নিজের চিত্রনাট্যনিজেই লিখলেন

স্বরূপ গোস্বামী

সময় কমে আসছে। কমে আসছে ধৈর্যও। সাবেকি টেস্ট নাকি বড্ড সময় নেয়। সাতের দশকে একটু একটু করে হানা দিল একদিনের ক্রিকেট। তিন দশক পর সেই পঞ্চাশ ওভারও আর হজম হল না। মনে হল, আরও ছোট করে আনলে কেমন হয়। এসে গেল টি২০। এখন সেটাও যেন অনেক লম্বা সময়। তাই ম্যাচ নয়, আমরা বাঁচি মুহূর্তে।
‌ধরা যাক, ইউটিউবে কুড়ি মিনিটের কোনও ভিডিও। ভিউয়ার হয়তো পাঁচশো বা হাজার। অনেক লঘু কনটেন্টের তিরিশ বা চল্লিশ সেকেন্ডের রিলস। তার ভিউয়ার হয়তো মুহূর্তে লাখ ছাপিয়ে গেল। এসব উপমা ছেড়ে এবারের বিশ্বকাপ ফাইনালে আসি। দুটো মুহূর্ত নিয়ে চলছে জোরদার আলোচনা। এক, হার্দিকের স্লোয়ারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরে যাচ্ছেন হেনরিক ক্লাসেন। দুই, শেষ ওভারে ডেভিড মিলারের উঁচু শটে সূর্যকুমারের নাটকীয় ক্যাচ।
ওই, আমরা বাঁচি মুহূর্তে। তাই কঠিন পরিস্থিতিতে বিরাট কোহলির দুরন্ত সেই ৭৬ রান কী বেমালুম ভুলে গেলাম। যেন ভারতকে ব্যাট করতেই হয়নি। শুধু বোলিং আর ফিল্ডিং করেই বিশ্বকাপ এসে গেছে। ক্রিকেট খেলাটা এমনিতেই ব্যাটসম্যানদের দিকে ঝুঁকে। আইপিএল আসার পর তো আরও বেশি একপেশে। এখানে ক্রিকেট মানে যেন বোলারদের বধ্যভূমি। মুড়ি, মুড়কির মতো চার–‌ছয় হোক। বোলারদের তো জন্মই হয়েছে চার–‌ছয় খেয়ে অন্যের জীবন ধন্য করার জন্য।
এবারের বিশ্বকাপ অন্তত শুরুর দিকে সেই ধারণায় অনেকটাই আঘাত হেনেছিল। মার্কিন মুলুকে চার–‌ছয় তো দূরের কথা, উইকেট বাঁচানোই দায়। ১১০–‌১২০ করেও ড্যাং ড্যাং করে ম্যাচ জিতে যাচ্ছে। প্রথম তিন ম্যাচে বিরাট কোহলির স্কোরের দিকে তাকানো যাক— ১, ৪, ০। অর্থাৎ, গ্রুপ লিগে সর্বসাকূল্যে ৫ রান। সুপার এইটে আফগানিস্তান ও বাংলাদেশের বিরুদ্ধে ২৪, ৩৭ এলেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফের ০। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৯। ভারত যদি ফাইনালে হারত, নিশ্চিতভাবেই কাঠগড়ায় তোলা হত বিরাট কোহলিকেই। ওপেনিংয়ে নেমে ৭ ম্যাচে মাত্র ৭৫! গড় মাত্র সাড়ে সাত রান!‌ উঠে আসত এই নির্মম পরিসংখ্যান। ‌
কিন্তু কার জন্য কখন কী চিত্রনাট্য লেখা থাকে, বলা মুশকিল। ফাইনালে কঠিন পরিস্থিতিতে ত্রাতা হয়ে দাঁড়ালেন সেই বিরাটই। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর দরকার ছিল একটা আশ্রয়। গোটা টুর্নামেন্ট জুড়ে যে বিরাট নিজেই আশ্রয় খুঁজেছেন, সেই বিরাটের ব্যাটেই কিনা এল সেই আশ্রয়। ৫৯ বলে ৭৬ রানের ইনিংসটা নিছক কটি চার বা কটি ছয় বা স্ট্রাইক রেট কত, এই অঙ্কে মাপা যাবে না। প্রথমে একটা দিক আগলে রাখা, স্কোরবোর্ড একটু সচল হতেই হাত খোলা। টি২০ মানেই ‘‌ধর তক্তা মার পেরেক’‌ নয়, টি২০ মানেই দায়িত্বহীন চার–‌ছয়ের ফুলঝুরি নয়। টি২০ মানেই তারুণ্যের রংমশাল নয়। আসল সময়ে হাল ধরতে একটা চওড়া কাঁধ লাগে। অভিজ্ঞতা লাগে, দায়িত্ববোধ লাগে। এই বার্তাটাই যেন রেখে গেল বিরাটের ব্যাট।
আমরা কী অবলীলায় অতীতকে ভুলে যাই!‌ মাস ছয়েক আগে ৫০ ওভারের বিবকাপে এই বিরাটের ব্যাট থেকেই এসেছিল সর্বাধিক রান (‌৭৬৫)‌। ১১ ম্যাচের মধ্যে তিনটি শতরান, ছটি অর্ধশতরান। অর্থাৎ, ১১ ম্যাচের মধ্যে ৯টি তে বড় রান। কিন্তু তার পরেও নায়কের মর্যাদা জোটেনি। কারণ, ভারত ফাইনালে হেরে গিয়েছিল। তারপর আইপিএল। ১৫ ম্যাচে তাঁর রান ৭৪১। এবারেও সর্বোচ্চ রান তাঁরই। দু’‌নম্বরে থাকা ঋতুরাজ গায়কোয়াড় ছিলেন ১৫৮ রান পেছনে। একেবারে খাদের কিনারে চলে গিয়েছিল বেঙ্গালুরু। লিগ টেবিলের লাস্ট বয়। সেখান থেকে টানা পাঁচ ম্যাচে জিতে এসে গেল প্লে অফে। কিন্তু আইপিএলেও নায়কের মর্যাদা পেলেন না। কারণ, আরসিবি–‌র দৌড় থেমে গেল ওই প্লে অফেই।
টি২০ বিশ্বকাপের চিত্রনাট্যে কি বিরাট–‌রোহিতরা ছিলেন?‌ অন্তত বোর্ডের মতিগতি দেখে মোটেই তেমনটা মনে হয়নি। তাঁরা ধরেই নিয়েছিলেন, বিরাট–‌রোহিত যুগ শেষ, ভবিষ্যতের নেতা হার্দিক–‌শুভমানরা। কিন্তু দেশের মাটিতে বিশ্বকাপ না আসায় বোর্ডকর্তারাও বুঝলেন, মাঠে পারফরম্যান্স না থাকলে মাঠের বাইরের দাদাগিরি বজায় রাখা মুশকিল হবে। তাই ট্রফি চাই, ট্রফি। অতএব, বিরাট–‌রোহিত ছাড়া গতি নেই। পরিসংখ্যানের অনেক সীমাবদ্ধতা আছে ঠিকই, কিন্তু পরিসংখ্যান অনেক সময় অনেক সত্যিকে চোখে আঙুল দিয়ে দেখিয়েও দেয়। আচ্ছা, ২০২৩ সাল জুড়ে দেশের হয়ে বিরাট কোহলি কটা টি২০ ম্যাচে খেলেছেন?‌ উত্তর হল, একটাও না। ২০২২ এও যে বিরাট দেশের হয়ে কুড়িটি ম্যাচ খেললেন, ২০২৩–‌এ এসে সেই ম্যাচ সংখ্যা শূন্যে নেমে গেল কেন?‌ অর্থাৎ, বোর্ডও নানা অছিলায় তাঁকে ‘‌বিশ্রাম’‌ দিয়ে চলেছিল। এই ‘‌বিশ্রাম’‌ থেকেই হয়তো ‘‌আউট অফ সাইট, আউট অফ মাইন্ড’‌ হয়ে যেতেন। কিন্তু সেই ফিরিয়ে আনতেই হল।
জীবনের চিত্রনাট্য বড়ই বিচিত্র। এবার গোটা বিশ্বকাপে তেমন ছাপ ফেলতে না পারলেও, ফাইনালেই কিনা চওড়া হয়ে উঠল তাঁর ব্যাট। ভারত জিতেও গেল। এসে গেল মোক্ষম সুযোগ। বুঝিয়ে দিলেন, বোর্ডের লেখা চিত্রনাট্য নয়, তিনি নিজের চিত্রনাট্য নিজেই লিখবেন। জানিয়ে দিলেন, দেশের জার্সিতে শেষ টি২০ ম্যাচ খেলে ফেললাম। বোর্ডকে আর ফেয়ারওয়েল ম্যাচ করতে হল না। নিজের ফেয়ারওয়েল ম্যাচ নিজেই বেছে নিলেন। ‘‌আলবিদা’‌ জানানোর এর থেকে ভাল মঞ্চ আর কীই বা হতে পারত!‌ 

Previous post ক্রীড়া সাংবাদিক দিবসে একটু আয়নার সামনে দাঁড়ান ক্রীড়া সাংবাদিকরা
Next post পাহাড় হাসছে, জ্যোতিবাবুকে কখনও এমন ঢাক পেটাতে হয়নি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *