নিজস্বতা আনতে গিয়েইদুর্বোধ্য করে ফেললেন

বিপ্লব মিশ্র

নাটক থেকে সিনেমা বা সিনেমা থেকে নাটক। কোনওটাই নতুন নয়। সংস্কৃতির আঙিনায় এমন রূপান্তর হামেশাই চলে। একটা আঙ্গিকের সঙ্গে অন্য আঙ্গিকের তফাত থাকবে, সেটাই স্বাভাবিক। আমরা চাই বা না চাই, পারস্পরিক একটা তুলনাও এসেই যায়।

সৃজিত মুখার্জি যখনই ঘোষণা করেছিলেন, তিনি উইঙ্কল টুইঙ্কল নিয়ে ছবি বানাবেন, তখন থেকেই যেন অদৃশ্য একটা তুলনা শুরু হয়ে গিয়েছিল। যাঁরা নাটকটি দেখেননি, তাঁদের কাছে দুই ঘরানার এই তুলনা নাও আসতে পারে। কিন্তু যাঁরা দেখেছেন, তাঁরা চাইলেও তুলনা আটকাতে পারবেন না। মনে মনে তুলনা আসবেই।

আমি কবার উইঙ্কল টুইঙ্কল দেখেছি, মনে করা একটু কঠিন। অন্তত সাত–‌আটবার তো হবেই। বছর খানেক আগে যখন দেখলাম ইউটিউবেও এই নাটক আপলোড করা হয়েছে, তখন আরও দুবার পুরনো স্মৃতিকে ঝালিয়ে নিয়েছি। আসলে, এতবার শুধু নিজে দেখব বলে দেখিনি। ভাল নাটক বা ভাল সিনেমা আরও কাউকে দেখানোর একটা বাড়তি তৃপ্তি আছে। তাই অনেক বন্ধু বা পরিচিত লোকেদেরই নানারকম নাটক দেখতে নিয়ে গেছি। সেই সুবাদে অনেক নাটক আমারও বেশ কয়েকবার দেখা হয়েছে।

মাঝে মাঝেই শোনা যায়, বাম জমানায় এই নাটক নাকি সরকারি হলে চলতে দেওয়া হয়নি। যাঁরা বলেন, নাটকের সঙ্গে তাঁদের যে দূরদূরান্তের কোনও সম্পর্ক নেই, সেটা বোঝা যায়। কারণ, আমি যতবার দেখেছি, সরকারি হলেই দেখেছি। অধিকাংশ সময়েই অ্যাকাডেমিতে দেখেছি। সেই নাটক নিয়ে দারুণ আলোড়ন ও বিতর্ক হয়েছিল ঠিকই, কিন্তু প্রদর্শন বন্ধ হয়েছে, এমনটা স্বয়ং নাট্যকারও কোনওদিন অভিযোগ করেননি।

যাই হোক, ফিল্ম রিভিউ লিখতে বসে এত পুরনো কথা টেনে আনার দরকার নেই। মোদ্দা কথা, এই ছবিটা কতটা প্রত্যাশা মেটাল?‌ পরিচালকের বিচক্ষণতার প্রতি শ্রদ্ধা রেখেও বলতে হচ্ছে, অনেক ফাঁক ও ফাঁকি থেকে গেল। নাটকটা ২০০২ এর পটভূমিতে লেখা। নাটক হিসেবে যখন মুক্তি পেয়েছিল, তখন প্রাসঙ্গিক ছিল। এত বছর পর সেই ঘটনাক্রমকে নির্মাণ করা একটা বড় চ্যালেঞ্জ তো বটেই। ২০০২ এর বাস্তবতা এই প্রজন্মকে বোঝানো কঠিন। এমনকী যাঁরা পঞ্চাশ অতিক্রান্ত, তাঁদেরও তাল মেলাতে সমস্যা হওয়ারই কথা। সেই সময়ের বাস্তবতাকে পর্দায় তুলে ধরতে গিয়ে স্বয়ং পরিচালকই অনেক ঘটনাক্রমকে গুলিয়ে ফেলেছেন। ২০০২ এ মোটেই পরিবর্তনের ঝড় ছিল না। ২০০১ দুশোর বেশি আসন নিয়ে বামেরা যেমন দারুণ শক্তিশালী ছিল, তেমনই সেই নির্বাচনে হারের পর তৃণমূল একেবারেই মূহ্যমান হয়ে পড়ে। যে কারণে ২০০৪ এর লোকসভায় একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া আর কেউ জিততে পারেননি। তাই ২০০২ এ পরিবর্তনের ঝড়টা একটু যেন বাড়াবাড়ি।

ঠিক যেমন, ২৬ বছর পর জনজীবনে ফিরে আসা নায়ককে বাম বোঝাতে গিয়ে যত্রতত্র লাল রঙের ব্যবহার। সাইড ব্যাগের রঙ লাল। স্ত্রীর পরণে লাল শাড়ি। লাল রঙের এমন উৎকট ব্যবহার বেশ দৃষ্টিকটূ। গানের ব্যবহারও বেশ বেমানান। এমন এমন দৃশ্যে গান ব্যবহার করা হয়েছে, যার ফলে ছবির গতি বারবার হোঁচট খেয়েছে।

ছবির কাহিনি অনেকেরই জানা। তবু যাঁরা জানেন না, তাঁদের জন্য নির্যাস হল, ২৬ বছর ঘুমিয়ে থাকার পর সব্যসাচী সেনের ঘুম ভেঙেছে। জরুরি অবস্থার সময় তাঁকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ঘুম ভেঙে তিনি দেখছেন, রাজ্যে পালাবদল ঘটেছে। জ্যোতি বসুর পর্ব পেরিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। দেওয়ালে মমতা ব্যানার্জি নামক এক নেত্রীর উদয়। তৃণমূল কংগ্রেস নামক নতুন দলের আবির্ভাব। বাড়ি ফিরে জানতে পারলেন, তাঁর ছেলে নাকি সেই তৃণমূলের কর্মী। চারপাশের সবকিছু কেমন যেন বদলে গেছে। আদর্শে অবিচল মানুষটি বদলে যাওয়া সময়ের সঙ্গে নিজেকে মেলাতে পারেন না।

সৃজিতের ছবিতে বিকল্প ভাবনার একটা ছাপ থাকে। যথেষ্ট পড়াশোনা ও রিসার্চ ওয়ার্ক থাকে। এখানেও তিনি নাটককে কপি পেস্ট করেননি। নিজস্বতা মেশাতে চেয়েছেন। কিন্তু নিজস্বতা আনতে গিয়ে অহেতুক কিছু দুর্বোধ্য সংলাপের আমদানি করেছেন। খুব বেশি ইতিহাস মনস্ক ও রাজনীতি মনস্ক না হলে এই সংলাপগুলো বোয়িং বিমানের মতো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে।

নাটকে পিতা–‌পুত্রের চরিত্রে ছিলেন দেবশঙ্কর হালদার, রজতাভ দত্ত। আর সিনেমায় এই দুই ভূমিকায় ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চ্যাটার্জি। তাঁদের অভিনয় নিয়ে প্রশ্ন নেই। দুজনেই জাত অভিনেতা। নিজেদের যথাসম্ভব মেলে ধরেছেন। বিশেষ করে ঋত্বিক তো অনবদ্য। স্ত্রীর ভূমিকায় অনসূয়া মজুমদারও বেশ মানানসই। তবু মানতেই হবে, ব্রাত্য বসু যেভাবে দর্শকের মনকে স্পর্শ করতে পেরেছিলেন, সৃজিত সেই হিসেবে অনেকটাই পিছিয়ে। এমন সব বিষয়কে টেনে এনেছেন যা সেই সময়ে আলোচ্য ছিল না। এমন এমন শব্দের আবির্ভাব হয়েছে, যে শব্দগুলো সেই সময়ের রাজনীতিতে ঘোরাফেরা করত না। যেমন ‘‌হার্মাদ’‌ শব্দটার বহুল ব্যবহার মোটামুটি নন্দীগ্রাম পর্ব থেকে। সময়টা ২০০৭–‌০৮ হবে। ২০০২ সালে বিরোধীদের মুখে ‘‌হার্মাদ’‌ কথাটা শুনেছি বলে মনে পড়ছে না। এমনই অনেক শব্দ বা বাক্য আছে যেগুলো সেই সময়ের বাস্তবতায় খাপ খায় না। কৃষি বনাম শিল্পের বিতর্কও জোর করে ২০০২ সালে এনে ফেলা হয়েছে।

ছবিটা হলে দেখার সুযোগ হয়নি। দেখতে হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। রাজ্যে পালাবদলের পর থেকে ব্রাত্য বসু কার্যত স্বেচ্ছা নির্বাসনে। নিজেকে যতটা সম্ভব গুটিয়ে রেখেছেন। এই নাটকটা ব্রাত্য বসু লিখেছিলেন পঁচিশ বছর আগে। ভাবতে ভাল লাগছে, পঁচিশ বছর আগে তিনি কী পরিণত একটা নাটক উপহার দিয়েছিলেন। সিনেমাটা দেখতে দেখতে বারবার সেই নাট্যকারের মুখটাই ভেসে উঠছিল। মন্ত্রী ব্রাত্য বসু হারতেই পারেন, কিন্তু নাট্যকার ব্রাত্য বসু এত সহজে হারিয়ে যাওয়ার মানুষ নন। বহু বছর পরেও থেকে যাবেন, স্বমহিমায়।

Previous post পুজোয় বেড়ানোর এমন হিড়িক কেন?‌
Next post বাঙালি আর পশ্চিমে যায় না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *