অজিত গঙ্গোপাধ্যায়

ভাগাড়ের অধিকার কেড়ে নিলে
তোমরা শকুন যারা
ছিঁড়ে ছিঁড়ে খাবে পরে তোমাদের
চিল আর শকুনেরা
চারিদিকে এতো খাবারের স্তূপ
তবুও ভরে না পেট ?
মৃত জন্তুর মাংস চিবিয়ে
বাড়াতে চাইছো রেট ?
ভাগাড়কে শেষে অতি সমাদরে
ঢোকালে রান্নাঘরে
ভাবলে না কভু শকুনের কথা
তারা বাঁচবে কেমন করে ।
মানব সমাজে শকুনের দল
চিরদিন চিরকাল
ভাগাড়ের যতো নোংরা খেয়েই
বেঁচে আছে কোটি সাল
তোমরা এবার কেড়ে নিতে চাও
ভাগাড়েরও অধিকার
হজম করতে পারবে কি কভু
মৃত পশুদের হাড় ?
কাকেরা খায়না কাকের মাংস
একথা জগৎ জানে
সেই কাকের চেয়েও নিকৃষ্টতম
মানুষ হয় কেমনে !
বায়সের সাথে গৃধিনীর দল
ভাগাড়ে যাবেনা আর
মানুষের ছাদে বসে বসে খাবে
মৃত মানুষের হাড়
গৃধ্র গৃধিনী বড় অভিমানী
করে শুধু উপকার
উড়ে যায় গ্রহে গ্রহান্তরে
যেখানে আছে ভাগাড ।
যারা মানুষের উপকার করে
মানুষ তাদেরই মারে
একদিন শব থাকবেই পড়ে
রাজপথে থরে থরে ।
এ জগতে আজ মানব শ্রেষ্ঠ
তবুও ঘরে ভাগাড়
ভাবতে পারিনা মানুষের ঘরে
মৃত মানুষের হাড় ।।

Previous post এবার নতুন ফেলুদা যিশু!‌
Next post কী মারাত্মক কথা?‌ একজন মুখ্যমন্ত্রী এভাবে বলতে পারেন!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *