টেস্টের মাইলস্টোন থেকে তখন আর দশ টেস্ট দূরে। একশো টেস্টের এলিট ক্লাবে কে না পৌঁছতে চায়!‌ কিন্তু এসব কীর্তির পেছনে ছোটা তাঁকে মানায় না। বরং কীর্তিই তাঁর পেছনে ছোটে। এমন অবস্থায় কেউ থেমে যায়!‌ তাও আবার না বলে–‌কয়ে!‌ তিনি এমনই। হিসেব মেলে না। ঢাকঢোল পিটিয়ে অবসর চাননি। অস্তরাগের রক্তিম আলো গায়ে মাখতে চাননি। নিঃশব্দেই সরে গেছেন।  

ঠিক দু’‌বছর পর। আচমকাই জানা গেল, সাদা বলের ক্রিকেটে আর নেতত্ব দেবেন না। লাল বলের মতোই সাদা বলেও নেতৃত্বের ব্যাটনটা তুলে দিলেন কোহলির হাতে। পরের বিশ্বকাপে খেললেন কিনা কোহলির নেতৃত্বে!‌ বিশ্বকাপের পর থেকেই অবসরের জল্পনা চলছিল। তিনি প্রকাশ্যে তেমন কিছুই বলছিলেন না। ক্রিকেট থেকে কিছুটা দূরেই ছিলেন। এবার ২০২০–‌র পনেরোই আগস্ট। সন্ধেবেলায় ইনস্টাগ্রামে ছোট্ট একটা ভিডিও আপলোড। বেজে উঠল অমিতাভের লিপে ‌মুকেশের সেই বিখ্যাত গান, ‘‌ম্যায় পল দো পল কা সায়র হুঁ’‌। অর্থাৎ, দেশের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছি।

আগাম ঘোষণা করে কিছু করার বান্দা তিনি নন। তাঁর কোনও ফেয়ারওয়েল ম্যাচ লাগে না। আবেগঘন বিদায়ীবার্তাও লাগে না। আপাতত রাঁচির রাস্তায় তাঁর বাইক ছুটুক। বিশাল খামারে ট্রাক্টরে চেপে সবজি চাষ করুন। মেজাজটাই তো আসল রাজা। চেনা চিত্রনাট্য তাঁর জন্য নয়। তাঁর জীবনের চিত্রনাট্য তিনি নিজেই লিখে এসেছেন, বাকিটুকুও নিজেই লিখবেন।  

Previous post পাকিস্তানের আসল এজেন্ট তাহলে কারা?‌
Next post গানের মতোই মানুষটাও ছিলেন সোজাসাপটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *