নিজের বিধায়কও আপনার হুমকিকে পাত্তা দেন না

বঙ্কিম রায়

আপনার বাড়িতে একটি টিভি বা কম্পিউটার খারাপ হয়েছে। আপনি মিস্ত্রি ডেকে আনলেন। তিনি সেই কম্পিউটার খোলার আগে থেকেই বলতে শুরু করলেন, আগে যে মেকানিক কাজ করেছে, সে নিশ্চিতভাবে কিছু ভুল করেছিল। তাই আপনার টিভি খারাপ হয়েছে।
আপনি ঘাড় নাড়লেন।
এবার তিনি বললেন টিভিটা খুলতে হবে। কিন্তু কিছুতেই খুলতে পারছেন না। কারণ, স্ক্রু ড্রাইভার বা অন্যান্য সামগ্রী সঙ্গে আনেননি। তিনি আপনার কাছেই সেই সরঞ্জাম চাইলেন। আপনি কোত্থেকে পাবেন?‌ তখন আবার সেই আগের মেকানিকের নামে গালমন্দ। সে কেন রেখে যায়নি?‌
অনেক কষ্টে স্ক্রু ডাইভার জোগাড় হল। এবার তিনি টিভি খুলে খুব গম্ভীর মুখে আবার বলতে শুরু করলেন, বুঝলেন, আগের মিস্ত্রি এসব নষ্ট করে দিয়েছে। কিন্তু চিন্তা করবেন না। আমি সারিয়ে দেব। এই এই বদলাতে হবে। এত টাকা লাগবে।
আপনি তাতেও রাজি।
জোড়াতালি দিয়ে যদিওবা ঠিক হল, দুতিন দিন পর আবার খারাপ। এবার আপনি হয়তো আবার খবর দিয়েছেন। তিনি এখনও বলে চলেছেন, আপনার আগের মিস্ত্রি সব খারাপ করে দিয়েছে। আপনাকে বলেই তিনি ক্ষান্ত হলেন না। তিনি আপনার স্ত্রীকে শোনালেন। পাড়ায় পাঁচুদার চায়ের দোকানেও শোনালেন। নিজের বাড়িতে গিয়ে নিজের বউকেও শোনালেন।
তিনি যে এত টাকা খরচ করে এত যন্ত্রপাতি আনালেন, তিনি যে সারাতে পারলেন না। সেটা বড় কথা নয়। আসল কথা হল, আগের মিস্ত্রি সারতে পারেননি।
আপনার বাড়ি থেকে বেরিয়ে তিনি রমেশবাবুর বাড়িতে গেলেন। সেখানে গিয়েও বলতে শুরু করলেন আপনার বাড়ির সেই পুরনো মিস্ত্রির কথা। অথচ, রমেশবাবুর টিভিতে তো আগে কেউ হাত দেয়নি। না দিলে কী হবে!‌ আপনার বাড়িতে যে পুরনো মিস্ত্রি দেখে গেছে। তাই রমেশবাবুর টিভিও নাকি খারাপ হয়ে গেছে।

কোনও মিল পাচ্ছেন?‌ আমাদের প্রধানমন্ত্রীই বলুন, আর নতুন মুখ্যমন্ত্রীই বলুন, দুজনেই এক গোত্রের। নিজেদের কোনও দায় বা দায়িত্ব নেই। সব আগের সরকারের ওপর দোষ চাপিয়ে দাও। মুখ্যমন্ত্রী না হয় কয়েক মাস হল দায়িত্ব নিয়েছেন। কিন্তু প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া বারো বছর হয়ে গেল। এখনও তিনি কথায় কথায় নেহরুজিকে টেনে আনছেন। তাঁর যাবতীয় ব্যর্থতার দায় যেন নেহরুর।

নতুন মুখ্যমন্ত্রীও সেই পথেই হাঁটছেন। পালা করে আগের সরকারকে গাল পাড়ছেন। দরকার হলে আরও পিছনে চলে যাচ্ছেন। ৩৪ বছর টেনে আনছেন। তাঁর যে কোনও দায় আছে, দেখে মনেই হচ্ছে না। রাজ্যে কোনটা সমস্যা, এখনও ঠিক চেনেন বলে মনে হয় না। সারাক্ষণ হিন্দু, মুসলমান, গেরুয়া, সনাতনী, সাধুসন্ত— এসব নিয়েই কাটিয়ে দিচ্ছেন।

যাদবপুরে তিনি নাকি ড্রোন ওড়াবেন। কে কার হাত ধরে হাঁটছে, সেই ভিডিও খুঁজে বের করবেন। অথচ, তাঁর দলের বিধায়ক যে একদল গুন্ডা নিয়ে রাতভর তাণ্ডব চালালেন, আগুন লাগালেন, ভাঙচুর করলেন, সেগুলো তিনি দেখতেও পান না। বিরোধীদের হুঙ্কার দিয়ে কী হবে?‌ সাহস থাকে তো নিজের দলের বিধায়ক ও তাঁর পোষা বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিন। এটার জন্য কোনও ড্রোন ওড়াতে হবে না। সব চ্যানেলেই দেখা গেছে। সোশ্যাল মিডিয়ায় সেইসব তাণ্ডবের ছবি দিব্যি ঘুরছে।

আসলে, ওই বিধায়ক বা তাঁর গুন্ডারা জানতেন, আপনি কিছুই করতে পারবেন না। সেটাই সত্যি হল। যদি যথার্থ মুখ্যমন্ত্রী হতেন, নিজের দলের বিধায়ককে গ্রেপ্তার না করুন, অন্তত শাসন করতে পারতেন। তা যখন পারেননি, তখন না হয় চুপচাপ রইলেন। হুঙ্কার ছেড়ে নিজের কোন অক্ষমতাকে আড়াল করছেন?‌ আপনার হুঙ্কারকে কে পরোয়া করে জানি না, তবে আপনার দলের লোকেরা যে করে না, সেটা পরিষ্কার।

Previous post প্রবাস জীবনের অন্তহীন অপেক্ষা
Next post একটা মেসিকে পেয়েছি, এও কি কম পাওয়া?‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *