সৃজন শীল
দিনটা ১৯৯১ এর ২২ মে। আগের রাতে নিহত হয়েছেন রাজীব গান্ধী। তখনও অন্ত্যেষ্টি হয়নি। দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহ। কংগ্রেস নেতৃত্ব জরুরিকালীন আলোচনায় সিদ্ধান্ত নিলেন, সোনিয়া গান্ধীই হবেন কংগ্রেসের পরবর্তী সভাপতি। প্রস্তাব গেল দশ জনপথে। সেই সন্ধেতেই সেই প্রস্তাব সবিনয়ে ফিরিয়ে দিলেন সোনিয়া। স্বামী হারানোর যন্ত্রণা, কান্নায় ভেঙে পড়েছেন, সেই সময়েই নিলেন সবথেকে সাহসী এক সিদ্ধান্ত।
ভোট পর্ব চুকে গেল। কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সরকার গঠনের দৌড়ে অনেকটাই এগিয়ে। কংগ্রেস থেকেই পরবর্তী প্রধানমন্ত্রী হবেন, এটা পরিষ্কার। ফের প্রস্তাব গেল দশ জনপথে। এতদিনে হয়তো শোক সামলে উঠেছেন। এখন হয়তো দায়িত্ব নিতেও পারেন। কিন্তু সেদিনও ‘না’ বলতে দু’বার ভাবেননি। প্রধানমন্ত্রী হয়ে গেলেন নরসীমা রাও।
সরকার নিজের নিয়মে চলছে। কিন্তু বারেবারেই অনুগামীরা ভিড় করছেন তাঁর কাছে। একটাই আর্জি, ম্যাডাম, আপনি দায়িত্ব নিন। কিন্তু তিনি বারবার ফিরিয়েই দিয়েছেন। অবশেষে এলেন, সময়টা ১৯৯৮। ততদিনে যুক্তফ্রন্ট সরকারেরও পতন ঘটেছে। কেন্দ্রে বাজপেয়ীর সরকার। প্রথমে তের মাস, পরে পাঁচ বছর। ২০০৪ এর ভোটে কংগ্রেসের মুখ কে? অবশ্যই সোনিয়া গান্ধী। সবাই জানতেন, জিতলে তিনিই প্রধানমন্ত্রী। কংগ্রেস সমর্থকদের মধ্যে যেমন দ্বিধা ছিল না। তেমনই বিরোধীদের মধ্যেও তেমন সংশয় ছিল না। মাঝে শরদ পাওয়ার, পিএ সাংমা, তারিক আনোয়াররা বিদ্রোহী হয়েছিলেন ঠিকই, কিন্তু কয়েক মাস যেতে না যেতেই তাঁদের সেই বিদ্রোহ যেন মিইয়ে গেল। শুরুতে কয়েকদিন শিরোনাম দখল করলেও জনমানসে তাঁরা ক্রমশ মিলিয়েই গেলেন। ২০০৪ এর আগে তাঁরাও মিনমিন করে বলতে শুরু করলেন, সোনিয়া প্রধানমন্ত্রী হলে তাঁদের আর কোনও আপত্তি নেই।
নির্বাচনে দুরন্ত জয়ও এল। সঙ্গে বামেদের সমর্থন তো ছিলই। বামেরা ঠিক করলেন সরকারে যাবেন না। বাইরে থেকে সমর্থন করবেন। তবে প্রধানমন্ত্রীত্বের ব্যাপারে তাঁদেরও বাজি সেই সোনিয়াই। উমা ভারতী, সুষমা স্বরাজরা মস্তক মুণ্ডন করার হুমকি দিলেন ঠিকই, কিন্তু সেই হুমকি হালে পানি পেল না। অর্থাৎ, কার্যত ফাঁকা মাঠ। কিন্তু গোটা দেশকে চমকে দিয়ে সোনিয়া ঘোষণা করলেন, তিনি প্রধানমন্ত্রী হবেন না। ‘অন্তরাত্মা কি পুকার’ এই বাক্যটাই ব্যবহার করেছিলেন দশ জনপথের ম্যাডাম।
তাহলে কে? অনেকে বলতে শুরু করলেন, তিনিই হবেন, একটু দর বাড়াচ্ছেন। দলের মধ্যে নিজের গুরুত্বহ আরও বাড়াতে চাইছেন। দুদিন ধরে চলল আলোচনা। নির্যাস একটাই, ম্যাডাম, দেশ সঙ্কটে। এই সময় আপনাকেই নেতৃত্ব দিতে হবে। প্লিজ রাজি হয়ে যান। বাম–সহ অন্যান্য শরিকদের দিক থেকেও আর্জি আসতে লাগল, আপনাকেই দায়িত্ব নিতে হবে। কিন্তু তিনি অনঢ়। কিছুতেই ওই চেয়ারে বসবেন না। নানা নাম যেমন ভেসে উঠল, তেমনই নানা প্রসঙ্গও উঠে এল। কেউ ভাবলেন প্রণব মুখার্জির কথা। কেউ ভেবে নিলেন রাহুল গান্ধীর কথা। কিন্তু মনমোহন সিং যে প্রধানমন্ত্রী হতে পারেন, কোনও মূলস্রোত মিডিয়াতেই এমন কোনও আভাস ছিল না। কিন্তু সবাইকে চমকে দিয়ে নম্র, মৃদুভাষী সর্দারজিকেই এগিয়ে দিলেন সোনিয়া।
আচ্ছা, সোনিয়া যদি প্রধানমন্ত্রী হতেন, কী হত! হয়তো তেমন সফল হতেন না। কিন্তু ক্রাইসিস ম্যানেজার হিসেবে তো প্রণব মুখার্জি ছিলেন। আমলারাও ছিলেন। অন্যান্য মন্ত্রীরাও ছিলেন। মিলিত চেষ্টায় সরকার ঠিকই চলত। তখন না হয় হননি। পাঁচ বছর পর, অর্থাৎ ২০০৯ এ রাহুল অনেক পরিণত। মনমোহন সিংকে একবার আলাদা করে ডেকে বললেই স্বেচ্ছায় কুর্সি ছিড়ে দিতেন। তখন রাহুলকে এগিয়ে দিতেই পারতেন। কোনও স্তরে কোনও বাধাই আসত না।
পরপর দুটো টার্ম ইউপিএ–র সরকার চলেছি। রাহুল যে কোনও দিন, যে কোনও দপ্তরের মন্ত্রী হতে পারতেন। কিন্তু দশ বছর ধরে এই হাতছানি, এই প্রলোভন কিন্তু উপেক্ষা করেছেন। দৃঢ়ভাবে ‘না’ বলতে পেরেছেন। যাঁরা তাঁকে পাপ্পু বলে উপহার করেন, যাঁরা সোনিয়াকে ‘পাপ্পু কি মা’ বলে পরিহাস করেন, তাঁরা কখনও এই সংযম, এই আত্মত্যাগ দেখাতে পেরেছেন?
গান্ধী পরিবার নিয়ে অনেক সমালোচনাই হতে পারে। কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা প্রধানমন্ত্রী হওয়ার বা ক্যাবিনেট মন্ত্রী হওয়ার প্রস্তাব হেলায় ফিরিয়ে দিয়েছেন। এর জন্য বুকের পাটা লাগে বইকি!
