শহরের উপকণ্ঠেআদিবাসী ছোঁয়া

আপনি কখনও ডুমুরের ডালনা খেয়েছেন?‌ বাঁশপোড়া মটন?‌ শুঁটকি মাছ?‌ পোস্ত চিকেন?‌ শুনতে অদ্ভুত লাগতেই পারে। কিন্তু হাতের নাগালেই রয়েছে এমন সব বিচিত্র পদ। না, বহুমূল্য কোনও রেস্তোরাঁয় যেতে হবে না। শহর ছাড়িয়ে দূর কোনও জেলাতেও যেতে হবে না।

ইকো পার্কের পিছন দিকে গেলেই খোঁজ মিলবে এক অন্যরকম রেস্তোরাঁর। নাম ‘ধামসা’। এখানে ঢুকলেই মনে হবে, শহরের কোলাহল পেরিয়ে পৌঁছে গিয়েছেন কোনও আদিবাসী গ্রামে। অনেকটা জায়গাজুড়ে এর বিস্তার। গাছপালায় ঘেরা। গাছের গুঁড়ি দিয়ে তৈরি হয়েছে চেয়ার। টেবিলও অভিনব। চারপাশে ধামসা–‌মাদলের আবহ, ব্যাকগ্রাউন্ডে আদিবাসী গান। সব মিলিয়ে একেবারে অন্যরকম পরিবেশ।

রেস্তোরাঁর ভিতরটা যেমন সুন্দর করে সাজানো, বাইরের পরিবেশও তেমনই আকর্ষণীয়। সাজসজ্জায় গ্রামবাংলার ছোঁয়া, আদিবাসী সংস্কৃতির নানা উপাদান। যাঁরা একটু অন্যরকম পরিবেশে খেতে ভালবাসেন, তাঁদের কাছে জায়গাটি বেশ উপভোগ্য। এমনকী এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে যায় কর্মীদের পোশাকও। ধুতি আর গেঞ্জি পরে খাবার পরিবেশন করেন তাঁরা। সব মিলিয়ে একটা নিজস্ব আবহ তৈরি হয়েছে।
কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস— মনে করিয়ে দেয় গ্রাম বাংলার ফেলে আসা পরম্পরাকে।

তবে শুধু পরিবেশ দিয়ে নয়, খাবারের বৈচিত্র্য দিয়েও নজর কাড়ে ধামসা। মেনুতে রয়েছে বেশ কিছু অভিনব পদ। শুঁটকি মাছ থেকে শুরু করে বাঁশপোড়া চিকেন, মাটন—চেনা খাবারের বাইরে অন্য স্বাদের খোঁজ মেলে এখানে। গন্ধরাজ লেবু বা আমপোড়ার সরবত নিয়ে আপনাকে স্বাগত জানানো হবে। স্টার্টারে রয়েছে নানা বিচিত্র সব আইটেম, যা আর দশটা রেস্তোরাঁয় পাবেন না। রয়েছে নানা ধরনের থালি। পান্তা ভাত যেমন আছে, তেমনই আছে বরিশাল থালি। ফলে একসঙ্গে বেশ কয়েক রকম পদ চেখে দেখার সুযোগও রয়েছে।

খাওয়াদাওয়ার শেষ পাতে চমক আরও একবার। কালো চালের পায়েস, চাটনি, পাপড়—সব মিলিয়ে জমজমাট আয়োজন। বিশেষ করে কালো চালের পায়েসের মতো পদ খাবারের অভিজ্ঞতায় আলাদা মাত্রা যোগ করে।

এতসব আয়োজনের পরেও দাম সাধ্যের মধ্যে। অর্থাৎ শুধু অভিনব পরিবেশের জন্য নয়, পকেটের কথা ভেবেও এখানে আসা যায়।

আসলে কলকাতার মধ্যেই লুকিয়ে রয়েছে আরও একটা কলকাতা। যেখানে শহুরে ব্যস্ততার বদলে পাওয়া যায় গ্রামজীবনের আমেজ, লোকসংস্কৃতির ছোঁয়া আর একটু অন্যরকম স্বাদের অভিজ্ঞতা। শীতের দুপুরে কিংবা সন্ধ্যায় ধামসার এই পরিবেশ যেন আরও মায়াবী হয়ে ওঠে। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক, পরিবারের সঙ্গে খাওয়াদাওয়া কিংবা নিছকই নতুন কিছু অভিজ্ঞতা—ধামসা হতে পারে বেশ ভাল একটা গন্তব্য।

শহরের মধ্যে থেকেও কয়েক ঘণ্টার জন্য শহরকে ভুলে যেতে চাইলে, একবার ঘুরে আসতেই পারেন ধামসায়।

Previous post জটায়ু নির্ঘাত লিখে ফেলতেন, সারান্ডায় স্যারেন্ডার
Next post সত্যজিৎ থেকে ঋত্বিক, অমিতাভ থেকে রাজেশ খান্না …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *