নয়ের দশকেই যেন ‘‌প্রাক্তন’‌ হয়ে গেলেন মহানায়ক

বাঙালি উত্তম কুমার বলতে অজ্ঞান। মহানায়ক বললে আর দ্বিতীয় কারও নাম মনে পড়ে না। একটি মুখই ভেসে ওঠে। কিন্তু সত্যিই কি আমরা উত্তম কুমারকে ভালবাসি?‌

প্রশ্নটা শুনলে রেগে যাওয়ারই কথা। বাঙালি উত্তম কুমারকে ভালবাসে না?‌ আচ্ছা, একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন তো, উত্তম কুমারের কটা ছবি আপনি সিনেমা হলে গিয়ে দেখেছেন?‌ মানে, টিকিট কেটে দেখেছেন?‌

যাঁরা ছয়ের দশক বা সাতের দশকে বেড়ে উঠেছেন, তাঁদের কথা বলছি না। কিন্তু যাঁদের বয়স পঞ্চাশের নীচে, তাঁরা উত্তম কুমারের যত ছবি দেখেছেন, তা টিভিতেই। তখন জুলাই মাস মানেই চারটি সপ্তাহে উত্তম কুমারের চারটি ছবি। ‘‌সবেধন নীলমণি’‌ দূরদর্শনে নানা সময়েই ঘুরিয়ে ফিরিয়ে সেইসব ছবি হত। কিন্তু তারপর আর কটা ছবি দেখেছি?‌

যখনই কেবল টিভি এসে গেল, তখনই উত্তম কুমার যেন ‘‌প্রাক্তন’‌ হয়ে গেলেন। এখনও প্রতি বছর জুলাই মাসে নিয়ম করে নন্দনে উত্তম কুমারের সিনেমা নিয়ে রেট্রোস্পেকটিভ হয়। প্রায় কুড়িখানা ছবি দেখানোর ব্যবস্থা থাকে। কিন্তু আমরা কজন দেখতে যাই?‌ এখন তো ইউটিউবে চাইলেই উত্তম কুমারের বিভিন্ন পুরনো ছবি দেখা যায়। গত এক বছরে আপনি কটা ছবি দেখেছেন?‌ ওই ফেসবুকে কয়েক মিনিটের ক্লিপিংস আসে, ঘুরেফিরে সেগুলো হয়তো দেখেছেন। কিন্তু পুরো ছবি কটা দেখেছেন?‌ একশো জন বাঙালিকে নিয়ে সমীক্ষা চালান। হয়তো দেখবেন, এমন বড়জোর একজনকে পাচ্ছেন যিনি গত এক বছরে উত্তম কুমারের ছবি দেখেছেন।

আসলে, উত্তম কুমার আমাদের একটা নস্টালজিয়া। আমরা সেটাকে ভাঙিয়ে চলতে চাই। কিন্তু উত্তমের ছবি নিয়ে আমরা যেসব উদাহরণ দিয়ে থাকি, তার সবই তিরিশ–‌চল্লিশ বছর আগে দেখা ছবি। হলে গিয়েও দেখি না। এমনকী ফ্রিতে ইউটিউবেও দেখি না।

তাই শতবর্ষের উত্তম নিয়ে আমরা যে যাঁর মতো করে ভাষণ দেব। কেউ কেউ চায়ের দোকানেই গুলতানি মারব। কিন্তু যদি সত্যিই শ্রদ্ধা থাকে, এই বছরটায় সপ্তাহে অন্তত একটা ছবি দেখুন। কোত্থাও যেতে হবে না, ঘরে বসে ইউটিউবেই দেখুন। সপ্তাহে দুই থেকে আড়াই ঘণ্টা সময় বের করতে পারবেন না?‌ তাহলে আপনি কীসের উত্তম অনুরাগী?‌

Previous post টুকরো টুকরো কত ছবিতে কতকিছু শিখিয়ে গেলেন!‌
Next post আপনার বাড়িতে পুজো সংখ্যা নেওয়া হয়!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *