পুজোয় বেড়ানোর এমন হিড়িক কেন?‌

ঋত্বিক বসু

পুজো এলেই বাঙালির সামনে একটা মস্ত প্রশ্ন। বাড়িতে থাকবেন, নাকি বেড়াতে যাবেন? গত কয়েক বছরে দ্বিতীয় বিকল্পটির দিকে ঝোঁক যেন একটু বেশিই। গ্রাম বা মফস্বলে এখনও এই প্রবণতা এখনও তেমন আসেনি। মূলত শহুরে বাঙালিদের মধ্যে এই প্রবণতা সবথেকে বেশি।

পুজোর ছুটি পড়ার আগেই ট্রেনের টিকিট, বিমানের ভাড়া, হোটেল বুকিং নিয়ে ব্যস্ততা শুরু হয়ে যায়। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ বা পাড়ি দেন ভিন রাজ্যে। পুজোর পাঁচটা দিন অন্য কোথাও কাটানোর মধ্যে একটা নতুনত্ব আছে, সন্দেহ নেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, নিজের পাড়ার পুজো ছেড়ে, চেনা গলির আলোর রোশনাই ছেড়ে, এত দূরে গিয়ে সত্যিই কি পুজোর আনন্দটা পাওয়া যায়?

পুজো মানে তো শুধু ঠাকুর দেখা নয়। পুজো মানে অনেকগুলো মানুষের সঙ্গে দেখা হওয়া। যাদের সঙ্গে সারা বছর দেখা হয় না, তাদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে যাওয়া। পুজো মানে সেই বন্ধুটি, যে চাকরির সূত্রে বেঙ্গালুরুতে থাকে, কিংবা সেই সহপাঠী, যে এখন আমেরিকায়। সারা বছর ফোনে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ থাকলেও সামনাসামনি দেখা হয় না। পুজোর সময় তারা ফিরে আসে। কেউ দু’দিনের জন্য, কেউ চার দিনের জন্য। তারপর পাড়ার মণ্ডপে দেখা, পুরনো দিনের গল্প, একটু খুনসুটি, একটু অভিমান। মনে হয়, এই তো! এত দিন কোথায় ছিলি?

পাড়ার পুজোর একটা আলাদা মায়া আছে। যে মণ্ডপে ছোটবেলায় বাবার হাত ধরে ঠাকুর দেখতে যেতাম, যে মাঠে বন্ধুদের সঙ্গে রাত জেগে আড্ডা দিয়েছি, যে ক্লাবের সামনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা গল্প করেছি, বয়স বাড়লেও সেই জায়গাগুলো বদলায় না। হয়তো বদলে যায় মুখগুলো। পুরনো অনেকেই আর নেই, নতুন প্রজন্ম এসেছে। তবু অষ্টমীর সকালে অঞ্জলি দিতে গিয়ে পরিচিত কারও সঙ্গে চোখাচোখি হলে মনটা কেমন যেন করে ওঠে। সন্ধ্যায় মণ্ডপে ঢুকতে গিয়ে পুরনো বন্ধুর কাঁধে হাত পড়ে। তারপর শুরু হয় গল্প। কোথায় আছিস, কী করছিস, বিয়ে করলি কবে, ছেলেমেয়ে কোন ক্লাসে পড়ে? সেই একই প্রশ্ন, সেই একই হাসি। অথচ এই সামান্য সময়টুকুই সারা বছরের জমে থাকা দূরত্ব মুছে দেয়।

পুজোর একটা অদ্ভুত রোমাঞ্চ আছে এই আচমকা দেখা হওয়ার মধ্যে। কার সঙ্গে দেখা হবে, কে হঠাৎ সামনে এসে দাঁড়াবে, কোন পুরনো মুখটা ভিড়ের মধ্যে থেকে ডাকবে, তার কোনও ঠিক নেই। পাড়ার পুজোয় এই অনিশ্চয়তাটুকুও আনন্দের অংশ। এমনকী যাঁর সঙ্গে দেখা হলে দুটো কথা বলারও সময় পাওয়া যায় না, তাঁকেও দেখে ভালো লাগে। মনে হয়, মানুষটা আছে, ভালো আছে। এই তো অনেক!

বেড়াতে গেলে অবশ্য অন্য আনন্দ। নতুন জায়গা, নতুন রাস্তা, নতুন খাবার, পাহাড়ের মেঘ কিংবা সমুদ্রের ঢেউ। ছবি তোলা যায়, নতুন অভিজ্ঞতা হয়। কিন্তু সেখানে কি নিজের পাড়ার সেই মানুষগুলো থাকে? থাকে কি সেই পুরনো আড্ডার জায়গা? থাকে কি হঠাৎ দেখা হয়ে যাওয়ার সেই উত্তেজনা? হোটেলের ঘরে বসে যখন সোশ্যাল মিডিয়ায় পাড়ার পুজোর ছবি ভেসে ওঠে, বন্ধুরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি দেয়, তখন কি একটুও মন খারাপ হয় না? মনে হয় না, ইস্‌, এবার থাকলে মন্দ হত না!

আসলে পুজো শুধু একটা উৎসব নয়, একটা ফিরে আসার উপলক্ষ। যারা দূরে থাকে, তাদের কাছে বাড়ি ফেরার অজুহাত। যারা একই শহরে থেকেও ব্যস্ততার কারণে পরস্পরের থেকে দূরে সরে গিয়েছে, তাদের কাছে আবার কাছাকাছি আসার সুযোগ। পুজোর চারটে দিন যেন সবাইকে একটু সময় দেয়। কাজের চাপ, সংসারের দায়িত্ব, জীবনের হাজারো হিসেবের বাইরে গিয়ে কয়েকটা দিন শুধু নিজের মতো করে বাঁচার সুযোগ।

তাই পুজোয় বেড়াতে যাওয়া নিয়ে আপত্তি নেই। প্রত্যেকের আনন্দের ধরন আলাদা। কিন্তু যারা পুজোর সময় নিজের পাড়ায় থাকেন, তাঁরা যে অন্য রকম একটা সম্পদ উপভোগ করেন, সেটাও অস্বীকার করার উপায় নেই। পাহাড়ের মেঘ, সমুদ্রের ঢেউ, ঝরনার শব্দ নিশ্চয়ই সুন্দর। কিন্তু অষ্টমীর সন্ধ্যায় পাড়ার মণ্ডপে হঠাৎ পুরনো বন্ধুকে দেখে যে হাসিটা মুখে আসে, তার সঙ্গে কোনও দৃশ্যের তুলনা হয় না। আরও একটা মৌলিক বিষয় থেকে যায়। শুধু তো স্বামী, স্ত্রী যাচ্ছেন না। সঙ্গে ছেলে মেয়েরাও যাচ্ছে। এমনিতেই নিউক্লিয়ার ফ্যামিলিতে বেড়ে ওঠা এইসব কচিকাচাদের সঙ্গে পাড়ার বা এলাকার তেমন সম্পর্ক নেই। এখন থেকেই পুজোতে তারা যদি বাইরে যেতে শুরু করে, পুজোকে ঘিরে তাদের মধ্যে কোনও নস্টালজিয়াই তৈরি হবে না।

বছরের বাকি দিনগুলো তো থাকছেই। বেড়াতে যাওয়া যাবে অন্য কোনও ছুটিতে। কিন্তু পুজোর সেই চারটে দিন? সেই সময়টুকুতে সবাই যখন ফিরে আসে, তখন নিজের পাড়ায় না থাকার আক্ষেপটা হয়তো থেকেই যায়। কারণ, পুজো যতই সর্বজনীন হোক, তার সবচেয়ে বড় আনন্দটা লুকিয়ে থাকে কোথাও একটা নিজের মধ্যে। নিজের বাড়িতে, নিজের পাড়ায়, নিজের মানুষগুলোর ভিড়ে। আর সেই আনন্দের কোনও বিকল্প হয় না।‌

Previous post বেঙ্গল টাইমস। দীপাবলি সংখ্যা
Next post নিজস্বতা আনতে গিয়েইদুর্বোধ্য করে ফেললেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *