মুকুল নন্দী
চেন্নাইয়ের সাত নম্বর জার্সিতে আর হয়তো ব্যাট হাতে মাঠে নামতে দেখা যাবে না। যে মাঠেই তিনি, সেই মাঠেই গ্যালারির একটা বড় অংশের রং হয়ে যেত হলুদ। প্রতিপক্ষের মাঠেও। কখনও কলকাতা, কখনও মুম্বই, কখনও বেঙ্গালুরু—ধোনি নামলেই গ্যালারিতে দেখা যেত হলুদ সমুদ্র। মহেন্দ্র সিং ধোনি শুধু চেন্নাই সুপার কিংসের ছিলেন না। দলীয় পরিচয়, শহরের সীমানা, সমর্থনের বিভাজন পেরিয়ে তিনি হয়ে উঠেছিলেন আসমুদ্র হিমাচলের।
আইপিএলের ইতিহাসে এমন জনপ্রিয় ক্রিকেটার খুব বেশি আসেননি। চেন্নাইয়ের সঙ্গে তাঁর সম্পর্কটা শুধু অধিনায়ক আর দলের ছিল না। ছিল আবেগের, বিশ্বাসের, ভালোবাসার। চেন্নাইয়ের মানুষ তাঁকে আপন করে নিয়েছিলেন। আর ধোনিও যেন নিজের দ্বিতীয় ঠিকানা খুঁজে পেয়েছিলেন এই শহরে। তাই তো তাঁর নামের সঙ্গে জুড়ে গিয়েছে ‘থালা’। শুধু একজন ক্রিকেটার নন, তিনি চেন্নাইয়ের আবেগ।
কয়েক বছর ধরেই তাঁকে ঘিরে চলছিল অবসরের জল্পনা। প্রতি মরশুমের আগে একই প্রশ্ন—এটাই কি শেষবার? প্রতিটি আইপিএল যেন হয়ে উঠত ধোনিকে দেখার শেষ সুযোগ। বয়স বাড়ছিল, শরীরের সঙ্গে লড়াই বাড়ছিল। ব্যাটিং অর্ডারে নিজেকে ক্রমশ নামিয়ে আনছিলেন আট নম্বরে, কখনও নয়ে। খুব বেশি বল খেলার সুযোগও মিলত না। তবু যখনই ব্যাট হাতে নামতেন, গ্যালারিতে উত্তেজনার পারদ চড়ত। একটা ছক্কা, একটা হেলিকপ্টার শট, একটা পরিচিত ফিনিশ—এতেই মনে হত, মাঠে আসা বা টিভির সামনে বসা সার্থক।
এবার সেই অধ্যায়ের ইতি। ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত। ক্রিকেটার ধোনির হয়তো এটাই শেষ বিদায়। কিন্তু ধোনি কি এত সহজে বিদায় নিতে পারেন? যাঁর উপস্থিতিই একটা দলের আত্মবিশ্বাস, যাঁর পরামর্শে বদলে যেতে পারে ম্যাচের গতিপথ, যাঁর নীরবতাও ড্রেসিংরুমে অনেক কথা বলে দেয়, তিনি কি আর পাঁচজনের মতো অবসরে চলে যাবেন?
এবার অন্য ভূমিকায়। মেন্টর হিসেবে, পরামর্শদাতা হিসেবে। ব্যাট হাতে ক্রিজে নামবেন না, কিন্তু ডাগআউটে তো থাকবেন। মাঠের বাইরে থেকে দলকে পথ দেখাবেন। তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াবেন। চেন্নাইয়ের মুখ হয়ে থাকবেন তিনিই।
শেষ ওভারে ম্যাচ আটকে গেলেও যাঁর দিকে তাকিয়ে মনে হত, এখনও কিছু একটা হতে পারে। ক্রিকেটের অনিশ্চয়তার মধ্যে যিনি বারবার আশ্বাস হয়ে উঠেছেন।
তাই সাত নম্বর জার্সি হয়তো আর ব্যাট হাতে মাঠে নামবে না। কিন্তু গ্যালারির হলুদ রং ফিকে হবে না। চেন্নাইয়ের গ্যালারিতে ধোনির নাম উঠলে সেই চেনা গর্জন শোনা যাবে। প্রতিপক্ষের মাঠেও হলুদ জার্সি পরে হাজির হবেন তাঁর অনুরাগীরা।
ক্রিকেটার ধোনির একটা অধ্যায় শেষ হতে পারে। কিন্তু ধোনি নামের আবেগের কি কোনও অবসর হয়? ব্যাট হাতে না হোক, ডাগআউটে থাকুন থালা। চেন্নাইয়ের গল্পে তাঁর থাকা এখনও বাকি।
