মিথ আর মিথ্যেমিলেমিশে একাকার

স্বরূপ গোস্বামী

আচ্ছা, কপিলদেবের সেই ১৭৫ রানের ইনিংসটা দেখেছেন?‌
প্রশ্নটি একবার হাওয়ায় ভাসিয়ে দিন। তারপর দেখুন কীসব উত্তর আসে। কেউ বলবেন, ‘‌উফ, কী ব্যাটিংটাই না করেছিল। ওই ইনিংস কখনও ভোলা যায়!‌ আমরা তো আশাই ছেড়ে দিয়েছিলাম। সেখান থেকে কপিলদেব কী ব্যাটিংটাই না করল।’‌
কেউ হয়ত বলবেন, ‘‌আমাদের বাড়িতে তখনও টিভি আসেনি। পাশের বাড়ির অমুক কাকুর বাড়িতে দেখেছিলাম। এখনও চোখের সামনে ভাসছে।’‌
কেউ বলবেন, ‘‌ওই ইনিংসটা একটা রূপকথা। কপিল বাপ কা বেটা। এরকম ইনিংস দেখাটা ভাগ্যের ব্যাপার।’
কেউ আবার বলবেন, ‘‌তখন তো গ্রামে টিভি আসেনি। পরে অনেকবার হাইলাইটস দেখেছি। উফ, কী মার, কী মার। চিরদিন মনে থাকবে।’‌‌
মোটামুটি এই জাতীয় উত্তরই ভেসে আসবে। অর্থাৎ, সবাই দেখেছেন। সবাই ওই ইনিংসের সাক্ষী। কিন্তু ঘটনা হল, ওই ম্যাচ সরাসরি দেখার কোনও প্রশ্নই ছিল না। কারণ, খেলাটা হয়েছিল লন্ডন থেকে কিছুটা দূরে টানব্রিজ ওয়েলস নামক অখ্যাত একটা মাঠে। ওই ম্যাচের কোনও ভিডিও রেকর্ডিং হয়নি। বিবিসির আর্কাইভেও নেই। এমনকী, স্বয়ং কপিলদেবের কাছেও নেই।
কিন্তু ম্যাচটা কেন দেখানো হয়নি?‌ বলা হয়, সেদিন বিবিসি–‌র ধর্মঘট ছিল। কথাটা সত্যিই, তবে একমাত্র সত্যি নয়। ধর্মঘট সত্ত্বেও ম্যাচ দেখাতে বাধা ছিল না। আসলে, সেদিন ছিল একসঙ্গে চারটি ম্যাচ। বিবিসি–‌র দুটি চ্যানেলে দুটির বেশি দেখানোর উপায় ছিল না। একটি ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ আগের দু’‌বার বিশ্ব চ্যাম্পিয়ন বলে কথা। তাদের ম্যাচ তো দেখাতেই হয়। একটি ম্যাচ ইংল্যান্ড বনাম পাকিস্তান। বিবিসি ইংল্যান্ডের ম্যাচ দেখাবে না, তাই কি হয়!‌ ভারত–‌জিম্বাবোয়ে ম্যাচকে সেদিন ধর্তব্যের মধ্যে আনেনি বিবিসি। সেই কারণেই সেই অখ্যাত মাঠে সম্প্রচারের টিম পাঠানো হয়নি। কে জানত, ওই অখ্যাত মাঠেই এমন ইতিহাস লেখা হবে!‌  

***
আসলে, বাঙালির জীবনে এমন গল্পের অন্ত নেই। বাঙালি সেই ছোট থেকেই পাঠ্যবইয়ে পড়ে এসেছে, মায়ের ডাকে সাড়া দিয়ে বিদ্যাসাগর উত্তাল দামোদর নদী সাঁতরে পেরিয়েছিলেন। যাঁরা বিদ্যাসাগর নিয়ে পাঁচলাইনও জানেন, তাঁরাও এই গল্পটা জানেন। অথচ, বিদ্যাসাগরের নিজের কোনও লেখায় এমন কথা নেই। জীবনীকাররাও রাতের বেলায় নদী পেরোনোর গল্পকে তেমন মান্যতা দেননি।
ঠিক তেমনই সিনিয়র পিসি সরকারকে নিয়ে একটি গল্প চালু আছে। তিনি নাকি কোথায় ম্যাজিক দেখাতে চার ঘণ্টা পরে পৌঁছোন। দর্শকরা দীর্ঘ অপেক্ষা করে বিরক্ত। পিসি সরকার নাকি বললেন, সবাই নিজের ঘড়ি দেখুন। দেখা গেল, সবার ঘড়িতেই বিকেল চারটে বাজে। অর্থাৎ, তিনি লেট করেননি। গল্পটা কীভাবে ছড়িয়ে গেল, কে জানে!‌ বাঙালি যুগ যুগ ধরে বিশ্বাসও করে এল। প্রত্যক্ষদর্শীও গজিয়ে গেল। অথচ, তাঁর ছেলে জুনিয়র পিসি সরকার সাফ জানিয়েছেন, আমার বাবার সঙ্গে এমন কোনও ঘটনাই ঘটেনি। গোটাটাই আষাঢ়ে গপ্পো।
এখন তো সলিল চৌধুরির জন্ম শতবর্ষ চলছে। তাঁকে নিয়েও একটা গল্প হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইউটিউবে দিব্যি ছড়াচ্ছে। তিনি নাকি লস এঞ্জেলেসের একটি দোকানে এমন সেতার বাজিয়েছিলেন, রাস্তার লোক জড়ো হয়ে গিয়েছিল। কিন্তু এমন কোনও ঘটনাই ঘটেনি।  
***
এই তিন ঘটনায় না হয় প্রত্যক্ষদর্শী হওয়ার তেমন সুযোগ ছিল না। কিন্তু কপিলের ১৭৫ তো সেই তুলনায় হাল আমলের। সবে চার দশক পেরিয়েছে। তাছাড়া, এটা টিভিতে দেখা নিয়ে প্রশ্ন। দেখেছি, বলে দেওয়াই যায়। দেখেছি না দেখিনি, কে দেখতে যাচ্ছে?‌ আসলে, সবাই সেই ইনিংসের সাক্ষী থাকতে চান। অন্তত সাক্ষী ছিলাম, এটা বোঝাতে চান। তার জন্য বেমালুম মিথ্যে বলেন। তিনি হয়ত জানেনও না, সেই ম্যাচ দেখানো হয়নি।
তবে সবাই কি মিথ্যে বলেন?‌ এককথায় ‘‌মিথ্যুক’‌ তকমা না এঁটে দেওয়াই ভাল। একটা অন্যরকম মনোবৈজ্ঞানিক ব্যাখ্যার কথাও শুনেছিলাম। সবাই যে সচেতনভাবে মিথ্যে বলছেন, এমন নয়। আসলে, ওই ইনিংসটা একটা মিথ হয়ে আছে। তাই অনেকে মনে করেন, তিনি হয়ত সত্যিই দেখেছেন। লোকের মুখে এতবার ওই ইনিংসের কথা শুনেছেন, শুনতে শুনতে ভেবে বসেন, তিনিও হয়তো দেখেছেন। অবচেতনভাবেই এই ভাবনাটা এসে যায়। কেউ কেউ বিশ্বকাপের ফাইনাল দেখেছেন। সেটাকেই ওই ম্যাচ ভেবে গুলিয়েও ফেলেন।  
এভাবেই মিথ আর মিথ্যে মিলেমিশে একাকার হয়ে যায়। ‌

Previous post শুধু শরিকদের ঘাড়ে দায় চাপালে যন্ত্রণা মিটবে তো!‌
Next post এ কলকাতার মাঝেই তো আরেকটা কলকাতা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *