স্বরূপ গোস্বামী
কেউ বসে আছেন মেট্রো সিনেমার আশেপাশে। কেউ আবার একটু এগিয়ে, কার্জন পার্কের কাছে। কেউ ইডেনের উল্টোদিকের মাঠে। ভারতের নীল জার্সির ছড়াছড়ি। বিভিন্ন মাপের, বিভিন্ন দামের। বাড়ি থেকে যে যাঁর মতো পোশাক পরে এসেছেন। মাঠে ঢোকার আগে হয়তো সেই পোশাকের ওপরই কোনও একটা জার্সি গায়ে চাপিয়ে নেবেন। এটাই বহুদিনের রেওয়াজ।
কিন্তু একঝলক সেইসব অস্থায়ী জার্সির দোকানের সামনে দাঁড়ালে মনে হবে, টাইম মেশিনে আপনি বোধ হয় অনেকটা পিছিয়ে গেছেন। খেলা হচ্ছে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের। জিতলে ভারত পৌঁছে যাবে সেমিফাইনালে। আর হারলে বিশ্বকাপ অভিযান থেকে বিদায়। দলের অধিনায়কের নাম সূর্যকুমার যাদব। দলের দুই ওপেনার অভিষেক শর্মা আর সূর্যকুমার যাদব। আছেন ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মা, শিবম দুবেরা। আর বোলার! যশপ্রীত বুমরা, অক্ষর প্যাটেল, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদবরা।
কিন্তু কী আশ্চর্য! ওই জার্সির দোকানে ঢুঁ মারলে আপনার মনেই হবে না। কে বলবে এটা ২০২৬ সাল! আপনি যদি ইডেনের আশপাশের রাস্তায় ঘোরেন বা গ্যালারিতে ঢুঁ মারেন, তাহলেও আপনি বিভ্রান্ত হতে বাধ্য। কারও পিঠে লেখা ধোনি, কারও পিঠে কোহলি, কারও পিঠে রোহিত। একজন দেশের হয়ে শেষ খেলেছেন সাত বছর আগে। অন্য দু’জন দেশের হয়ে টি২০–কে গুডবাই জানিয়েছেন প্রায় দু’বছর আগে। তবু সূর্যকুমারের নাম লেখা জার্সি যত না বিক্রি হচ্ছে, তার থেকে ঢের বেশি বিক্রি হচ্ছে ধোনি বা কোহলি লেখা জার্সি।
অর্থাৎ, না থেকেও তাঁরা আছেন। প্রবলভাবেই আছেন। আর আইপিএলের দুনিয়ায়! সেখানে তো সশরীরেই আছেন। বয়স যতই চোখ রাঙাক, এখনও ভীষণভাবে বর্তমান।
তিন মহাতারকাই আইপিএলে খেলছেন সেই ২০০৮ থেকেই। তিনজনই তিন ঘরানায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন। তিনজনের ট্র্যাকরেকর্ডে নানা বৈচিত্র। বিরাট কোহলি কখনই বেঙ্গালুরু ছেড়ে অন্য কোনও ফ্র্যাঞ্চাইজির জার্সি পরেননি। ধোনি আর চেন্নাই যেন আরও বেশি করে সমার্থক। কিন্তু মাঝে দু’বছর চেন্নাই ছিল নির্বাসনের আওতায়। সেই সময় ধোনিকে পুনের জার্সি গায়ে চাপাতে হয়েছিল। অন্যদিকে রোহিত। শুরুর তিন বছর হায়দরাবাদে কাটলেও ২০১১ থেকেই মুম্বই ইন্ডিয়ান্সে।
ট্রফি জয়ের ক্ষেত্রে ধোনির সঙ্গে মিল আছে রোহিতের। সেখানে বিরাট যেন অনেকটাই পিছিয়ে। ধোনি এবং রোহিত দুজনেই অধিনায়ক হিসেবে পাঁচবার করে আইপিলের ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন। কিন্তু বিরাট দীর্ঘ সতেরো বছর এই স্বাদ থেকে বঞ্চিতই ছিলেন। আঠারো তম বছরে এসে আঠারো নম্বর জার্সির মালিকের হাতে ধরা দিয়েছিল ‘অধরা মাধুরী’।
আরও একটা ব্যাপারে তিনজনের বিরাট মিল। তিনজনই লম্বা সময় ধরে দলকে নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এখন তিনজনই ‘প্রাক্তন’। তবে ধোনি বা বিরাট যেটা স্বেচ্ছায় ছেড়েছেন, রোহিতের ক্ষেত্রে তেমনটা ঘটেনি। তাঁর ঘাড়ের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। তাই ধোনি বা কোহলি নেতৃত্বের দায়িত্বে না থাকলেও দলের অঘোষিত নেতা, সেখানে রোহিত কিছুটা যেন অভিমানী।
কলকাতার এবার সত্যিই মন খারাপ। এবার আইপিএলের গ্রুপ পর্বে ধোনি বা কোহলির খেলা দেখা যাবে না। চেন্নাইয়ের সঙ্গে একবারই খেলা, সেটা হয়ে গেছে চেন্নাইয়ে। বেঙ্গালুরুর সঙ্গে প্রথম পর্বের খেলা হয়েছে বেঙ্গালুরুতে, কিন্তু পরের পর্বের খেলা রাইপুরে। তাহলে, যাঁরা ধোনি বা কোহলির নাম লেখা জার্সি বিক্রি করেন, তাঁদের কী হবে? টি২০ বিশ্বকাপের আবহেও তাঁরা নিশ্চিতভাবেই জানতেন, সূর্যকুমার লেখা জার্সির থেকেও ধোনি বা কোহলি লেখা জার্সির কদর বেশি। জনতাও সেটাই বুঝিয়ে দিয়েছে। কিন্তু এবার ধোনি, কোহলিরা আইপিএলের আঙিনায় থাকলেও ইডেনে নেই।
আবহমানকাল ধরেই ইডেন যেন ভিন্ন ঘরানার। মুস্তাক আলি বাদ গেলে এখানে আওয়াজ ওঠে নো মুস্তাক, নো টেস্ট। আসিফ ইকবাল বিদায়ী টেস্টে যে অভ্যর্থনা পান, তা করাচি বা লাহোরেও পেতেন কিনা সন্দেহ। ভারত নেই, এই দুঃখকে বুকে নিয়েও অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ম্যাচ দেখতে কানায় কানায় ভরে ওঠে একলাখি গ্যালারি। আইপিএলের আবহেও কিন্তু ইডেন জানে সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে। তাই নাইটদের সঙ্গে চেন্নাইয়ের খেলা হলে গ্যালারি হলুদ হয়ে ওঠে। বা নাইটদের সঙ্গে বেঙ্গালুরুর খেলা হলে নাইটের জার্সি গায়েও লোকে ‘বিরাট–বিরাট’ বলে চেঁচিয়ে ওঠে।
চাণক্যের একটি বহু চেনা শ্লোক, ‘স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে।’ ইডেন যেন সেই চাণক্যনীতিই মেনে এসেছে। সে গুণীকে কদর করতে কার্পণ্য করেনি। তাই কলকাতার উল্টোদিকে থাকা ধোনি বা কোহলিকে নায়কের মর্যাদা দিতে কখনও দ্বিধা করেনি।
গত কয়েক বছর ধরে বিরাটের দিকে বারবার ধেয়ে এসেছে একটাই প্রশ্ন, এটাই কি আপনার শেষ আইপিএল? কিন্তু বিরাট প্রতিবারই হেলিকপ্টার শট মেরে প্রশ্নগুলোকে গ্যালারিতে উড়িয়ে দিয়েছেন। বয়স চুয়াল্লিশ! কার তাতে কী? গত দু–তিন বছর ধরে তিনি কখনও নেমেছেন আট নম্বরে, কখনও নয় নম্বরে। অনেক ম্যাচে ব্যাট করার সুযোগই আসেনি। এলেও খেলেছেন হয়তো তিন–চারটি বল। চেন্নাইয়ের মালিকরা বা চেন্নাইয়ের জনতা যদি এরপরেও তাঁকে মাথায় করে রাখেন, তাহলে কার গাত্রদাহে কী এসে যায়! এবারের আইপিএলের প্রথম পাঁচ ম্যাচে তিনি ছিলেন না। এমনকী দলের সঙ্গে মাঠেও দেখা যায়নি। তারপরও চেন্নাই মানেই যেন ধোনির দল। যেখানেই তিনি যাবেন, সেটাই তাঁর ঘরের মাঠ। সেখানেই গ্যালারির রঙ নিমেশে হলুদ হয়ে যাবে। এই চুয়াল্লিশেও তিনিই হ্যামলিনের বাঁশিওয়ালা।
অন্যদিকে বিরাট। তিনিই সম্ভবত আরসিবির প্রবীণতম ক্রিকেটার। কিন্তু ফিটনেস বিচার্য হলে দেখা যাবে, তিনিই আবার তরুণতম ক্রিকেটার। আর ব্যাট হাতে! ভুলে যাবেন না, আগের আইপিএলেও সর্বাধিক রানের বিচারে তিনিই ছিলেন প্রথম তিনে। এবারও পাঁচ ম্যাচের পর সব তরুণকে পিছনে ফেলে তিনিই শীর্ষে। পুরনো চাল দিব্যি ভাতে বাড়ছে।
আইপিএল মানেই নাকি তারুণ্যের জয়গান। একেক ম্যাচে একেকজন এসে চমকে দিয়ে যাবেন। বৈভবের মতো বিস্ময় বালক মাঝে মাঝেই ব্যাট হাতে তাণ্ডব দেখিয়ে যাবে। তারপরও আইপিএলের আসল প্রাণভোমরা কিন্তু এই ধোনি–বিরাটরাই। বয়স বেড়েছে, তবু বৃদ্ধ বলা যাবে না। আইপিএলের ভুবনে এখনও তাঁরাই যে বনস্পতির ছায়া।
