স্বরূপ গোস্বামী
একটা পুজো পেরোতে না পেরোতেই নাকি অনেক লেখক পরের পুজোর উপন্যাস শুরু করে দেন। আর পুজো সংখ্যা বেরোনোর হিড়িক শুরু হয়ে যায় সেই জুলাই থেকেই। অর্থাৎ, তিন মাস আগেই পুজো সংখ্যা বাজারে এসে যায়।
বর্ডার–গাভসকার সিরিজও অনেকটা সেরকমই। শুরু হবে ২২ নভেম্বর থেকে। অথচ, হাওয়া তোলার কাজটা শুরু হয়েছে সেই জুন–জুলাই থেকে। কোনওদিন গ্রেগ চ্যাপেল, কোনওদিন ইয়ান চ্যাপেল, একে একে প্রাক্তনরা কলাম লিখেই চলেছেন। বিষয়: আসন্ন বর্ডার–গাভাসকার ট্রফি। আবার যাঁরা ঠিক কলাম লেখার মতো বিশেষজ্ঞ নন, তাঁদেরও অনেক কিছুই বলার আছে। তাঁরা বলছেন বিভিন্ন টিভি চ্যানেলে, ইউটিউব চ্যানেলে। যাঁদের কথা কেউ জানতে চাইছে না, তাঁরাও পিছিয়ে নেই। আপনমনে তাঁরাও লিখে চলেছেন ফেসবুক বা এক্স হ্যান্ডলে।
ভারতীয় প্রাক্তনদের গায়ে এখনও এই হাওয়া তেমনভাবে লাগেনি। তাঁদের হাতের সামনে অনেক বিষয়। চার মাস আগে থেকে এতকিছু ভাবতে তাঁদের বয়েই গেছে! কিন্তু অস্ট্রেলীয় প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়রা রোজই কিছু না কিছু বলছেন। এমনকী গ্লেন ম্যাক্সওয়েল, যিনি দেশের হয়ে শেষ টেস্ট খেলেছেন সাত বছর আগে, তিনিও এই সিরিজ নিয়ে বিস্তর ভাষণ দিয়েছেন। সে দেশে তো বটেই, এ দেশের কাগজেও ফলাও করে সেসব বেরিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ চলছে। কিন্তু তারপরও তাঁদের ফোকাস সেই ভারত–অস্ট্রেলিয়ায়। এবং নিজেদের নিয়ে নয়, তাঁদের যাবতীয় ভবিষ্যদ্বাণী যেন ভারতকে নিয়ে। কেউ বলছেন, ‘বিরাট কোহলি, রোহিত শর্মাই আসল ভরসা।’ কেউ আবার বলছেন, ‘ঋষভ পন্থ একাই ফারাক গড়ে দেবেন।’ কারও মতে, ‘ব্যাটিং নয়, ভারত সিরিজ জিতলে বোলিংয়ের জোরেই জিতবে।’ কেউ ভরসা রাখছেন বুমরায়, তো কেউ অশ্বিন–জাদেজার স্পিনে।
হঠাৎ, ভারতকে নিয়ে এত আলোচনা কেন? চার মাস আগে থেকে এত হাইপ তুলতে হচ্ছেই বা কেন? বড় একটা কারণ হল আইপিএল। সব ফ্র্যাঞ্চাইজিতেই অস্ট্রেলিয়ার একঝাঁক খেলোয়াড়। শুধু তাই নয়, কোচ, সাপোর্ট স্টাফ হিসেবেও রয়েছেন অনেকে। পনেরো–কুড়ি বছর আগেও ভারতকে আগাম হুঙ্কার দিয়ে রাখতেন প্রাক্তনরা। মাঠেও চলত বিস্তর স্লেজিং। এখন সেই হুঙ্কার যেন সমীহতে বদলে গেছে। ভারত কত ভাল দল, ব্যাটিং–বোলিংয়ে কত সুন্দর ভারসাম্য, রিজার্ভ বেঞ্চ মজবুত, পরিকাঠামো কত উন্নত— কে কতটা বাড়িয়ে বলতে পারেন, তার প্রতিযোগিতা চলছে। অর্থাৎ, অর্থনীতি বড় একটা ফ্যাক্টর। ভারতীয়রা অখুশি হয়, এমন কথা না বলাই ভাল। বেশি হুঙ্কার দিলে নিলামের টেবিলে ‘আনসোল্ড’ থেকে যাওয়ার আশঙ্কা প্রবল।
তবে ক্রিকেটীয় ব্যাপার একেবারেই নেই, এমন নয়। পরিসংখ্যান বলছে, অস্ট্রেলিয়ার মাটিতে আগের দুই সিরিজে কিন্তু ভারতই জয়ী। দেশের মাটিতে ভারত বরাবরই সিংহের মতো। ঘূর্ণি পিচে তিন স্পিনার লেলিয়ে দিয়ে কত বড় বড় শক্তিকে সাড়ে তিনদিনে, চারদিনে ঘায়েল করেছে। কিন্তু বিদেশে গেলেই যেন পুন:মূষিকভব। এটাই ছিল চেনা চিত্র। কিন্তু গত কয়েক বছরে ছবিটা অনেকটাই বদলে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়ে আসছে, এটা ভাবাই যেত না। তিন বছর আগের সিরিজের কথাই যদি ধরেন, সেবার ভারতীয় শিবির তো একেবারে হাসপাতালের চেহারা নিয়েছিল। আজ এর চোট, তো কাল ওর। কেউ গেছেন টি২০ খেলতে। তাঁকে রেখে দেওয়া হয়েছে। কেউ ছিলেন নেট বোলার। হঠাৎ করে তাঁর টেস্ট অভিষেক হয়ে গেছে। তিন জোরে বোলারের টেষ্ট সংখ্যা যোগ করলে তা পাঁচের কম, এমন অবিশ্বাস্য ও নজিরবিহীন ছবিও দেখা গেছে। কিন্তু তারপরও ভারত ড্যাং ড্যাং করে সিরিজ জিতেছে। কাজেই এই ভারতকে সমীহ না করে উপায় কী?
কিন্তু তাই বলে চার মাস আগে থেকে হাওয়া তুলতে হবে? বিশ্বকাপের সময়ও তো এত আগে থেকে হাওয়া ওঠেনি। বেশ মজার একটা ব্যাখ্যাও পাওয়া গেল, অস্ট্রেলিয়ায় দুর্গাপুজো নেই। তাই সিডনি মর্নিং হেরাল্ডে পুজোর পাতাজোড়া বিজ্ঞাপনও নেই। ফাঁকা পাতা এসব নিয়েই ভরাতে হচ্ছে। আর অস্ট্রেলিয়ার কাগজে বেরোলে সংবাদ সংস্থা বা পোর্টাল মারফত এই দেশেও সেই ঢেউ পৌঁছে যাচ্ছে। ভারতীয় কাগজও সেখান থেকেই রসদ খুঁজছে। কে আর কষ্ট করে নতুন ভাবনা ভাবে! তাই ভাবনাগুলো দিব্যি ‘কন্ট্রোল সি’ হয়ে দিব্যি ‘কন্ট্রোল ভি’ হয়ে যাচ্ছে। ভারতের বাণিজ্যের ঢেউ যদি অস্ট্রেলিয়ায় পৌঁছয়, তাহলে অসিদের ভারত বন্দনার ঢেউও এদেশে ঠিক পৌঁছোবে।
