রক্তিম মিত্র
আরও একটি এনকাউন্টার। সংখ্যাটা পাঁচে এসে দাঁড়াল। আহা, কী আনন্দ আকাশে বাতাসে। যেন এটা সরকারের বিরাট একটা সাফল্য। কী সুদর, আমরা উত্তর প্রদেশের পথে হেঁটে চলেছি।
আচ্ছা, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পুলিশের কাজ কী? অপরাধ হলে, তদন্ত করা। প্রমাণ জোগাড় করা। কোর্টে তুলে ধরা। সেই তথপ্রমাণের ভিত্তিতে অপরাধের চরিত্র অনুযায়ী আদালত বিচার করবে। আইন এবং সংবিধানকে রক্ষা করার শপথ নিয়েই একটা সরকার পথ চলে।
কিন্তু সরকারের প্রধান হুঙ্কার দিয়ে চলেছেন, ‘সকালে জমা, বিকেলে খরচ।’ কী আশ্চর্য, তিনি বলার পর একে একে মন্ত্রী, সাংসদ, বিধায়করাও এই জাতীয় সংলাপ আউড়ে চলেন। এইসব অর্বাচীনরা সংবিধানের শপথ নিয়েছেন। আসলে, কী শপথ নিয়েছেন, তার মানে কী, এটুকু বুঝতে যে বিদ্যেবুদ্ধিটুকু লাগে, তাও এই অর্বাচীনদের নেই।
প্রতিটি ক্ষেত্রে সেই এক চিত্রনাট্য। পুলিশ নাকি অভিযুক্তকে ধরে পুনর্নির্মাণ করতে নিয়ে গিয়েছিল। অভিযুক্ত নাকি পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পুলিশকে গুলি করতে চেয়েছিল। সেই কারণেই পুলিশ গুলি চালিয়েছে। বারবার এত ছেঁদো চিত্রনাট্য, ভাবনার দৈন্যতা দেখেও করুণা হয়।
ঘটনার পুনর্নির্মাণ করতে গেলে, সবসময় রাতেই কেন যেতে হচ্ছে? হাত বাঁধা থাকছে না কেন? কোথাও কোনও ভিডিও রেকর্ডিং হচ্ছে না কেন? এসব প্রশ্ন তুলতে গেলেই হয় বলা হবে দেশদ্রোহী, নইলে বলা হবে পাকিস্তানে চলে যাও। যেমন মূর্খ প্রশাসক, তাদের তেমন মূর্খ বাহিনী।
নিয়ম অনুযায়ী, এনকাউন্টার হলে ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হওয়ার কথা। কিন্তু সেই তদন্তের নামে কী প্রহসন হবে, তা জানা কথা। পুলিশ একরকম বয়ান দিচ্ছে। পুলিশ বলছে আত্মরক্ষার্থে বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। কিন্তু মূর্খ ভক্তদের আইন বাঁচিয়ে কথা বলার দায় নেই। তাঁরা নিজেরাই নিজেদের পিঠ চাপড়ে দিচ্ছেন। এনকাউন্টারের জন্য মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দিয়ে বসছেন। এটাকে নিজেদের সাফল্য বলে প্রচার করছেন। এনকাউন্টার মানে পুলিশের ব্যর্থতা। কী আশ্চর্য, সেই ব্যর্থতার জন্যও উল্লাস চলছে। ব্যর্থতার এমন উদযাপন আকাট মূর্খরাই করতে পারে।
অর্থাৎ, ম্যাজিস্ট্রেট তদন্তে প্রশাসন যে ব্যাখ্যাই দিয়ে থাকুক, ধামাচাপা দিতে ম্যাজিস্ট্রেট যাই করে থাকুন, আসল ঘটনা কী, এই ভক্তকূলের উল্লাসেই বোঝা যাচ্ছে। অর্থাৎ, প্রশাসন আইন বাঁচাতে বলবে, আমরা করতে বাধ্য হয়েছি। আর এই ভক্তকূল বলবে, বেশ হয়েছে।
ধরেই নিলাম, প্রতিবার অভিযুক্তরা বন্দুক ছাড়িয়ে নিচ্ছে। তাহলে, কেমন পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় পোষা হচ্ছে, সেটাই ভাবুন। আগে পুলিশ হয়তো টেবিলের তলায় লুকিয়েছে। কিন্তু কথায় কথায় এভাবে তাঁর রিভলভার কেড়ে নেওয়ার ঘটনা ঘটেনি। তাহলে, কোন পুলিশ বেশি অপদার্থ? কোন পুলিশ মন্ত্রী বেশি ব্যর্থ?
পুলিশের মূল কাজ অভিযুক্তকে গ্রেপ্তার করা। তার বিরুদ্ধে সাক্ষী জোগাড় করা। প্রমাণ সংগ্রহ করা। আদালতের কাছে প্রমাণ তুলে ধরা। বোঝাই যাচ্ছে, পুলিশ এই কাজটা পারবে না, এটা মুখ্যমন্ত্রী কার্যত মেনেই নিচ্ছেন। আচ্ছা, এই এনকাউন্টার মানে তো আদালতের বিচার প্রক্রিয়ার প্রতিও অনাস্থা জানানো। মানুষের আস্থা কমতেই পারে। তাই বলে আদালতের ওপর সরকারেরও আস্থা থাকবে না?
কোনও এক বিকৃতকাম মানুষ কোনও মহিলাকে ধর্ষণ করেছে। আর এখানে নির্বাচিত সরকার আইনি প্রক্রিয়াকে ধর্ষণ করছে। ভারতীয় ন্যয় সংহিতাকে প্রতিনিয়ত ধর্ষণ করছে। এবং সেই ধর্ষণেই উল্লাস করছে। আসল রাষ্ট্রদ্রোহী তাহলে কারা?
