বেঙ্গল টাইমস প্রতিবেদন:
বিভিন্ন জেলায় চলছে সিপিএমের জেলা সম্মেলন। একইসঙ্গে উত্তরবঙ্গের দুই জেলায় দুই নতুন জেলা সম্পাদককে বেছে নিল সিপিএম। আলিপুরদুয়ার জেলার সম্পাদক হয়েছেন মৃণালকান্তি রায়। কোচবিহারের সম্পাদক অনন্ত রায়।

গত পঞ্চায়েত নির্বাচনে আলিপুরদুয়ারে বেশ ভালই ফল করেছিল বামেরা। জলপাইগুড়ি জেলা পরিষদ এসেছিল বামেদের দখলে। জেলা ভাগের পরেও জেলা পরিষদ বামেদেরই থাকে। কিন্তু পরে দল ভাঙিয়ে জেলা পরিষদের দখল নেয় তৃণমূল। এই সেই জেলা, যেখানে একজনও সদস্য না থাকা সত্ত্বেও জেলা পরিষদ তৃণমূলের। এতদিন জেলা সম্পাদকের দায়িত্বে ছিলেন কৃষ্ণ ব্যানার্জি। তাঁর বদলে আনা হল নতুন মুখ। চা বলয়ে তৃণমূল ছাড়াও মোর্চার প্রভাব ছিল। সেই মোর্চার সিংহভাগই এখন তৃণমূল শিবিরে। মজুরি সমস্যা থেকে শুরু করে বন্ধ চা বাগানের নানা সমস্যা থেকেই গেছে। সেই সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন ও মানুষের পাশে থাকার অঙ্গীকার উঠে আসে সম্মেলন থেকে। অন্যদিকে, কোচবিহারের অধিকাংশ ব্লকই সন্ত্রাস কবলিত। বিধানসভা নির্বাচনে জেলার মাত্র একটি আসনেই বামেরা জিতেছে। লোকসভা উপনির্বাচনে বামেরা নেমে এসেছে তিন নম্বর স্থানে। তলায় তলায় বড় একটা অংশ চলে যাচ্ছে বিজেপি শিবিরে। এই পরিস্থিতিতে সংগঠনকে ধরে রাখা বড় একটা চ্যালেঞ্জ। পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন ব্লকে আদৌ প্রার্থী দেওয়া যাবে কিনা, তা নিয়েও সংশয়ের সুর উঠে আসে সম্মেলনে। এতদিন জেলা সম্পাদক ছিলেন প্রাক্তন সাংসদ তারিনী রায়। এবার সেই জায়গায় আনা হল প্রাক্তন মন্ত্রী অনন্ত রায়কে।
