স্বরূপ গোস্বামী
‘কেউ বলে ফাল্গুন/ কেউ বলে পলাশের মাস/ আমি বলি, আমার সর্বনাশ’। এখানে ফাল্গুন নেই, তবে পলাশ আছে। কিন্তু ‘সর্বনাশ’ মানেটা ঠিক কী? অন্তত জটিলেশ্বর মুখার্জি ‘সর্বনাশ’ বলতে হয়তো অন্যকিছুই বোঝাতে চেয়েছেন। ঠিক যেমনটি বোঝাতে চেয়েছিলেন রবীন্দ্রনাথ, ‘তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ’।
খেলার লেখায় এত কাব্য করার কোনও মানেই হয় না। বিশ্বকাপ জয়ের পর আসমুদ্র হিমাচল যখন ‘চাক দে’র তরঙ্গে মাতোয়ারা, তখন কেই বা জটিলেশ্বর, আর কেই বা রবীন্দ্রনাথ! তবে ওই যে, ‘সর্বনাশ’। স্মৃতি মানধানার ‘সর্বনাশ’ আসন্ন।
না, ভয় পাওয়ার কিছু নেই। তাঁর ক্রিকেট জীবনে কোনও সংকট ঘনিয়ে আসেনি। আসার কথাও নয়। কিন্তু যে কোনওদিন একটা বড়সড় ঘোষণা হয়ে যেতেই পারে। যে কোনওদিন এই বাঁ হাতি ব্যাটারের মিডল স্টাম্প ছিটকে যেতেই পারে। অবশ্য উইকেট আগলে থাকতেই হবে, এমন কোনও ধনুকভাঙা পণ স্মৃতির নেই। ‘সর্বনাশ’ নিয়ে এতই যখন আলোচনা, বাংলা জানলে হয়তো গেয়েই বসতেন, ‘আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়’।
অবশ্য গানবাজনা উল্টোদিকের লোকটির কাজ। গানের ক্ষেত্রে তিনি আবার নিছক সব্যসাচী নন, তার থেকেও বেশি কিছু। গান লেখেন, সুর করেন, কণ্ঠ দেন। এখানেই শেষ নয়, গানের মিউজিক ভিডিও বানানোতেও পারদর্শী। সঙ্গে অভিনয় বা পরিচালনাও। অর্থাৎ, নিজের গানে নিজে লিপ দেওয়ার সুযোগও আছে। কমপ্লিট প্যাকেজ বলতে যা বোঝায়, তাই।
এত ঢাক ঢাক গুড়গুড়ের দরকার কী! খোদ স্মৃতির যখন গোপান রাখার দায় নেই, তখন অন্যদের এত দায় কীসের! সোজা কথা, একটা নতুন জুটি হতে চলেছে। ক্রিকেট মাঠে নয়, জীবনের বাইশ গজে। পলাশ মুছালের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন স্মৃতি মানধানা। এই খবরের মধ্যে কোনও ব্রেকিং নিউজের চাঞ্চল্য নেই। বরং, ক্রিকেট ও বিনোদনের সার্কিটে এটা এখন ‘সূর্য পূর্বদিকে ওঠে’র মতোই ওপেন সিক্রেট।
স্মৃতি যেমন ছোট থেকেই গলি ক্রিকেটে, পলাশ তেমনই ছোট থেকেই মঞ্চে। বলা যায়, ছোট থেকেই সেলিব্রিটি। কীভাবে? না, কোনও রিয়েলিটি শোয়ের সৌজন্যে নয়। পলাশের জন্ম ১৯৯৫ সালে। যখন কার্গিল যুদ্ধ চলছে, তখন বয়স চার বছর। দিদি পলক মুছেলের বয়স সাত। যুদ্ধের আবহে দেশজুড়ে তখন বাজছে ‘অ্যায় মেরে ওয়াতন কী লোগো’। সাত বছরের পলক দ্রুত সেই গান তুলে নিল। ইচ্ছে হল, দেশপ্রেমের গান গেয়ে টাকা তুলে সেই টাকা দিয়ে সৈনিকদের সাহায্য করবে। পলক না হয় তবু সাত বছর, কিছুটা হলেও জ্ঞানগম্যি হয়েছে। কিন্তু পলাশ তো সবে চার বছর। কার্গিল কী, যুদ্ধ কী, কিছুই বোঝে না। দিদির সঙ্গে সেও দিব্যি মঞ্চে উঠে পড়ল। দিদি আর ভাই মিলে গাইতে লাগল দেশপ্রেমের গান।
তখনও সোশ্যাল মিডিয়া আসেনি। ‘ভাইরাল’ শব্দটা তখন শুধু জ্বরের ক্ষেত্রেই ব্যবহার হত। কোনও একটা চ্যানেলে পলক আর পলাশের অনুষ্ঠান দেখাতেই নিমেশে ছড়িয়ে গেল। বিভিন্ন অনুষ্ঠানে ডাক আসতে লাগল। ওই বয়সেই দুই খুদে শিল্পীর অনুষ্ঠান থেকে যে টাকা উঠে এল, চমকে দেওয়ার মতোই। দিদি আর ভাই যেন তখন থেকেই সেলিব্রিটি। তারপর জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে দুজনেই আজ প্রতিষ্ঠিত। পলক, পলাশ দুটো নামই বলিউডে বেশ পরিচিত।
জঙ্গল মহলের রুক্ষ মাটিতে বসন্তে পলাশের দেখা মেলে। কিন্তু এবার যেন প্রাক–শীতের হেমন্তেই পলাশের উঁকিঝুঁকি। মেয়েদের বিশ্বজয়ের পর যেন আরও বেশি করে চর্চায় ‘স্মৃতির বয়ফ্রেন্ড’। বিরাট–অনুষ্কা জুটির সঙ্গে মিল যেমন আছে, অমিলও আছে। ক্রিকেট আর বিনোদন জগতের গাঁটছড়া নতুন কিছু নয়। পতৌদি–শর্মিলাই হোক, বা এই সময়ের বিরাট–অনুষ্কা। গড়পড়তা ধারণা, কর্তাটি আসেন খেলার মাঠ থেকে, আর গিন্নি রুপোলি জগৎ থেকে। এই ছকটা যেন উল্টে দিয়েছেন পলাশ–স্মৃতি। এখানে গিন্নি খেলার মাঠের, আর কর্তা বিনোদন জগতের। এখনই ‘কর্তা’, ‘গিন্নি’ শব্দগুলো হয়তো বেশি বাড়াবাড়ি মনে হতেই পারে। কিন্তু যে কোনও দিন একটা যৌথ ঘোষণা এল বলে! পলাশ তো কয়েক মাস আগেই বলে বসে আছেন, ‘খুব দ্রুত স্মৃতি ইন্দোরের পুত্রবধূ হয়ে আসতে পারে।’ ঝড়ের বেগে ইংরাজি বলা স্মৃতির প্রতিক্রিয়া! ছয় মারার পরের বলটাই যেমন আলতো ডিফেন্স করেন, অনেকটা সেইরকম। এই প্রশ্নে তিনি যেন ‘লাজে রাঙা হল কনে বউ গো’–র মতোই।
হঠাৎ করে সম্পর্ক তৈরি হয়ে গেল, এমনও নয়। এই সম্পর্ক অন্তত ছয় বছরের। মাঝে লকডাউনের থমকে থাকা সময় পেরিয়েছে। শুরুর দিকে জড়তা ছিল, আড়াল ছিল। সেটাই স্বাভাবিক। তবে ‘উই আর জাস্ট ফ্রেন্ড, নাথিং এলস’ মার্কা সংলাপও ছিল না। বছর দুই আগে, স্মৃতি তখন গেছেন বাংলাদেশে খেলতে। পড়শি দেশের গ্যালারিতে দেখা গেছে ততদিনে বলিউডে বিখ্যাত হয়ে ওঠা পলাশকে। সম্পর্কের পাঁচ বছর উদযাপন হয়েছে বেশ ঘটা করেই। কেক কাটার ছবি, ভিডিও দিব্যি ঘুরে বেড়াচ্ছে ইনস্টাগ্রামে। অর্থাৎ, কোনও পক্ষেই ‘গোপন কথাটি’ গোপন রাখার মরিয়া চেষ্টা নেই।
অতয়েব, নতুন একটা জুটিকে স্বাগত জানানোর জন্য তৈরি থাকুন। পলাশের কণ্ঠে গান যেমন থেমে যায়নি, তেমনই স্মৃতির ব্যাটে রানও থেমে যায়নি। গান আর রান, দুটোই সমানতালে চলতে থাকুক।
