প্রবাস জীবনের অন্তহীন অপেক্ষা

অন্তরা চৌধুরি

একটা সময় ছিল যখন আমার কছে ছুটির দিনের কোনও বাড়তি গুরুত্ব ছিল না। আর দশটা দিনের সঙ্গে রবিবারের কোনও তফাত ছিল না। মনে হত, আমার মতো কর্মহীন মানুষের জীবনে রোজই তো ছুটি। এই ভাবনার মধ্যে আনন্দ যত না ছিল, দীর্ঘশ্বাস ছিল তার থেকে ঢের বেশি।

তারপর একদিন চাকরির অপেক্ষা ফুরোল। হতাশার হাহুতাশ বন্ধ হল। চলে এলাম একেবারে ভিন্‌রাজ্যে। নতুন পরিবেশ, নতুন জায়গা, নতুন মানুষ, নতুন চাকরি। বুঝতে আর বোঝাতে অনেকটা সময় পেরিয়ে গেল। কোনও কিছু পাল্টানোর উপায় যখন নেই, তখন নিজেকেই মানিয়ে নিতে লাগলাম। কিন্তু সব কিছু থেকে কেমন যেন আলাদা হয়ে গেলাম। বিচ্ছিন্ন দ্বীপের মতো একা। আগে প্রবাসীর চিন্‌চিনে ব্যথার অনুভূতিটা কখনও বুঝিনি। প্রয়োজনও হয়নি। এখন আমার এই প্রবাস জীবনের দিন কাটে স্বদেশে ফেরার অপেক্ষায়।

অপেক্ষার প্রহর আরও লম্বা হয় এই দুর্গাপুজোর সময়। সেই কতদিন আগে থেকে টিকিট কেটে রাখা। মনে মনে নিজেকে গুছিয়ে রাখা। কারণ, পুজোর সময় বাড়ি যাব। কী আকূল প্রতীক্ষা! ক্যালেন্ডারে শরৎ আসার আগে থেকেই সেই আনন্দ যাপন করা। এই বুঝি ট্রেন আসছে। এই বাড়ির কাছাকাছি এসে গেলাম। স্টেশন থেকে টোটোয় যখন ফিরব, দরজায় নিশ্চয় কেউ দাঁড়িয়ে থাকবে!‌ এমন কত দৃশ্যকল্পই না তৈরি হয়। অপেক্ষাই তখন হয়ে ওঠে যাপনচিত্র।

বয়সের সঙ্গে সঙ্গে অপেক্ষার চরিত্রগুলো কেমন যেন বদলে যায়। যখন ছোট ছিলাম তখন সারা বছর ধরে অপেক্ষা করতাম কখন দুর্গাপুজো আসবে, নতুন জামা হবে, জুতো হবে, নতুন ‘শুকতারা’ হবে, স্কুল ছুটি পড়বে! তারপর পুজো যত এগিয়ে আসত, অপেক্ষা আর উদগ্রীব মিলে মিশে তীক্ষ্ণ থেকে আরও তীক্ষ্ণতর হয়ে উঠত। তখন স্কুল যেতে, টিউশন যেতে কী যে বিরক্ত লাগত বলে বোঝানোর নয়। ঠাকুর দালান থেকে উঠতে মনই চাইত না। সনৎ সিংহের গানের ভাষায়— ‘মন বসে কি আর’!

তারপর একদিন স্বাভাবিক নিয়মেই ছেলেবেলা ফুরল। এখন বড়বেলা না বুড়োবেলা, জানি না। তবে একটু ফাঁক পেলেই স্মৃতির সরণি দিয়ে হাঁটতে বেশ লাগে। আহা, আগে কী সুন্দর দিন কাটাইতাম!‌ সেই সুন্দর স্মৃতিগুলোই কোথাও যেন মনখারাপকে আরও বাড়িয়ে দেয়। দুর্গাপুজো এলে বাড়ি ফেরার জন্য বড় মনে কেমন করে। আগে বর্ষা ফুরোলেই ভোরের বেলা হাঁটতে বেরোতাম। টুপ টুপ করে পড়া হিমে গাছের পাতা আর দুর্বা ঘাস ভিজে থাকত। ভোরের ঠান্ডা হাওয়ায় মিশে থাকত শিউলির গন্ধ। ফিনফিনে কুয়াশা, আর অবাধ্য কাশফুল মনে করিয়ে দিত পুজো আসছে। শরতের সেই ভোরগুলো ছিল বড় অদ্ভুত। বড় শান্ত, স্নিগ্ধ। মানবদা শরতের নীল আকাশ দেখতে শিখিয়েছিলেন। পুজোর আগে যখন পড়তে যেতাম, উনি বলতেন, ‘‌আকাশটা কী আশ্চর্যরকম নীল দেখ। এই সময় আকাশে যে নীল দেখা যায় সেটা সারা বছর আর কখনও দেখা যায় না।’‌ স্বীকার করতে দ্বিধা নেই, নীর রং যে এত সুন্দর, আগে কখনও অনুভব করিনি। দেখতাম, কিন্তু দেখার চোখটাই তৈরি হয়নি।

পুজোর আগের এই যাপন, এই অপেক্ষা, এই ব্যাকুলতা বড় মধুর। পুজো আসছে- সকলের কী আকূল প্রতীক্ষ! অপেক্ষা আর প্রতীক্ষার মধ্যে কী পার্থক্য জানি না। পুজোর এই আগের দিন গুলোতে ভোর বেলায় চালিয়ে দিতাম আগমনি গান— ‘যাও যাও গিরি আনিতে গৌরি উমা বড় দুখে রয়েছে।’ অমর পালের কণ্ঠে গানটা শুনলে মনে হত উমার আসার অপেক্ষা যতটা আমাদের, উমার নিজের অপেক্ষাও বড় কম নয়। মা ফোনে বলে, ‘আমার উমা কবে আসবে?’ বাড়ির লোকেদের বারবার ঘুরে ফিরে একই প্রশ্ন, কখন ট্রেন? কখন নামবি? বাড়তি এক দিনও ছুটি পাবি না? উত্তর বদলায় না। প্রশ্ন–‌উত্তরের মাঝখানে থেকে যায় দুই পক্ষের এক ক্লান্তিহীন অপেক্ষা।

নিজের দেশ, নিজের বাড়ি, নিজের প্রিয়জনের জন্য মন কেমন করা— এ এক অসাধারণ অনুভূতি। নিজের জায়গা ছেড়ে না বেরোলে কোনও দিন বুঝতেই পারতাম না যে আমার নিজের বাড়ি, নিজের রাজ্য, নিজের ফেলে আসা সব কিছুকে আমি কতখানি ভালবাসি। আত্মীয়হীন সুদূর প্রবাসে থাকি বলেই বোধ হয় বাংলা ও বাঙালির জন্য মন কেমন করে। ভিনরাজ্যে কারও মুখে বাংলা শব্দ শুনলেই যেন ‘‌নিজের লোক’‌ মনে হয়। ফেলে আসা প্রাত্যহিক দৈনন্দিনতাকেও এখন বড় মহার্ঘ্য, বড় অপূর্ব বলে মনে হয়। কর্মক্লান্ত দিনের শেষে রাত আসে। একাকী প্রবাসীর জীবন নিঃঝুম নিস্তব্ধতায় ভরে যায়। কখনও কখনও মাঝ রাত্রিরে ঘুম ভেঙে গেলে চুপচাপ জানলার ধারে দাঁড়িয়ে থাকি। দৃশ্যমান কিছুই নেই কয়েকটা বাঁশ ঝাড় ছাড়া। দূরে একটা তালগাছ একাকী দাঁড়িয়ে থাকে আমার মতোই। একটা পুকুর, জানালা থেকে যার একটা কোন দেখা যায়। এত রাতে ডিঙি নৌকো নিয়ে কেউ যেন ভেসে যায়।‌ কয়েকটা তারা আকাশে জ্বলজ্বল করে। মাঝে মাঝে রাতের নিস্তব্ধতাকে চিরে যখন শেয়াল ডেকে ওঠে তখন অন্তরাত্মাও কেঁপে যায়। আর দূর থেকে ভেসে আসে ট্রেনের হুইসেল। মনে হয় রোজই তো ট্রেনটা আমার ‘‌দেশে’‌ যাচ্ছে। কাছেই তো স্টেশন। কিন্তু চাইলেই কি যাওয়া যায়! আসলে অপেক্ষা শুধু বাড়ি ফেরার নয়, অপেক্ষা নিজের ফেলে আসা পুরনো সত্তার কাছে আরও একবার ফিরে যাওয়ার।

Previous post এইসব লোকেদের কেউ গ্রন্থাগারের দায়িত্ব দেয়!‌
Next post নিজের বিধায়কও আপনার হুমকিকে পাত্তা দেন না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *