দাদনপাত্রবাড়

স্বরূপ গোস্বামী

সন্ধে নামে একলা আকাশ থেকে
পাখির দল ফিরেছে আপন ঘরে
সব কোলাহল থেমে গেছে নিমেশেই
একাকী এই সন্ধে নামার পরে।

মন ফিরে যায় সেদিনের সন্ধ্যায়
উত্তাল সেই সমুদ্রের ঢেউ
ওদিকে ভীড় তেমন নেই
দুজন ছাড়া আর ছিল না কেউ।

অনেক দূরে নৌকোগুলো বাঁধা
সৈকত বেয়ে হেঁটে যাওয়া সেই পথ
জোয়ারের জল একটু একটু বাড়ে
হালকা দুলুনি, নৌকোই যেন রথ।

আকাশে তখন পূর্ণিমার চাঁদ
জ্যোৎস্না খেলে সমুদ্রে আর পাড়ে,
গান ধরব তোর হাতে হাত রেখে
আমাদের সেই দাদনপাত্রবাড়ে।

Previous post কানাইয়ালাল নয়, বিধানসভার ওপরই করুণা হচ্ছে
Next post চেনা শহরকে নতুন করে চিনে নিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *