হার্দিক ফের চোট পেলেপ্ল্যান ‘‌বি’‌ ভাবা আছে তো!‌

স্বরূপ গোস্বামী

একদিকে দেশের মাটিতে চলছে বিশ্বকাপ। রোহিত শর্মার নেতৃত্বে ভারতকে বিশ্বজয়ী দেখার অপেক্ষায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। ওদিকে, মুম্বই ইন্ডিয়ান্সের কর্তারা ভাবছিলেন অন্য কথা। দেশ বিশ্বকাপ খেলছে, তাতে তাঁদের কী?‌ বরং এবারের আইপিএলে কী চমক দেওয়া যায়, সেই চিন্তাতেই তাঁরা মগ্ন। আচ্ছা, সবথেকে বড় চমক কী হতে পারে!‌ যদি রোহিত শর্মাকে নেতৃত্ব থেকেই সরিয়ে দেওয়া হয়, তাহলে কেমন হয়!‌ সেই সিদ্ধান্তই তাঁরা নিয়ে ফেললেন। এবং রোহিতে নাকি জানিয়েও দিলেন।

বিশ্বকাপ চলাকালীন এত বড় একটা সিদ্ধান্ত নিতে হল?‌ সেই সিদ্ধান্ত কিনা রোহিতকে জানিয়েও দেওয়া হল!‌ এর কতটা খারাপ প্রভাব পড়তে পারে, মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা একবার ভেবেও দেখলেন না!‌ আসলে, ফ্র‌্যাঞ্চাইজি কর্তারা চাইছিলেন হার্দিক পান্ডিয়াকে আবার মুম্বইয়ের জার্সিতে ফিরিয়ে আনতে। কিন্তু হার্দিক আবার গুজরাট টাইটান্সের অধিনায়ক (‌একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স)‌। তিনিই বা খামোখা নিজের রাজ্যের দলের নেতৃত্ব ছেড়ে মুম্বইয়ের একজন সাধারণ ক্রিকেটার হিসেবে খেলতে যাবেন কোন দুঃখে!‌ অতএব, তিনিও শর্ত দিয়ে বসলেন, মুম্বইয়ে ফিরতে গেলে ‘‌নেতা’‌ হয়েই ফিরবেন। অর্থাৎ, হার্দিককে নিতে গেলে তাঁর এই শর্তও গিলতে হবে। ফলে, রোহিতকে সরতে হবে।

এই সবকিছু কিনা নিঃশব্দে ঘটে গেল বিশ্বকাপের সময়েই। যে রোহিত অধিনায়ক হিসেবে মুম্বইকে পাঁচবার আইপিএলে চ্যাম্পিয়ন করেছেন, তাঁকে বিশ্বকাপের মাঝপথেই সরিয়ে দিতেও দ্বিধা করল না মুম্বই!‌ ফ্র‌্যাঞ্চাইজি নিয়ন্ত্রিত এই আইপিএল কতটা নির্মম হতে পারে, এটা তার ছোট্ট একটা উদাহরণ। প্রশ্ন উঠতেই পারে, হার্দিক যে নেতৃত্বের শর্ত রেখেছিলেন, এটা কি হার্দিক নিজে বলেছেন?‌ নাকি মুম্বই ইন্ডিয়ান্স বলেছে?‌ রোহিতকে যে বিশ্বকাপের মাঝপথেই নেতৃত্ব ছাড়ার কথা বলা হয়েছে, এটাই বা কে বলেছেন?‌ রোহিতও না, ফ্র‌্যাঞ্চাইজি কর্তারাও না। কিন্তু নানা মূলস্রোত চ্যানেলে, কাগজে কদিন ধরেই জল্পনা চলল। যে মুম্বই ইন্ডিয়ান্স এত ঘন ঘন টুইট করে, সামান্য হেরফের হলে টুইট করে ভুল শুধরে দেয়, তারা এমন জল্পনা চলার পরেও অফিসিয়াল হ্যান্ডল থেকে কোনও পাল্টা টুইট করল না!‌

আসলে, এঁরা সরকারিভাবে ঘোষণা করেন না। শুরুতে হাওয়ায় ভাসিয়ে দেন। ব্যাপারটা গা–‌সওয়া করে দেন। তীব্র বিক্ষোভ বা সমালোচনা হলে, তখন পরিস্থিতি বুঝে ড্যামেজ কন্ট্রোল করা যাবে। যদি ভারত বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যেত, তখন রোহিতকে সরালে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারত। তখন হয়তো সিদ্ধান্ত গিলে ফেলতে হত। চ্যাম্পিয়ন যখন হয়নি, তখন রোহিতকে সরালেও তেমন প্রভাব পড়বে না, এটা ফ্র‌্যাঞ্চাইজি কর্তারা বিলক্ষণ জানতেন। ঠিক সেটাই হল। সোশ্যাল মিডিয়ায় কিছু ফলোয়ার কমল। এর বেশি আর উচ্চবাচ্য হল না।  

পরিসংখ্যান বলছে, শচীন–‌পন্টিংদের মতো কিংবদন্তিরা থাকা সত্ত্বেও প্রথম পাঁচবছর মুম্বইয়ের ঘরে ট্রফি ওঠেনি। ২০১৩ তে পন্টিংকে সরিয়ে নেতৃত্বে আনা হয় রোহিতকে। সেই বছর থেকেই চাকা ঘুরতে থাকে। সেই প্রথম চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায় নীতা আম্বানির দল। সবমিলিয়ে রোহিতের নেতৃত্বে পাঁচ বার আইপিএল ট্রফি এল আরব সাগরের তীরে (‌২০১৩, ১৫, ১৭, ১৯, ২০)‌। সবথেকে খারাপ ফল ২০২২–‌এ। সেবার দশ দলের টুর্নামেন্টে দশম স্থানটিই বরাদ্দ ছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য।

কিন্তু এবার?‌ এমনিতেই ক্রিকেটের নামের সঙ্গে জড়িয়ে আছে মহান অনিশ্চয়তার তকমা। তার ওপর আইপিএল। এখানে কে কত টাকা খরচ করল, কাদের দলে কোন তারকা, এসব দিনের শেষে মূল্যহীন। দলে বহুমূল্য ক্রিকেটার বলতে রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, যশপ্রীত বুমরা, ইশান কিষাণ। কিন্তু যে হার্দিককে এত ঘটা করে নেতৃত্বে আনা হল, তিনি সেই যে বিশ্বকাপে চোট পেয়েছেন, এখনও মাঠের বাইরে। আগেও লম্বা সময় কাটাতে হয়েছে চোটের কবলে। এতটাই চোটপ্রবণ, ফিরে এলেও আবার যে কোনওদিন ছিটকে যেতেই পারেন। তখন কার হাতে যাবে নেতৃত্বের ব্যাটন!‌ ফের রোহিত, নাকি কোনও তরুণ তুর্কি!‌ সেই প্ল্যান বি কি নীতা আম্বানি অ্যান্ড কোংদের ভাবা আছে!‌

মুম্বই ইন্ডিয়ান্স
ব্যাটার
রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নমন ধীর, নেহাল ওয়াধেরা, তিলক ভার্মা, ডেওয়াল্ড ব্রেভিস।

অলরাউন্ডার
হার্দিক পান্ডিয়া, মহম্মদ নবি, পীযূষ চাওলা, রোমারিও শেফার্ড, শামস মুলালি, শ্রেয়স গোপাল, অনশুল কম্বোজ, শিবালিক শর্মা।

উইকেট রক্ষক
ইশান কিষাণ, বিষ্ণু বিনোদ।

বোলার
যশপ্রীত বুমরা, জেসন বেহরেনডর্ফ, জেরাল্ড কোয়েটজি, দিলশান মাধুশঙ্কা, অর্জুন তেন্ডুলকার, নুয়ান তুষারা, আকাশ মাধওয়াল, কুমার কার্তিকেয়।   

Previous post ক্যাপ্টেন, দেখা হবে তোমায় আমায় অন্য গানের ভোরে
Next post জ্যোতিবাবু থাকলে ফেসবুক ছেড়ে মানুষের কাছেই যেতেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *