আবার আমেরিকা, ফের ট্রফিহীন ২৪ বছর, ফের সাম্বা!‌

এবারের বিশ্বকাপে কোন দল ফেবারিট?‌ বিশ্বকাপের আগে এটা যেন একেবারে কমন প্রশ্ন। পুকুর ঘাট থেকে পাড়ার ক্লাব, চায়ের দোকান থেকে কলেজ ক্যান্টিন। সব জায়গায় ঘুরেফিরে প্রশ্নটা হাজির হয়। সাত–‌পাঁচ না ভেবেই একটা উত্তর সবথেকে জোরালোভাবে উঠে আসে— ব্রাজিল।
একটু তলিয়ে জিজ্ঞেস করলে দেখা যাবে, তিনি ব্রাজিলের হয়ে গলা ফাটাচ্ছেন, তিনি হয়তো সেই দলের কোনও ফুটবলারেরই নাম জানেন না। যেমন, এবার। নেইমার খেলবেন কিনা, এখনও পরিষ্কার নয়। এর বাইরে দ্বিতীয় কোনও নাম?‌ অধিকাংশ বাঙালিই জানেন না। কিন্তু উত্তরটা একই থেকে যায়— ব্রাজিল।
ব্রাজিল বলতেই বাঙালির মনে ভেসে ওঠে একজনের নাম— পেলে। তিনি বিশ্বকাপে শেষ খেলেছেন ১৯৭০ সালে। তখনও টেলিভিশন আসেনি। ফলে, তাঁর খেলা দেখার কোনও প্রশ্নই ছিল না। তবু তিন–‌তিনবার বিশ্বকাপ জয় বলে কথা!‌ ছিয়াশির পর থেকে বাঙালির জীবনে ঢুকে পড়ল আরও একটা নাম, আর্জেন্টিনা। এবং অবশ্যই দিয়েগো মারাদোনা। পেলে বড় নাকি মারাদোনা, তর্কটা শুরু হয়ে গেল সেই ছিয়াশি থেকেই। দুজনের কেউই আর এই পৃথিবীতে নেই। কিন্তু শ্রেষ্ঠত্বের বিতর্কটা এখনও দিব্যি চলছে।
সত্তরে আমি নেহাতই কিশোর। ফলে কে পেলে, কে ব্রাজিল, এত বোঝার মতো অবস্থা ছিল না। না ছিল টিভি, কাগজেও যে খুব ফলাও করে বিশ্ব ফুটবলের খবর ছাপা হত, এমন নয়। তবু ব্রাজিল নামটার সঙ্গে যে একটা আলাদা আবেগ, আলাদা উন্মাদনা জড়িয়ে আছে, এটা বেশ বুঝতে পারতাম। সাতের দশকে মহানগরে টিভি এলেও তার বিস্তার ঘটল মূলত আটের দশকে।
একজন ফুটবল অনুরাগী হিসেবে আমার কাছে দলের স্ট্র‌্যাটেজি, ফর্মেশান— এসবের থেকেও ব্যক্তিগত নৈপুণ্যই বেশি করে প্রাধান্য পেয়েছে। ব্রাজিলের তিনবার জয়ের পেছনে পেলের পাশাপাশি গ্যারিঞ্চা, ডিডি, ভাবা, টোস্টাওদের অবদান তো ছিলই। সত্তরের পরের ২৪ বছর বিশ্বকাপ কখনও ব্রাজিলের মুকুটে ওঠেনি। কিন্তু ব্যক্তিগত নৈপুণ্যে জিকো, সক্রেটিসরা মনে দাগ কেটে গিয়েছিলেন। নব্বইয়ে কোয়ার্টার ফাইনালে মারাদোনার ওই দুরন্ত ঠিকানা লেখা পাসের কাছে ব্রাজিলকে হার মানতে হয়। সেরা ছন্দের ব্রাজিলকে পেয়েছিলাম ৯৪ সালে। সেবার রোমারিও–‌বেবেতো জুটি যেমন চমক দেখিয়েছিল, তেমনই গোলে তাফারেল, রক্ষণে কাফু, মাঝমাঠে দুঙ্গা। একেক জায়গায় যেন একেকজন নজর কাড়ছেন।
চুরানব্বইয়ে যেমন চ্যাম্পিয়ন হল, তেমনই ৯৮ ও ২০০২ এও ফাইনালে উঠল। ৯৮ এ রানার্স আর ২০০২ এ ফের চ্যাম্পিয়ন। পরপর তিনবার ফাইনালে উঠেছে মানে সেই দলটার মধ্যে আলাদা একটা শক্তি ছিল। তিনটে বিশ্বকাপেই দলের নিউক্লিয়াসটা ধরে রেখেছিল ব্রাজিল। ৯৮ যদি রোমারিও–‌বেবেতোর হয়, তবে পরের দুই বিশ্বকাপ রোনাল্ডো–‌রিভাল্ডোদের। ২০০২ এ যোগ হল রোনাল্ডিনহো। ইংল্যান্ডের বিরুদ্ধে ফ্রি কিক থেকে সেই স্বপ্নের গোল!‌ এখনও চোখ বন্ধ করলেই ভেসে ওঠে। পিছনে কাফু–‌কার্লোস। আর থ্রি আর। অর্থাৎ, রোনাল্ডো, রিভাল্ডো, রোনাল্ডিনহো। আরেক ‘‌আর’ অর্থাৎ রোমারিওকে দলেই নিলেন না কোচ স্কোলারি।
পেলের যুগ দেখিনি। স্বভাবতই কোনও সুখস্মৃতি নেই। পরে ভিডিওতে কিছু গোলের ক্লিপিংস দেখেছি ঠিকই, কিন্তু রাত জেগে সরাসরি দেখলে যে একাত্মতা তৈরি হয়, বহু বছর পর ভিডিও–‌তে কিছু নির্বাচিত দৃশ্য দেখলে সেই অনুরাগ বা সেই একাত্মতা আসে না। তাই আমার কাছে সেরা সময়ের ব্রাজিল মানে ৯৪ থেকে ২০০২— পরপর তিনবার ফাইনালে ওঠা ব্রাজিল। ২০০৬ এ রোনাল্ডিনহোকে ঘিরে মারাত্মক প্রত্যাশা ছিল। কিন্তু রোনাল্ডিনহো নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না।
‌গত তিনটি বিশ্বকাপে ব্রাজিলের বড় ভরসার নাম ছিল নেইমার। বারবার তাকিয়ে থেকেছি ওই নেইমারের দিকেই। ক্লাব ফুটবলে এত সফল হলেও ব্রাজিলকে কখনই সেই উচ্চতায় নিয়ে যেতে পারেননি। কখনও চোটের জন্য ছিটকে গেছেন। কখনও বিতর্কে জড়িয়েছেন। কখনও নিতান্তই খারাপ ফর্মে। এবারও নেইমার আছেন না নেই, তা নিয়েই ধোঁয়াশা। ফিটনেস নিয়ে চূড়ান্ত সংশয়। সে দেশের প্রাক্তনরা চাইছেন, নেইমারকে নেওয়া হোক। কিন্তু কোচ এখনও চূড়ান্ত সম্মতি দেননি। ফেডারেশন বা জনমতের চাপে যদি নেওয়া হয়, তবুও তিনি যে আগের মতো অপরিহার্য নন, এটা কোচের কথা থেকেই পরিষ্কার।
তবে ব্রাজিল যে একেবারে নেইমার নির্ভর, এমনটাও বলা যাবে না। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহারা ক্লাব ফুটবলে গত কয়েক বছর বেশ ছাপ ফেলেছেন। মাঝমাঠে ব্রুনো গুমারেসও কার্যকরী ভূমিকায় থাকবেন। রক্ষণে মার্কুইনহোস বা গোলে অ্যালিসন বেকার— এঁদের ওপরও ভরসা রাখাই যায়। গ্রুপে আছে মরক্কো, স্কটল্যান্ড, হাইতি। খুব হেলাফেলা করার মতো গ্রুপ নয়। কারণ, এই মরক্কো আগের বিশ্বকাপে কিন্তু অনেক অঘটন ঘটিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছিল।
গ্রুপ পর্ব পেরেলেও একের পর এক শক্ত বাধা থাকবেই। সেই লম্বা রেশে টিকে থাকতে গেলে ফিটনেস যেমন জরুরি, তেমনই জরুরি লড়াই ও স্কিল। এই তিনের মেলবন্ধন ঘটানোর মতো শক্তি ব্রাজিলের আছে। শুরুতেই বলেছি, দলগত শৃঙ্খলা বা ফর্মেশান নয়, তাকিয়ে থাকি ব্যক্তিগত নৈপুণ্যের দিকে। যদি নেইমার শেষপর্যন্ত থাকেন, তাকিয়ে থাকব তাঁর দিকে। আগেরবার মেসির হাতে বিশ্বকাপ দেখেছি। এবার নেইমারের হাতে দেখলে অবাক হব না। তাছাড়া, শেষ ট্রফি এসেছিল সেই ২০০২ সালে। মাঝে ২৪ বছর কেটে গেছে। ব্রাজিলের মতো দলের ক্ষেত্রে ২৪ বছরের ব্যবধানটা যেন একটু বেশিই।
১৯৭০ এর পর ট্রফি এসেছিল ১৯৯৪ এ। অর্থাৎ, ২৪ বছর পর। কী আশ্চর্য, এবারও সেই ২৪ এর অঙ্ক। ভিনিসিয়াস–‌রাফিনহারা কি পারবেন চুরানব্বিয়ের সেই রোমারিও–‌বেবেতো হয়ে উঠতে?‌

Previous post জনতার ক্ষোভেও লাগাম আসুক
Next post ‌দোহাই, এই দলবদলু ‘‌চরিত্রহীন’‌দের বিদ্রোহী বলবেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *