ভূত জিনিসটা আসলে বড় অদ্ভুত। চোখে দেখা যায় না। আবার উড়িয়েও দেওয়া যায় না। ছোটবেলায় একসময় দাদু–ঠাকুমারা ভূতের গল্প শুনিয়ে শিশুদের ঘুম পাড়াতেন। এভাবেই মনে মনে তৈরি হয়ে যেত ভূতের চিত্রকল্প। সে কোথায় থাকে, কী খায়, কেমন চেহারা, কেমনভাবে কথা বলে, এমন কত কৌতূহল জন্ম নিত। যে যার মতো করে উত্তর খুঁজে নেয়। এই ভূত শুধু দাদু–ঠাকুমার গল্পে সীমাবদ্ধ থাকেনি। কত সাহিত্যে, কত সিনেমায় তার উজ্জ্বল উপস্থিতি।
অস্তিত্ব নেই, তার মানেই ভূত। কালক্রমে এমনই হয়ে দাঁড়িয়েছে। যেমন এখন জোর চর্চা ভুতুড়ে ভোটার। সেটা আবার কী রকম? মোদ্দা কথা, ভোটার নন, কিন্তু তালিকায় নাম রয়েছে। এটা কীভাবে সম্ভব? কোনও ভোটার হয়তো মারা গেছেন, কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়া হয়নি। এই পর্যন্ত হলে ঠিক ছিল। কিন্তু দেখা যায়, সেই মৃত ভোটারের নামে দিব্যি ভোটও পড়ে গেছে। তাহলে কে এসে ভোট দিয়ে গেল? আবার সেই ভুতুড়ে ব্যাপার।
আবার এলাকার নাগরিক নয়। এলাকার কেউ তাদের চেনেও না। কিন্তু ভোটার লিস্টে দিব্যি তাদের নাম উঠে গেছে। এমন ঘটনাও আছে। ভোটের দিন তাদেরও ভোট পড়ে যায়। কে দেয়, কোত্থেকে তারা আসে, কে জানে! আবার সেই ভূত। ভুয়ো ভোটার বলুন আর ভুতুড়ে ভোটার, নানা তরফে কিছু গাফিলতির জন্যই এই নাম থেকে যায়। আবার এদের ভোটও পড়ে যায়। প্রশ্ন ওঠে, কারা নাম তুলল? কী দেখেই বা তুলল? খসড়া তালিকা তো টাঙাতে হয়। কারও নজরে পড়ে না? আবার এরা ভোট দিয়ে চলে গেল। কোনও রাজনৈতিক দলের দিক থেকে কোনও আপত্তি এল না? লোকটি আদৌ এলাকার ভোটার কিনা, তা পোলিং বুথে থাকা পোলিং এজেন্টরা জানেন না?
এসব ক্ষেত্রে সাধারণত অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। কিন্তু ভুয়ো ভোটার ইস্যুতে শাসক দলই বেশি সোচ্চার। তারাই ভুতুড়ে ভোটার চিহ্নিত করার কর্মসূচি নিয়েছেন। জেলায় জেলায়, ব্লকে ব্লকে ভোটার লিস্ট ধরে ধরে চলছে মিলিয়ে নেওয়ার প্রক্রিয়া। কোথাও গরমিল বা অসঙ্গতি থাকলে যথাস্থানে অভিযোগও হচ্ছে। সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই এই সচেতনতা জরুরি। দলগুলি সচেতন থাকলে এত এত ভুয়ো ভোটারের নাম তালিকায় থাকতে পারে না। কিন্তু এই ব্যাপারে এতদিন তেমন উদ্যোগ ছিল না। তৃণমূল শুধু নিজের রাজ্যে নয়, গোটা দেশে বিষয়টিকে প্রচারের আঙিনায় আনতে সক্ষম হয়েছে। অন্যান্য বিরোধী দলও তৃণমূলের সুরেই কথা বলছে। তারাও দাবি করছে, ভোটার লিস্টে ব্যাপক কারচুপি রয়েছে। নির্বাচন কমিশনের উদ্যোগে যথাযথ তদন্ত হওয়া দরকার।
যেটা বিরোধীদের করার কথা, সেই দায়িত্ব নিতে হচ্ছে শাসককে। অর্থাৎ, বিরোধী পরিসরও যেন বিরোধীদের হাতছাড়া হয়ে যাচ্ছে। যদি গরমিল থাকেও, তাহলেও শাসকের বিরুদ্ধে কোনও প্রচার কাজে আসবে না। কারণ, তা ত্রুটি সংশোধনের দায়িত্ব শাসকই নিজের কাঁধে তুলে নিয়েছে। গণতন্ত্রে ভোট যেমন জরুরি, তেমনই ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরিও জরুরি। দায়িত্বশীল রাজনৈতিক দলের এটাই দায়িত্ব। ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে শাসক দল যে ভূমিকা নিয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ রাজনৈতিকভাবে তাদের অনেকটাই এগিয়ে দিল।
