ভারতের একটু ছোঁয়া, সেটাই বা কম কী?‌

একটুকু ছোঁয়া লাগে

স্বরূপ গোস্বামী

সেই ১৯৫০। ওই একবারই বিশ্বকাপে অংশ নেওয়ার আমন্ত্রণ এসেছিল ভারতের কাছে। সে যেন এক রূপকথার মতোই। হঠাৎ করে আসা সুযোগকে খেলায় হারিয়েছিল ভারত। অনেকে মনে করেন, বিশ্বকাপ ফুটবলের গুরুত্ব কতটা, ভারতীয় ফুটবলের তখনকার কর্তারা সেটা বুঝতেই পারেননি।
এ যেন সেই ‘‌প্রেম একবারই এসেছিল নীরবে।’‌ আর কখনও ডাক আসেনি। পাঁচের দশকে কখনও অলিম্পিকে চতুর্থ হয়েছি। পাঁচ আর ছয়ের দশক মিলিয়ে দু’‌বার এশিয়ান গেমসে সোনা পেয়েছি। অলিম্পিকের দৌড় থেমে গেছে সেই ষাটের রোম অলিম্পিকে। আর এশিয়ান গেমসে শেষ পদক সত্তরে। সাড়ে পাঁচ দশক পর আমরা শুধু সেই স্মৃতির ঢেঁকুর তুলে একটা দীর্ঘশ্বাস ছাড়তে পারি। আত্মবিস্মৃত জাতির আবার স্মৃতিতেও বড় অ্যালার্জি। ফলে, তার কাছে সবকিছুই বড় ধূসর। সে মোবাইলে লা লিগা দেখে, প্রিমিয়ার লিগ দেখে।
৪৮ দেশের বিশ্বকাপ। দূরবীন দিয়ে দেখলেও দেড়শো কোটি ভারতকে খুঁজে পাওয়া যাবে না। দেড়শো কোটির ভারত বিশ্ব ফুটবলের র‌্যাঙ্কিংয়ে দেড়শোর কাছাকাছি। কেপ ভার্দের মতো আফ্রিকার ছোট্ট একটা দেশ। যার জনসংখ্যা দেড় লাখের মতো। অর্থাৎ আমাদের বাঁশদ্রোণী বা পাইকপাড়ার মতোই। তারাও বিশ্বকাপে রাঙিনায়। অথচ আমরা সেই নিষ্ফলের, হতাশের দলে।
সেদিন ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর মাঠে নামার দিন। সকালেই দুরন্ত হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। তার ঠিক আগের রাতে জোড়া গোল করে ফুল ফুটিয়েছেন কিলিয়ান এমবাপে। এবার পর্তুগালের সিআর সেভেন কী করেন, সেদিকেই চোখ ছিল তামাম বিশ্ববাসীর। উল্টো দিকে ছিল কঙ্গো। আফ্রিকার এই দলটির ফুটবল ইতিহাস খুব উজ্জ্বল নয়। অনেকে ধরেই নিয়েছিলেন মেসির মতোই রোনাল্ডোও দুর্বল প্রতিপক্ষ পেয়ে হয়তো তাক লাগিয়ে দেবেন। রোনাল্ডো বল পেলেই গ্যালারি উত্তাল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেদিন একটি নামের উচ্চারণ বারবার কানে এসে লাগছিল। ধারাভাষ্যকাররা মাঝে মাঝেই মুথুস্বামী মুথুস্বামী বলে চিৎকার করে উঠছিলেন। বিশ্বকাপের আঙিনায় নানা দেশের নানা নাম। নাম শুনলেই অনেকটা আন্দাজ করা যায় কে কোন দেশের। আমার দেশ তো কোথাও নেই। তাহলে বারবার মুথুস্বামী–‌মুথুস্বামী বলে চিৎকার কেন? আসলে কঙ্গোর হয়ে সেদিন জ্বলে উঠেছিলেন ভারতীয় বংশোদ্ভুত এই ফুটবলার। তামিলনাড়ু থেকে হঠাৎ গিয়ে কঙ্গোর জার্সি গায়ে নেমে পড়লেন, ব্যাপারটা মোটেই এমন নয়। কয়েক প্রজন্ম আগে তাঁর পরিবারের লোকেরা দেশ ছেড়েছিলেন। তামিলনাড়ুর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয় অনেক আগেই। তামিল সংস্কৃতির আবহে বেড়েও ওঠেননি। কারণ, তাঁর জন্ম, বেড়ে ওঠা ফ্রান্সে। ক্লাব ফুটবলে হাতেখড়ই সেই ফ্রান্সেই। ফ্রান্সের হয়ে সুযোগ পাওয়া কঠিন, এটা বুঝেই চলে আসেন কঙ্গোয়। ২০১৯ সালেই কঙ্গোর হয়ে অভিষেক। ২০২৩ সালে আফ্রিকান কাপ অফ নেশানসেও সুযোগ পান এই ডিফেন্সিভ মিডফিল্ডার। দলে নিয়মিতই ছিলেন। তাই ২০২৬ বিশ্বাকে  সুযোগ পাওয়াটা মোটেই লটারি পাওয়ার মতো নয়। মোটামুটি প্রত্যাশিতই ছিল। প্রথম ম্যাচেই কিনা রুখে দিলেন রোনাল্ডের পর্তুগালকে। রোনাল্ডোর জন্য তৈরি মঞ্চে অনেকটা আলো এসে পড়ল এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের মুখে।  একদিকে রোনাল্ডোর বিবর্ণ মুখ, অন্যদিকে অখ্যাত কঙ্গোর অখ্যাত মুথুস্বামীদের মুখে যেন হাজার আলোর রোশনাই। ভারতীয় হিসেবে ছবিটা দেখতে মন্দ লাগছে না।
অবশ্য মুথুস্বামীকে দিয়েই যে এবার অভিযান শুরু হয়েছে, এমন নয়। শুরুটা করেছেন নিশান ভেলুপিল্লে। তাঁর মা অ্যাংলো ইন্ডিয়ান, বাবা তামিল। বাবার জীবনের বড় একটা সময় কেটেছে মালয়েশিয়ায়। তিনিও একসময় ফুটবল খেলতেন। ফলে, ফুটবলটা থেকে গিয়েছিল রক্তেই। একটা সময় চলে যান অস্ট্রেলিয়ায়। নিশানের জন্ম, বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। মেলবোর্ন ভিকট্রির দরজা খুলে যায় ২০২১ সালে। জুনিয়র ফুটবলার হিসেবে সেই মরশুমে ২৫ গোল পেয়ে সাড়া ফেলে দেন। দলে নিয়মিত জায়গা করে নেন। ২০২৫ নাগাদ সর্বাধিক গোলের পুরস্কারও পান। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে জাতীয় দলের ডাক পান। প্রথম ম্যাচেই গোল। মেক্সিকোর বিরুদ্ধেও গোল পেয়েছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচেই তুরস্কের বিরুদ্ধে এই উইঙ্গারকে নামিয়ে দেন অসি কোচ। তবে প্রথমার্ধে নয়, তাঁকে নামানো হয় ৬১ মিনিটে। সেই ২০০৬ সালে ফ্রান্সের হয়ে খেলেছিলেন বিকাশ দোরাসু। তারপর মাঝে কুড়ি বছরের ব্যবধান। আবার কোনও ভারতীয় বংশোদ্ভুত খেলোয়াড়কে দেখা গেল বিশ্বকাপের আঙিনায়। সেই ম্যাচে অস্ট্রেলিয়া জিতল ২–‌০ ব্যবধানে। আবির্ভাবেই খুব যে নজর কেড়েছেন, এমন নয়। তবে দীর্ঘ ২০ বছর পর ভারতের গন্ধ মাখা কেউ একজন বিশ্বকাপে খেলছেন, এটাই বা কম কী!‌
ঠিক তার পরের দিনই ছিল আরও এক চমক। এবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে শুরু থেকেই মাঠে নামতে দেখা গেল সরপ্রীত সিংকে। পদবী দেখেই বোঝা যায়, একেবারে খাঁটি পাঞ্জাব কা পুত্তর। তাঁর বাবার আদি নিবাস জলন্ধরে। সরপ্রীতের জন্মের ঠিক আগের বছরই তাঁর বাবা ও মা পাড়ি দেন নিউজিল্যান্ডে। অকল্যান্ডে একটি মুদির দোকান খোলেন তাঁর বাবা। ফলে, সরপ্রীতের জন্ম, বেড়ে ওঠা অকল্যান্ডেই। যদি পাঞ্জাবে জন্মাতেন, হয়তো হকি বা ক্রিকেট খেলতেন। নিউজিল্যান্ডেও ক্রিকেটের চল আছে ভালই। কিন্তু এই ছেলে ঝুঁকলেন ফুটবলের দিকে। ১৬ বছর বয়সে সুযোগ এল ওয়েলিংটন ফোনেক্সে। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার পরই এই অ্যাটাকিং মিডফিল্ডারের সুযোগ এসে যায় বায়ার্ন মিউনিখে। পরে জার্মানির বিভিন্ন ক্লাবেও খেলেছেন। জাতীয় দলের খেলার জন্যও বেশিদিন অপেক্ষা করতে হয়নি। তিনিই প্রথম ভারতীয় যিনি শুরু থেকেই বিশ্বকাপের কোনও ম্যাচে খেললেন। একেবারে ইনজুরি টাইমের আগে পর্যন্ত, অর্থাৎ পাক্কা ৯০ মিনিট তাঁকে মাঠে রাখলেন কোচ।  
কাতারের দলে আছেন তাশিন মহম্মদ জামশিদ। বাবা–‌মা দুজনেই কেরলের মালাবার এলাকার মানুষ। বাবা জামশিদ একসময় ফুটবল খেলতেন। তাশিনের অবশ্য জন্ম কাতারেই। আল দুহাইল এস সি–‌র হয়েও খেলেছেন। মাত্র ১৯ বছরেই বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন। বিশ্বকাপে সুযোগ পাওয়া সর্বকণিষ্ঠ ভারতীয় বংশোদ্ভূত তিনিই। তবে প্রথম ম্যাচে তাঁকে রিজার্ভ বেঞ্চেই কাটাতে হয়েছে।
এতদিন চার ভারতীয় বংশোদ্ভূত বিশ্বকাপারের কথাই শোনা যাচ্ছিল। হঠাৎই আরও একজনের ভারতীয় সংযোগ সামনে এল। তিনি উরুগুয়ের ম্যাক্সিমিলিয়ানো জাভিয়ের আরাউজো। কাতার বিশ্বকাপের বাছাইয়েও প্রাথমিক ৫৫ জনের দলে ছিলেন। যদিও শেষমেশ সুযোগ আসেনি। এবার শুধু সুযোগ এল না। সৌদি আরবের বিরুদ্ধে গোলও করে বসলেন। তাঁর দাদু নাকি একসময় গোয়ার বিখ্যাত কার্টুনিস্ট ছিলেন। সেদিক থেকে দেখতে গেলেস ভারতীয় বংশোদ্ভূত হিসেবে গোল করার প্রথম কৃতিত্ব তাঁর।
যত দিন যাচ্ছে, নতুন নতুন নাম সামনে আসছে। গোকুলে আরও অনেকেই বাড়ছে, যাঁদের নাম এখনও সেভাবে সামনে আসছে না। গোল করলে বা সাড়া ফেললেই হয়তো দেখা যাবে, তাঁর কেউ না কেউ ভারতে থাকতেন। অর্থাৎ, দেশ হিসেবে ভারত না থাকলেও ভারতের ছোঁয়া থেকেই যাচ্ছে। আপাতত একটুকু ছোঁয়া লাগে। বিশ্বকাপের মানচিত্রে এতদিন অচ্ছুৎ থাকা একটা দেশের কাছে সেই ছোঁয়াটুকুই বা কম কী!‌ 

Previous post নিজেদের গুন্ডাদের আগে সামলান
Next post বিধানবাবু ও একটি আটপৌরে সভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *