নির্মল দত্ত
ধোনির সময়ে একটা রেওয়াজ ছিল। দল জিতলে তিনি আসবেন না। পাঠিয়ে দেবেন ম্যাচের নায়ককে। কারণ, সেদিন সবাই নায়কের কথাই শুনতে চায়। তাছাড়া, সাফল্যের দিনে অধিনায়কের আড়াল রাখাটাও জরুরি। কিন্তু দল যদি হারে! কে দায় নেবে? সেদিন কিন্তু অন্য কাউকে পাঠাতেন না। সব অপ্রিয় প্রশ্নের জবাব দিতে নিজেই চলে আসতেন। অন্যদের সামনে ঢাল হয়ে দাঁড়াতেন। সম্ভবত, এই কারণেই মহেন্দ্র সিং ধোনিকে অন্যতম সেরা অধিনায়ক বলা হয়।
মনে হতে পারে, গৌতম গম্ভীরও হয়তো তেমনই একজন মানুষ। দিল জিতলে বোলিং কোচ, ফিল্ডিং কোচ— যাঁকে হোক পাঠিয়ে দিচ্ছেন। কিন্তু দল যেদিন শোচনীয়ভাবে হারল, সেদিন নিজে চলে এলেন। কিন্তু এসে কী বললেন? বুঝিয়ে দিলেন, দলের ব্যাটিং ব্যর্থতায় তিনি বেশ চিন্তিত। সামনেই বিশ্বকাপ। তার আগে এমন শোচনীয় ব্যাটিং! তিনি বেশ উদ্বিগ্ন।
আসলে, এক ঢিলে দুই পাখি মারতে চাইলেন কোচ সাহেব। শুধু যে ভারত শোচনীয়ভাবে হেরেছে, তা তো নয়। দুই মহাতারকা বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটে রান নেই। ভারতীয় দলে এই দুজনের উপস্থিতি যে কোচ গম্ভীরের না–পসন্দ, এটা কে না জানে। কিছুটা তেঁতো বড়ি গেলার মতো করেই গিলতে হচ্ছে। এর ওপর বিরাট–রোহিত যদি ব্যাট হাতে রান করে দেন, তাহলে গম্ভীরবাবু আরও গম্ভীরতর হয়ে পড়েন। পাঁচটি ম্যাচের মধ্যে বিরাট মাত্র একটিতে রান পেয়েছেন। রোহিত সব ম্যাচেই ব্যর্থ। এই ঘটনায় সবথেকে বেশি যিনি আনন্দ পেতে পারেন, তাঁর নাম অবশ্যই গৌতম গম্ভীর।
তিনি পড়েছেন উভয় সঙ্কটে। একদিকে দলের জয় চাই। নইলে, তাঁর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাবে। অন্যদিকে, বিরাট–রোহিতদের ব্যাটে যদি রান চলে আসে, তাও মুশকিল। তখন তাঁর মুখে ঝামা ঘসেই এই দুজন বিশ্বকাপে খেলবেন। অর্থাৎ, একদিকে দলের জয় চাই। অন্যদিকে তিনি যেন বোঝাতে পারেন, এই দুজনের অবদান ছাড়াও জেতা যায়। এই সিরিজে তাঁর দুটো প্রাপ্তিযোগই হয়েছে।
তাই, চতুর্থ ম্যাচে শোচনীয় হারের পর তিনি দায় নিতে এলেন, এমন ভাবার কোনও কারণ নেই। তিনি এটাই বোঝাতে এলেন, এই দুই মহাতারকাকে নিয়ে এত আদিখ্যেতার কিছু নেই। তাঁরা আর অপরিহার্য নন। তঁাদের উপস্থিতি দলের শক্তি বাড়াচ্ছে না, বরং দুটো জায়গা দখল হয়ে আছে। এই কথাগুলো বললেন না ঠিকই, কিন্তু না বলা কথার বঙ্গানুবাদ করলে যা দাঁড়ায়, তা অনেকটা এরকমই।
