স্বরূপ গোস্বামী
ভরা আইপিএলের বাজারে তিনি কোথায়? এত এত ক্রিকেটারের ভীড়ে তাঁকে তো চোখে পড়ছে না। না ধারাভাষ্যে, না বিবৃতিতে, না বিজ্ঞাপনে। কোথাও নেই চেতেশ্বর পুজারা। ফ্র্যাঞ্চাইজি নিয়ন্ত্রিত আইপিএলের দুনিয়া থেকে অনেক দূরে, স্বেচ্ছা নির্বাসনেও বলা যায়।
মাঝে মাঝে কাগজে ছোট্ট করে খবর বেরোয়, কাউন্টিতে তিনি রান পেলেন। রান পেলে বেরোয়, না পেলে সেটুকুও বেরোয় না। সত্যিই তো, ধুমধাড়াক্কা আইপিএলের আবহে কাউন্টির খবর কে আর জানতে চায়! অবশ্য আইপিএলের জমানায় তিনি কবেই বা জাঁকিয়ে ছিলেন! ২০১০ থেকে ১৪, কখনও নাইট, কখনও আরসিবি, কখনও পাঞ্জাবে। তারপর সাত বছরের বিরতি। ২০২১ এ চেন্নাইয়ের হয়ে যদিওবা ডাক পেলেন, পরের বছর ফের আনসোল্ড। এবার তো নিলামে নামটাই উঠল না। তাই ‘স্বেচ্ছা নির্বাসন’ ব্যাখ্যায় কারও কারও আপত্তি থাকতেই পারে। নিন্দুকেরা ‘আঙুর ফল টক’ উপমা টেনে আনতেই পারেন।
নিলামে নাম না উঠলে বা কেউ না কিনলে তিনি কীই বা করতে পারেন! ‘আমি রব নিষ্ফলের হতাশের দলে’ বলে আক্ষেপ করার বাইরেও কিছু একটা করার থাকে। নিজেকে আরও বেশি করে ক্রিকেটেই ডুবিয়ে রাখা। কিন্তু দেশের মাটিতে সেই সুযোগ কই? একে তো গরম। তার ওপর গোটা দেশ মেতে আছে আইপিএলের ধামাকায়। এই সময়টায় ঘরোয়া ক্রিকেট বলেও কিছু নেই। তাছাড়া, সেলিব্রিটি হওয়ার জ্বালাও তো কম নয়। বাজারে গেলে মুশকিল, রেস্টুরেন্টে গেলে মুশকিল, কারও বিয়ে বাড়িতে গেলেও মুশকিল। চেনা–জানা লোকেরা প্রথমে সেলফি তুলবেন। তারপরই সহানুভূতির মলম লাগাতে শুরু করে দেবেন। অযাচিত জ্ঞান দিতে শুরু করে দেবেন। বাড়িতে থাকলেও কি রেহাই আছে! কাজের মাসিও হয়ত করুণার চোখে দেখবেন (আহা রে, ছেলেটাকে কেউ নিল না!)। এই আবহ থেকে যতটা দূরে থাকা যায়, ততই ভাল। তাই কাউন্টির চেয়ে ভাল বিকল্প আর কীই বা হতে পারত! সাসেক্সে পাওয়া সাক্সেস তো অতীতে অনেক কিছুই ফিরিয়ে দিয়েছে।
বছর দেড়েক আগের কথা। ভারতীয় দল তখন দক্ষিণ আফ্রিকা সফরে। শেষ টেস্টের আগেই জোর জল্পনা, দুজনের টেস্ট কেরিয়ারে হয়ত যবনিকা পড়তে চলেছে। এই দুজন হলেন চেতেশ্বর পুজারা ও অজিঙ্কা রাহানে। এমনকি ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাসকার পর্যন্ত বলে বসলেন, টেস্ট কেরিয়ার বাঁচানোর শেষ সুযোগ পুজারা আর রাহানের কাছে। এই সুযোগটা কাজে লাগাতে না পারলে ওরা হয়ত খুব দ্রুত ‘প্রাক্তন’ হয়ে যাবে।
অভিজ্ঞ সানি যেমনটা ভেবেছিলেন, তেমনটাই হল। দেশে ফিরেই বাদ পড়লেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে জায়গা হল না এই দুই ক্রিকেটারের। দক্ষিণ আফ্রিকার সবুজ ও গতিময় উইকেটে তাঁদের ব্যর্থ হওয়ার পর্যাপ্ত সুযোগ দেওয়া হল। কিন্তু ঘরের মাটিতে, সহজ উইকেটে ঘুরে দাঁড়ানোর সুযোগটাই পেলেন না। সাসেক্স থেকে ডাকটা ঠিক তখনই এল। ঠিক করলেন, ধর তক্তা মার পেরেকের আইপিএল নয়। তাঁর নিজেকে মেলে ধরার একমাত্র মঞ্চ হতে পারে কাউন্টি ক্রিকেট। আইপিএলের আলোকবৃত্ত থেকে নির্বাসিত পুজারা চললেন সাবেকি ক্রিকেটের সেই প্রান্তিক দুনিয়ায়। দুটি ডাবল সেঞ্চুরি, দুটি সেঞ্চুরি–সহ ৭২০ রান। ভারতের মূলস্রোত মিডিয়ায় এই দুরন্ত সাফল্য তেমন কোনও গুরুত্বই পেল না। কিন্তু নজর রেখেছিলেন নির্বাচকরা। গতবছর জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সসম্মানেই ফিরিয়ে নেওয়া হল পুজারাকে।
ভারতীয় ক্রিকেটে বাদ গিয়ে আবার ফিরে আসা নতুন কিছু নয়। কিন্তু অন্যদের ফিরে আসার সঙ্গে পুজারার এই প্রত্যাবর্তনের ফারাক আছে। কারণ, ৯৫ টেস্ট খেলা ৩৫ বছরের পুজারাকে প্রায় বাতিলের খাতাতেই ফেলা হয়েছিল। সেখান থেকে যেন একটা লাইফ লাইন পেয়ে গেলেন, একশো টেস্টের মাইলস্টোনও পেরিয়ে গেলেন। মাঝে সেঞ্চুরির একটা লম্বা খরাও চলেছে। ১৮ তম সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ এর জানুয়ারিতে। আর ১৯ তম সেঞ্চুরি এল ২০২২ এর ডিসেম্বরে। অর্থাৎ, অপেক্ষা করতে হয়েছে ১৪৪৩ দিন। একশো টেস্ট খেলা কোনও ব্যাটসম্যানকে সেঞ্চুরির জন্য এতদিন অপেক্ষা করতে হয়েছে? অবশ্য, অপেক্ষার একটা ছোট্ট নজির তুলে ধরা যাক। ভারতীয়দের মধ্যে একটি ইনিংসে সবথেকে বেশি বল (৫২৫) খেলার কৃতিত্ব কিন্তু পুজারারই। এবং এই রেকর্ড নিশ্চিতভাবেই সারাজীবন অক্ষুন্ন থাকবে।
বরাবরই শান্ত। বিতর্কের ধারপাশ দিয়েও হাঁটেন না। মাঠের মধ্যে বা বাইরে কখনও মেজাজ হারাতে দেখা যায়নি। বিপক্ষ স্লেজিং করলেও তিনি নির্বিকার, নিরুত্তাপ। একদিন হয়ত নিঃশব্দেই সরেও যাবেন। দেশের হয়ে একটিও ম্যাচ না খেলা ‘উঠতি তারকা’দের ঘিরে যে উন্মাদনা, একশো টেস্টের লম্বা পথ পেরিয়ে আসা এই মানুষটিকে ঘিরে তার ছিটেফোঁটাও নেই। আসলে, তিনি তাৎক্ষণিক নন, চিরন্তন। তাই মহাকালের মূল্যায়ণে বেশ সম্মানের সঙ্গেই উচ্চারিত হবে নামটা। তিনি যেন নীরব সাধক। গ্ল্যামার বা প্রচারের সার্চলাইট অন্তত তাঁর দরকার নেই।
