ধীমান সাহা
একই অঙ্গে নানা রূপ। তাঁকে একেকজন চেনেন একেকভাবে। ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি প্রাক্তন জাতীয় অধিনায়ক। যাঁরা হালফিলের আইপিএলের খবর রাখেন, তাঁদের কাছে তিনি দিল্লিক্যাপিটালসের কোচ। সিএবির আঙিনায় তিনি সিএবি সভাপতি। যাঁদের সন্ধেটা টিভির সামনে কাটে, তাঁদের কাছে তিনি দাদাগিরির সঞ্চালক। কারও কাছে তিনি দারুণ মোটিভেটর। কর্পোরেট দুনিয়ার কাছে তিনি সর্ষের তেল থেকে ধূপকাঠির বিপণন দূত। রাজনীতির আঙিনাতেও তাঁর নানা পরিচিতি। বছর পাঁচেক আগে জোর প্রচার ছিল, তিনি বিজেপির মুখ হতে চলেছেন। একবার মমতার সঙ্গে স্পেন যেতেই হয়ে গেলেন ট্রোলিংয়ের মোক্ষম এক শিকার।
তবু তিনি সৌরভ গাঙ্গুলি। বাঙালির আইকন। তাঁর কারখানা দিনের আলো দেখুক বা না দেখুক, বাঙালি তাঁকে মনে রাখবে ক্রিকেটের আইকন হিসেবেই। এবার তিনি অন্য এক ভূমিকায়। দাদাগিরির মঞ্চ ছেড়ে তিনি এখন বিগ বসের সেটে। সপ্তাহভার নানা কূটকচালির পর রবিবার তিনি এসে যেন এনে দিচ্ছেন অন্য এক আবহ। সৌরভের জীবনে নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়া অবশ্য নতুন কিছু নয়। তিনি যখন যে কাজে হাত দেন, সেটাকেই চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। কেউ কেউ বলেন, তিনি যদি চিংড়ি মাছের ব্যবসায় নামে, কয়েক মাসের মধ্যে অন্যতম সেরা চিংড়ি মার্চেন্ট হয়ে উঠতে পারেন। টেলিভিশনের পর্দায় প্রায় তিনি কতটা সফল, দেড় দশক ধরে দাদাগিরি জনপ্রিয়তাই তার প্রমাণ। দাদাগিরি শুধু একটি কুইজ অনুষ্ঠান হয়ে থাকেনি। সৌরভের উপস্থিতি, প্রতিযোগীদের সঙ্গে তাঁর সহজ কথাবার্তা, রসিকতা, ব্যক্তিগত অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার ধরন অনুষ্ঠানটিকে আলাদা পরিচিতি দিয়েছিল। সেখানে প্রতিযোগীদের সঙ্গে দর্শকেরও একটা আত্মিক যোগাযোগ তৈরি হত। যেমনভাবে অজয় বসুর কণ্ঠস্বর ক্রিকেট বা ফুটবলকে বাঙালির ড্রয়িংরুমে পৌঁছে দিয়েছিল, তেমনই সৌরভের সঞ্চালনা দাদাগিরিকে অন্য এক মাত্রা দিয়েছিল।
কিন্তু বিগ বস একেবারেই অন্য ঘরানার অনুষ্ঠান। এখানে জ্ঞান বা প্রতিভার পরীক্ষা নেই। বরং এক ছাদের নীচে একদল মানুষকে রেখে তৈরি করা হয় নানা পরিস্থিতি। কখনও বন্ধুত্ব, কখনও শত্রুতা, কখনও জোট ভাঙা, কখনও ব্যক্তিগত আক্রমণ। কূটকচালি, ঝগড়াঝাঁটি, অভিমান, অভিযোগ—সব মিলিয়ে এক অদ্ভুত বিনোদনের প্যাকেজ। অনেকের কাছে যা বেশ উপভোগ্য, আবার অনেকের কাছেই যথেষ্ট বিরক্তিকর।
এমন একটি অনুষ্ঠানে সৌরভকে নিয়ে আসার মধ্যে চ্যানেলের কৌশলটা বেশ পরিষ্কার। বিগ বসের পরিচিত ফরম্যাটের সঙ্গে যুক্ত করা হয়েছে বাংলার আইকনকে। দীর্ঘ দশ বছর পর বাংলায় বিগ বসের প্রত্যাবর্তন। ফলে শুধু অনুষ্ঠান নয়, সঞ্চালক হিসেবেও সৌরভকে নিয়ে দর্শকদের কৌতূহল ছিল যথেষ্ট। তাঁর ক্রিকেটীয় ব্যক্তিত্ব, দৃঢ়তা, কথাবার্তার মধ্যে একটা স্বাভাবিক কর্তৃত্ব—এসব বিগ বসের মঞ্চে কতটা কাজে লাগে, সেটাই ছিল দেখার।
সৌরভের একটা বড় সুবিধে হল, ক্যামেরার সামনে তিনি স্বচ্ছন্দ। দাদাগিরিতে সেটা বহুবার প্রমাণিত। প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় তাঁর মধ্যে একটা সহজাত রসিকতা থাকে। কখনও মজা করেন, কখনও একটু খোঁচা দেন, কখনও নিজের জীবনের গল্প শোনান। বিগ বসেও সেই পরিচিত সৌরভকে দেখা যায়। তাঁর উপস্থিতি অনুষ্ঠানের প্রতি প্রাথমিক আগ্রহ বাড়িয়েছে, সন্দেহ নেই।
তবে প্রশ্নটা অন্য জায়গায়। দাদাগিরি আর বিগ বসের দর্শকের মানসিকতা এক নয়। দাদাগিরিতে সৌরভ নিজেই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। কিন্তু বিগ বসের মূল আকর্ষণ প্রতিযোগীরা, তাদের পারস্পরিক সম্পর্ক এবং প্রতিদিনের নাটকীয়তা। সঞ্চালকের কাজ সেখানে অনেক বেশি নিয়ন্ত্রিত। সপ্তাহান্তে এসে প্রতিযোগীদের সঙ্গে কথা বলা, ভুলত্রুটি ধরিয়ে দেওয়া, কখনও প্রশংসা, কখনও সমালোচনা। বা অনুষ্ঠানের আকর্ষণ কিছুটা বাড়ানো। কেউ কেউ বলতে পারেন, সারা সপ্তাহের ফাঁক ফোকর তাঁর উপস্থিতি দিয়ে কিছুটা মেরামত করা।
আর এখানেই কিছুটা সমস্যা। সৌরভকে যাঁরা দাদাগিরির মেজাজে দেখতে অভ্যস্ত, তাঁরা বিগ বসে হয়তো সেই পরিচিত উচ্ছ্বাস বা সাবলীলতা সব সময় খুঁজে পান না। সৌরভ অনুগামীদের মনে হতেই পারে, এমন একটা অনুষ্ঠানের সঙ্গে সৌরভ নিজেকে খামোখা জড়াতে গেলেন কেন? নিশ্চিতভাবেই বড় অঙ্কের প্রস্তাব ছিল। কিন্তু সৌরভের মতো চরিত্র কি শুধু টাকার অঙ্ক দেখে এমন একটা অনুষ্ঠানের সঙ্গে নিজেকে জড়াতে রাজি হবেন? নিশ্চিয় তিনি এমন কিছু চ্যালেঞ্জ খঁুজে পেয়েছেন। তাঁর মনে হয়েছে, এই অনুষ্ঠানও তাঁর জীবনে একটা মাইলস্টোন হয়ে উঠতে পারে।
তবু একটা কথা মানতেই হবে, সৌরভের মতো একজন ব্যক্তিত্বকে বিগ বসের মঞ্চে পাওয়া বাংলা টেলিভিশনের পক্ষে বড় ঘটনা। এই অনুষ্ঠানকে ঘিরে যাঁদের একেবারেই আগ্রহ ছিল না, তাঁদেরও অনেকেই রবিবার টিভি খুলে বসছেন শুধুমাত্র সৌরভের আকর্ষণে। বিশ্বাস, সৌরভ যখন আছেন, নিশ্চয় কিছু প্ল্যানিং আছে। কিন্তু সেই কৌতূহলী দর্শককে নিয়মিত দর্শকে পরিণত করা বড় একটা চ্যালেঞ্জ। আসলে সৌরভের জনপ্রিয়তা আর বিগ বসের জনপ্রিয়তা এক জিনিস নয়। একজনের প্রতি আবেগ থাকলেই তাঁর করা প্রতিটি অনুষ্ঠান দর্শকের ভাল লাগবে, এমন কোনও নিশ্চয়তা নেই। সৌরভের ক্ষেত্রেও সেটাই প্রযোজ্য।
ক্রিকেট মাঠে অধিনায়ক হিসেবে তিনি দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন। গ্রেগ চ্যাপেলের কোপে পড়ে বাদ গিয়েও দারুণভাবে ফিরে এসেছেন। সেই কামব্যাকও বাঙালির জীবনে বড় এক প্রেরণা। দাদাগিরিতে নিজের একটা স্বতন্ত্র জায়গা তৈরি করেছেন। চেনা মঞ্চের কমফোর্ট জোন ছেড়ে বিগ বসে তাঁকে নতুন করে পরীক্ষা দিতে হচ্ছে। এমন কঠিন চ্যালেঞ্জ তিনিই নিতে পারেন।
