খুলে যেতেপারে ক্রিকেটেরসিংহদুয়ার

স্বরূপ গোস্বামী

অলিম্পিকের এখনও ঢের দেরি। এরই মাঝে দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। আর এবারের এশিয়া কাপে ভারতের কাছে বড় আকর্ষণের জায়গা ক্রিকেট। এশিয়াডে যে এবারই প্রথম ক্রিকেট হচ্ছে, এমনটা আদৌ নয়। এর আগেও দু’‌বার ক্রিকেট হয়েছিল। সুদূর অতীতেও নয়। গত তেরো বছরের মধ্যেই। এবং এই টি২০ ফর্মাটেই। ক্রিকেট অন্তর্ভুক্ত হয়েছিল ২০১০ এ। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। চার বছর পর ২০১৪ তেও ছিল ক্রিকেট। সেবার চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। শুধু পুরুষদের ক্রিকেট নয়। দুবারই মহিলাদের ক্রিকেটও ছিল এশিয়ান গেমসে। দু’‌বারই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। কিন্তু তারপরেও এই দুবার ক্রিকেটের কথা তেমন প্রচারে আসেনি। কারণ, দু’‌বারই দল পাঠায়নি ভারত। ছেলেদের বিভাগেও না, মেয়েদের বিভাগেও না।

২০১৮–‌র এশিয়ান গেমসে অবশ্য ফের ক্রিকেট বাদ পড়ে যায়। আবার ফিরে এল এই হাংঝাউ এশিয়াডে। এবার মহিলাদের ক্রিকেটে অংশ নেবে ১৪টি দল। পুরুষদের ক্রিকেটে থাকছে ১৮টি দল। শুনে অবাক হওয়ারই কথা। এশিয়ার ১৮ দল ক্রিকেট খেলবে!‌ এশিয়াতে এত দেশ ক্রিকেট খেলে নাকি!‌ মেয়েদের ক্রিকেটে ১৪ দেশ!‌ তাও আবার শুধু এশিয়ার!‌ এতগুলো দেশে মেয়েদের ক্রিকেট দল আছে!‌ এখানেও বিস্ময়ের যথেষ্ট উপাদান আছে। সূচি অনুযায়ী, মেয়েদের ম্যাচ চলবে ১৯–‌২৭ সেপ্টেম্বর। এই পর্যায় শেষ হলে শুরু হবে ছেলেদের বিভাগ (‌২৮ সেপ্টেম্বর–‌৭ অক্টোবর)‌।

তবে, সূচি এমনভাবে বানানো হয়েছে, যেন কুলীন দলগুলিকে অখ্যাত দলের বিরুদ্ধে খেলতে না হয়। টি২০ র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্রথম চার দল সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল থেকে। বাকি চারটি দল উঠে আসবে নিজেদের মধ্যে লড়াই করে। অর্থাৎ, ভারত একটি জিতলেই সেমিফাইনালে। দুটি জিতলে ফাইনালে। আর তিনটি জিতলেই চ্যাম্পিয়ন।

এতদিন যেহেতু ভারত ছিল না, তাই এশিয়াডে ক্রিকেটে কী হচ্ছে, তা নিয়ে তেমন আগ্রহও ছিল না। কিন্তু এবার শুধুমাত্র ভারতের অন্তর্ভুক্তিই যেন জৌলুস বাড়িয়ে দিয়েছে। তবে, অক্টোবরেই বিশ্বকাপ। সেরা দলটাকে বিশ্বকাপের জন্যই তুলে রাখতে হবে। যদি কেউ চোট পেয়ে যান, বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন। স্বভাবতই, ভারত সেরা দল পাঠাচ্ছে না। আগেই দলঘোষণাও হয়ে গেছে। নেতৃত্বে ঋতুরাজ সিং। এইমুহূর্তে ভারতের যা সাপ্লাই লাইন, তাতে দ্বিতীয় এমনকী তৃতীয় দলও ড্যাং ড্যাং করে সেরা দলগুলোকে হারিয়ে দিতে পারে। আবার মহান অনিশ্চয়তার তকমা মাথায় রাখলে উল্টোটাও হতে পারে। অর্থাৎ, রোহিত শর্মা–‌বিরাট কোহলিদের মতো তারকাদের নিয়ে গড়া দলও অখ্যাত কোনও দলের কাছে হেরে যেতে পারে। তার থেকে দ্বিতীয় দল পাঠানোই বুদ্ধিমানের কাজ। ১)‌ নতুনদের দেখে নেওয়াও হল। ২)‌ অংশ নেওয়াও হল, আবার সেরা দলও পাঠাতে হল না। ৩)‌ হারলে বলা হবে, আমরা তো সেরা দল পাঠাইনি। নতুনদের সুযোগ দিতে চেয়েছি। তাই এটাকে ঠিক ব্যর্থতা বলা যায় না। ৪) ‌জিতলে বলা যাবে, দেখো, আমাদের দ্বিতীয় দলটাও চ্যাম্পিয়ন হতে পারে।

২০১৮ তে তো ক্রিকেট সরে গিয়েছিল। তাহলে, আবার ক্রিকেট ফিরে এলই বা কেন?‌ তাও আবার আয়োজক যখন চীন!‌ সে দেশে ক্রিকেটের কতটুকুই বা পরিকাঠামো?‌ কতটুকুই বা প্রসার?‌ আসলে, এটা অলিম্পিকের পদধ্বনি। না, এবারের (‌২০২৪)‌ প্যারিস অলিম্পিকের নয়। আরও একটু সামনে তাকালে, ২০২৮ এর লস এঞ্জেলেস অলিম্পিক। সেই অলিম্পিকে ক্রিকেট আসছে, জোরকদমে এমন প্রচার চলছে। এই বছরের শেষের দিকে হয়ত তার আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে যাবে। এই অলিম্পিকেও কিন্তু ক্রিকেট প্রথম নয়। ভারতে যখন এই খেলাটার নামই কেউ শোনেনি, এমন সময় অলিম্পিকে ক্রিকেট ছিল। সেটা ১৯০০ সাল। সেবার অলিম্পিকের আসর বসেছিল প্যারিসে। ক্রিকেটে অংশ নিয়েছিল মাত্র দুটি দল। গ্রেট ব্রিটেন ও ফ্রান্স। চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেন। ওই একবারই। পরের অলিম্পিক থেকে আর প্রতিযোগী পাওয়া যায়নি। ফলে, ক্রিকেটের সেখানেই ইতি।

তারপর থেকে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি যেমন ক্রিকেটকে অন্তর্ভুক্ত করার ব্যাপারে তেমন আগ্রহ দেখায়নি, ঠিক তেমনই আইসিসি–‌ও অলিম্পিকে ক্রিকেটকে ফিরিয়ে আনার ব্যাপারে তেমন উৎসাহী ছিল না। দু’‌পক্ষেরই নিজের নিজের যুক্তি ছিল। কিছু প্রকাশ্য যুক্তি, কিছু আবার গোপন–‌যুক্তি। যেমন, আইসিসি–‌র আশঙ্কা ছিল, অলিম্পিকে ক্রিকেট জনপ্রিয় হয়ে গেলে হয়ত বিশ্বকাপের জৌলুস কমে যাবে। হয়ত, আইসিসি–‌র কর্তৃত্বও কমে যাবে। মৃদুল দাশগুপ্তর একটি জনপ্রিয় ছড়া আছে। ‘‌পৃথিবীর চার ভাগে তিন ভাগ জল/‌ ক্রিকেট তুচ্ছ খেলা, খেলা ফুটবল।’‌ অলিম্পিক কমিটিও এতদিন তেমনটাই মনে করেছে। ক্রিকেট আর কটা দেশ খেলে!‌ একে আর যাই হোক, অলিম্পিক স্পোর্টসের মর্যাদা দেওয়া যায় না। তাছাড়া, প্রায় আট–‌দশ ঘণ্টার খেলা, আলাদা মাঠ দরকার, পিচ দরকার। বহু ঝামেলার ব্যাপার।

কিন্তু সময় বদলেছে। বিশ্বায়ণের আবহে ক্রিকেট বাণিজ্যের চেহারাটাও বদলে গেছে। এখন সারা বছরই ক্রিকেট। এমনকী মার্কিন মুলুকেও বসে গেছে ফ্র‌্যাঞ্চাইজি লিগের আসর। এখন দুজনেরই দুজনকে দরকার। আইসিসি–‌ও বুঝেছে, ক্রিকেটকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে গেলে অলিম্পিকের হাত ধরতে হবে। আর অলিম্পিক কমিটিও বুঝেছে, দক্ষিণ এশিয়ার এই সুবিশাল বাজারকে ধরতে গেলে, ক্রিকেটের হাত ধরতে হবে। সত্যিই তো, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা–‌এইসব দেশগুলো অলিম্পিক থেকে কীই বা পায়!‌ পদকতালিকায় একেবারে পেছনের সারিতে থাকতে হয়। সাফল্য না থাকলে কেনই বা আগ্রহ থাকবে!‌ সেখানে ক্রিকেটের জন্য যদি এই বিশাল সংখ্যক মানুষ অলিম্পিকে চোখ রাখেন, তাহলে এইসব দেশ থেকে স্পনসরও আসবে। এই বাজারটা এতদিন আইওসি–‌র প্রায় অধরাই ছিল। বাণিজ্যের একটা সহজ হিসেব দেওয়া যাক, এবার প্যারিস অলিম্পিকে ভারত থেকে সম্প্রচার সত্ত্ব বাবদ আইওসি–‌র ঘরে ঢুকবে ১৬৫ কোটি টাকা। লস এঞ্জেলেসে একবার ক্রিকেট যদি ঢুকে যায়, তাহলে সেই অঙ্কটা আনুমানিক ১৬০০ কোটিতে পৌঁছে যাবে। তাহলে, ক্রিকেটকে আর ‘‌তুচ্ছ খেলা’‌ বলে দূরে সরিয়ে রাখা কেন?‌ নিজের ভালটা পাগলেও বোঝে। অলিম্পিক কমিটির কর্তারা বুঝবেন না‌!‌

কিন্তু প্রদীপ জ্বালানোর আগে তো সলতে পাকানোর পর্ব থাকে। সেই পর্ব শুরু হয়েছে অনেক আগে থেকেই। যেমন, গতবছর বার্মিংহামে কমনওয়েলথ গেমসের কথাই ভাবুন। সেখানে চুপিসারে ঢুকে পড়েছিল মেয়েদের ক্রিকেট। ভারতও তাতে দল পাঠিয়েছিল। ‌কমনওয়েলথে ছেলেদের ক্রিকেট দুই দশকেরও বেশি আগে একবার আনা হয়েছিল। সেবার অধিনায়ক ছিলেন জাদেজা, দলে ছিলেন শচীন তেন্ডুলকারও। তারপর থেকে আইসিসি আর আগ্রহ দেখায়নি। বিসিসিআই–‌কে বুঝিয়েছিল, এইসব টুর্নামেন্টে খেলতে গেলে বিশ্বকাপের গুরুত্ব থাকবে না। তাই সেই শুরু, সেই শেষ। কিন্তু ওই যে, সময় বদলাচ্ছে। বিশ্বব্যাপী ফ্র‌্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা তো আছেই, প্রায় প্রতিবছরই বিশ্বকাপও লেগেই আছে। ফলে, ক্রিকেটের জৌলুস আর শুধু চার বছরে একবার বিশ্বকাপ কেন্দ্রিক নেই। আইপিএলের সত্ত্ব যে টাকায় বিক্রি হয়, তা বিশ্বকাপকে ছাপিয়ে যাওয়ার মতোই। তাহলে, এশিয়ান গেমসের পর্ব পেরিয়ে অলিম্পিক যদি নতুন দরজা খুলে দেয়, মন্দ কী!

আশার পাশাপাশি আশঙ্কার চোরাস্রোতও কি নেই!‌ আইসিসি–‌তে একচেটিয়া দাপট ভারতের। যতটা না ক্রিকেটের জোরে, তার থেকেও বেশি বাণিজ্যের জোরে। ক্রিকেট যদি অলিম্পিকে ঢুকে যায়, চীন–‌জাপানের মতো দেশগুলো যদি খেলতে শুরু করে, কয়েক বছর পর তারা ভারতকে ছাপিয়ে যাবে না তো!‌ উন্নত প্রশিক্ষণ, পরিকাঠামো‌ এসব রাস্তায় হাঁটলে একসময় হয়ত সাফল্যেও ছাপিয়ে যাবে। আর বাণিজ্যে তো এগিয়ে আছেই। তখন তারা ‘‌কুলীন দেশ’‌ হয়ে পড়বে না তো!‌ তখন আবার আমরা প্রান্তিক শক্তি হয়ে উঠব না তো!‌       

Previous post দিল্লিতেও মামারা আছেন, তাই ভাগ্নে ঠিক ফিরে আসবেন
Next post দর্শক সহযাত্রী হয়ে উঠল কই!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *