আড়ালে থাকতে জানেন, তাই তো আলোড়ন ওঠে

অভিরূপ কুমার

শুরুতেই অকপটে স্বীকার করা যাক, সোনিয়া গান্ধীর বই প্রকাশিত হলেও এখনও আমার পড়া হয়নি। অদূর ভবিষ্যতে পড়া হবেই, এমনটাও হলফ করে বলতে পারছি না। তাই এই লেখা কখনই বুক রিভিউ নয়। কিন্তু বইয়ের বিষয় কী, সে সম্পর্কে কিছুটা ধারণা আছে। গত কয়েকদিন এত লেখালেখি হয়েছে, চ্যানেলে, ইউটিউবে এত আলোচনা হয়েছে, তারপর আর বিষয় অজানা থাকার কথাও নয়।

কোনও বই প্রকাশের আগেই এতটা আগ্রহ খুব একটা দেখা যায় না। এই বই যত না আত্মজীবনী, তার থেকে বেশি স্মৃতিকথা। স্মৃতির সরণি বেয়ে হাঁটতে গিয়ে অনেক ঘটনাকে ছুঁয়ে গেছেন। ইতিহাসের নানা বাঁকে অল্পবিস্তর আলো পড়েছে। অনেকে অনেক প্রসঙ্গ নিয়ে হইচই করছেন। কেউ বলছেন, এটা লেখেননি কেন, ওটা লেখেননি কেন। সোনিয়া গান্ধী কোনও ইতিহাস লিখতে বসেননি। তাঁর যেটুকু লেখা দরকার মনে হয়েছে, সেটুকুই তুলে ধরেছেন।

Belonging: A Journey of Love রীতিমতো চর্চার কেন্দ্রে। প্রকাশক মার্কেটিংয়ের স্বার্থে কিছু কিছু অংশকে বাজারে আনছেন। তা নিয়ে মিডিয়ায় হইচই হচ্ছে। যে কোনও বইকে ঘিরেই এমন প্রচার কৌশল দেখা যায়। কিন্তু সব বই তো আলোড়ন তোলে না। কিন্তু কেন এই আগ্রহ? সোনিয়া গান্ধী কি এমন কোনও অজানা রাজনৈতিক রহস্যের পর্দা ফাঁস করেছেন? নাকি তাঁর জীবনের এমন কিছু কথা সামনে এসেছে, যা এতদিন জানার সুযোগ হয়নি?

আসলে সোনিয়াকে নিয়ে কৌতূহলের একটা বড় কারণ তাঁর ব্যক্তিত্ব। তিনি এমন একজন মানুষ, যিনি দীর্ঘদিন দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্রে থেকেও নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে চেয়েছেন। প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না। নিজের আবেগ, অভিমান, ব্যক্তিগত অনুভূতির কথা সহজে প্রকাশ করেন না। রাজনীতির মঞ্চেও তাঁর চলাফেরায় একটা সংযম, সৌজন্য এবং ভদ্রতার ছাপ বরাবরই লক্ষ করা গিয়েছে। এই কারণেই তাঁর নিজের মুখে নিজের জীবনের গল্প শোনার আগ্রহ এত বেশি।

সোনিয়ার বইয়ের নাম ‘Belonging’। অর্থাৎ আপন হয়ে ওঠা, নিজের জায়গা খুঁজে পাওয়া। নামের মধ্যেই যেন লুকিয়ে রয়েছে তাঁর জীবনের মূল সুর। ইতালির এক ছোট শহরে জন্ম। সেখান থেকে ইংল্যান্ডে পড়তে আসা। ১৯৬৫ সালে কেমব্রিজে রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়। তারপর প্রেম, বিয়ে এবং ভারতবর্ষে চলে আসা। ১৯৬৮ সালে ভারতে পা রাখার পর শুরু হয় সম্পূর্ণ অন্য এক জীবন। যে পরিবারে তিনি এলেন, সেটি শুধু একটি রাজনৈতিক পরিবার নয়, স্বাধীন ভারতের ইতিহাসের সঙ্গেও যার গভীর সম্পর্ক।
শাশুড়ি ইন্দিরা গান্ধী। স্বামী রাজীব গান্ধী। পরিবারের অন্য সদস্যদের ঘিরেও জাতীয় রাজনীতির নানা ঘটনা। কিন্তু সোনিয়ার কাছে এই মানুষগুলি শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন না। তাঁরা ছিলেন তাঁর আপনজন।


বইয়ে সেই ব্যক্তিগত সম্পর্কের কথাই বেশি করে উঠে এসেছে। ইন্দিরা গান্ধীর সঙ্গে তাঁর সম্পর্ক, সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে বড় করে তোলা, পরিবারের ভিতরের নানা মুহূর্ত, সুখ-দুঃখ, অভিমান। সোনিয়া জানিয়েছেন, এতদিন নিজের মনের কথাগুলি নিজের মধ্যেই রেখেছিলেন। এবার সেই ব্যক্তিগত জগৎকে পাঠকের সামনে তুলে ধরতে চেয়েছেন।

এই বইয়ের অন্যতম আকর্ষণ এখানেই। ইতিহাসের পরিচিত চরিত্রগুলিকে তিনি দেখিয়েছেন পরিবারের একজন সদস্যের চোখ দিয়ে। তাঁদের রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা মানুষটিকে চিনতে চেয়েছেন। একটু একটু করে ভারতের জল–‌হাওয়ার সঙ্গে মিশে গেছেন। সোনিয়ার জীবনেও একের পর এক কঠিন আঘাত এসেছে। ১৯৮০ সালে বিমান দুর্ঘটনায় সঞ্জয় গান্ধীর মৃত্যু। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর হত্যাকাণ্ড। তারপর ১৯৯১ সালে রাজীব গান্ধীর মৃত্যু। বিশেষ করে রাজীবের হত্যাকাণ্ড তাঁর ব্যক্তিগত জীবনে যে গভীর ক্ষত তৈরি করেছিল, তা সহজেই অনুমান করা যায়। রাজনীতির সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক রাখতে চাননি। দায়িত্ব নেওয়ার প্রস্তাব এলেও বারবার ফিরিয়ে দিয়েছেন। শেষ পর্যন্ত রাজনৈতিক দায়িত্ব নিতে হল। তখন মোটেই কংগ্রেসের সুদিন নয়। কংগ্রেসের দুর্দিনে দলের হাল ধরলেন তিনি। দীর্ঘ সময় ধরে দলকে নেতৃত্ব দিলেন। একসময় কংগ্রেসের সভাপতি হিসেবে দেশের রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়ে উঠলেন। দলের মধ্যে ঝড়ঝাপটা সামলালেন। তাঁর আগমন সবাই যে খুব খোলা মনে মেনে নিয়েছিলেন, এমন নয়। দলের মধ্যে ইতিউতি কানাঘুসো যেমন ছিল, তেমনই একসময় তাঁকে উদ্দেশ্য করে তিন বিদ্রোহী নেতার খোলা চিঠিও বেরিয়ে গেল। নিজের ব্যক্তিত্ব, ক্যারিশ্মা দিয়েই সেই ঝড় সামলেছেন। আবার সেই কংগ্রেস যখন ক্ষমতায় এল, সবাই যখন ধরেই নিয়েছেন যে তিনিই পরবর্তী প্রধানমন্ত্রী, তখনই সরে দাঁড়ালেন। ক্ষমতার সর্বোচ্চ শিখর থেকে নিজেকে সরিয়ে নেওয়া খুব সহজ ব্যাপার নয়। অন্তত ভারতীয় রাজনীতিতে এমন নজির নেই।

তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হলেন মনমোহন সিং। ভারতীয় রাজনীতির ইতিহাসে এই সিদ্ধান্তের গুরুত্ব কম নয়। প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ সামনে এসেছে, অথচ সেই পদ গ্রহণ করলেন না দলের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। রাজনীতিতে যেখানে ক্ষমতার জন্য এত টানাপোড়েন, সেখানে এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে ব্যতিক্রমী।
সোনিয়া নিজেও জানিয়েছেন, প্রধানমন্ত্রী হওয়ার প্রশ্নে তাঁর সন্তান রাহুল ও প্রিয়াঙ্কার উদ্বেগ ছিল। বাবার মতো মাকেও হারানোর আশঙ্কা তাঁদের মনে কাজ করেছিল। সেই পারিবারিক উদ্বেগও তাঁর সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। ১৯৯১ সালে, রাজীবের মৃত্যুর পরই দলের হাল ধরার ডাক এসেছিল। সেদিনও সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন এই প্রস্তাব।

অথচ, সবাই জানতেন, ২০০৪-এ সরকারের চালিকাশক্তি ছিলেন তিনিই। তাঁকে না জানিয়ে মনমোহন কোনও বড়সড় সিদ্ধান্ত নিতেন না। দলীয় সভানেত্রী হিসেবে কংগ্রেসের নেতৃত্ব দিয়েছেন, ইউপিএ সরকারকে রাজনৈতিক দিশা দেখিয়েছেন। কিন্তু নিজে প্রধানমন্ত্রীর আসনে বসেননি। ক্ষমতার কেন্দ্রের কাছাকাছি থেকেও সেই সর্বোচ্চ পদ থেকে দূরে থাকার সিদ্ধান্ত তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম স্বতন্ত্র পরিচয় হয়ে রয়েছে।

তবে সোনিয়া নিজে বইটিকে রাজনৈতিক আত্মপক্ষ সমর্থনের দলিল হিসেবে দেখতে চাননি। তাঁর কথায়, এটি রাজনৈতিক বই নয়, ব্যক্তিগত বই। পরিবারের মানুষগুলিকে তিনি যেভাবে চিনেছেন, তাঁদের ভালো-মন্দ, সাফল্য-ব্যর্থতা, আবেগ ও দুর্বলতা—সবকিছুই নিজের মতো করে তুলে ধরতে চেয়েছেন।
বইয়ের নামের মতোই এর কেন্দ্রে রয়েছে ভালোবাসা, হারানোর বেদনা এবং একটি দেশকে নিজের করে নেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা।

এই বইয়ের প্রচারে মূলস্রোত সংবাদমাধ্যমের একতরফা কোনও উচ্ছ্বাস ছিল, এমন বলা যাবে না। বরং তার মাঝেই কিছুটা খোঁচা, কিছুটা কুৎসার উপাদান ছিল। কিন্তু বইটি নিজের মতো করেই আলোচনার কেন্দ্রে এসেছে। রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়েও মানুষ জানতে চেয়েছেন, এই দীর্ঘ রাজনৈতিক জীবনের আড়ালে থাকা মানুষটির গল্প।

কংগ্রেস আজ আর আগের জায়গায় নেই। একসময় যে দল দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ছিল, আজ তাকে নানা রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে। কিন্তু দলীয় শক্তি কমে যাওয়া আর কোনও নেতার প্রতি মানুষের ব্যক্তিগত শ্রদ্ধা কমে যাওয়া এক কথা নয়। সোনিয়া গান্ধীর ক্ষেত্রে এই পার্থক্যটি স্পষ্ট।
তাঁর রাজনীতির সঙ্গে কেউ একমত হবেন, কেউ হবেন না। কিন্তু তাঁর দীর্ঘ সংযম, ব্যক্তিগত শোক সামলে উঠে দাঁড়ানো, ক্ষমতার সর্বোচ্চ পদকে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত—এই বিষয়গুলি তাঁকে অন্য মাত্রা দিয়েছে।
শেষ পর্যন্ত হয়তো সোনিয়ার বইয়ের সবচেয়ে বড় আকর্ষণ কোনও রাজনৈতিক চমক নয়। বরং এক নারীর জীবনসংগ্রামের গল্প। যিনি অন্য একটি দেশ থেকে এসেছিলেন, একটি পরিবারকে ভালোবেসেছিলেন, সেই পরিবারের একের পর এক মানুষকে হারিয়েছেন, তারপরও সেই দেশকেই নিজের দেশ বলে গ্রহণ করেছেন।

রাজনীতির মঞ্চে তাঁর পরিচয় অনেক। কংগ্রেস সভানেত্রী, ইউপিএ চেয়ারপার্সন, সাংসদ, দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। কিন্তু এই সব পরিচয়ের বাইরেও একজন মানুষ আছেন। যাঁর জীবনে ভালোবাসা আছে, হারানোর যন্ত্রণা আছে, দায়িত্ব আছে, আর আছে নিজের মতো করে বেঁচে থাকার এক নিরন্তর চেষ্টা। সম্ভবত সেই মানুষটিকেই এতদিন জানতে চেয়েছিল ভারত।

ক্ষমতা অনেকেই পেয়েছেন। ক্ষমতার জন্য অনেকেই লড়েছেন। কিন্তু ক্ষমতা যখন হাতের নাগালে, তখন স্বেচ্ছায় এক পা পিছিয়ে আসার দৃষ্টান্ত খুব বেশি নেই। সোনিয়া গান্ধীর জীবনকে তাই শুধু রাজনীতির মাপকাঠিতে বিচার করা যায় না। হয়তো এই কারণেই তাঁর বই নিয়ে এত আগ্রহ। কারণ মানুষ শুধু একজন রাজনীতিকের কথা জানতে চায় না, জানতে চায় সেই মানুষটির কথাও, যিনি দীর্ঘদিন নিজেকে আড়ালে রেখেছিলেন।

কখনও কখনও, আড়ালে থাকা মানুষের গল্পই সবচেয়ে বেশি আলোড়ন তোলে।

Previous post অডিও বুকের রমরমা, শুরু হয়েছিল সলিলের হাত ধরেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *