সমর্থকরা এত অসহিষ্ণু হয়ে পড়ছেন কেন? তৃণমূল বা মিডিয়া বামেদের কতই বা দুর্নাম করতে পারে! তার থেকে এঁরা অনেক বেশি শক্তিশালী। পাড়ায় পাড়ায় এঁরাও কিন্তু আছেন। এই লোকেরাই যদি পাড়ায় পাড়ায় বামেদের প্রতিনিধিত্ব করেন, তাহলে ঘুরে দাঁড়ানো সত্যিই বড় কঠিন।
জাতির উদ্দেশে ভাষণটা যে বিরোধীদের আক্রমণের মঞ্চ নয়, এই ন্যূনতম সহবৎ শিক্ষাটাই এখনও হল না। আগের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরাও নানা সময়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন। সেগুলো নিশ্চয় আর্কাইভে আছে। আগে সেগুলো মন দিয়ে শুনুন। জেনে নিন, জাতির উদ্দেশে ভাষণে কী বলতে হয় আর কী বলতে নেই। এত বড় একটা দেশের প্রধামন্ত্রী এমন মূর্খামি করে যাবেন, এটা দেশের পক্ষে সত্যিই লজ্জার।
এখনও বিশ্বাস করি, নিজেদের স্কুলে অনায়াসেই পরীক্ষা নেওয়া যেত। যে সব স্কুলে সেফ হোম হয়েছে, তাদের বিকল্প ব্যবস্থা করা যেত। এটা আয়োজন করতে তেমন কোনও সমস্যাই হত না। কিন্তু সরকার সেই ব্যবস্থাটুকুও করতে পারল না। সেই সরকার কিনা ২ ঘণ্টায় ৩৪ হাজার চিঠি পড়ে ফেলল। শতাংশের হিসেব জানিয়ে দিল। এই দুটো ঘটনা একসঙ্গে মেলানো যায়!