রক্তিম মিত্র
কয়েকদিন আগে বাগেশ্বর বাবা বলে গেলেন, পুজোর সময় আমিষ খাওয়া চলবে না। আমিষ খেলে তিনি পাষণ্ড।
যিনি করোনার সময় সবাইকে গোমূত্র পান করার নিদান দিয়েছিলেন, এমন অর্বাচীনকে নিয়ে বেশি মাতামাতি না করাই ভাল। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তাঁর কাছে নতজানু হয়ে যান, মন্ত্রীরা যখন দন্ত বিগলিত হয়ে প্রজার মতো খেতে বসে যান, তখন সেই মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার লোকেদের নিয়ে কিছুটা করুণা হয় বইকি।
বাগেশ্বর বাবা নাকি খাওয়া–না খাওয়ার নিদান দিয়েছিলেন। এবার মুখ্যমন্ত্রী নিদান দিলেন, সিপিএমের স্টলে কী লেখা থাকবে, কী কী বই থাকবে।
আবোল তাবোল বকার ব্যাপারে তিনি পূর্বসূরিকেও ছাপিয়ে যাচ্ছেন। রোজ নতুন নতুন বাক্য উপহার দিয়ে চলেছেন। নিজেকে এবং নিজের পদকে ক্রমাগত হাস্যকর করে তুলছেন।
সিপিএম কেন ‘শারদোৎসব’ লিখবে? ভাগ্যিস, রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে নেই। নইলে তিনি কেন শারদোৎসব লিখলেন, তা নিয়েও প্রশ্ন তুলে দিতেন। তাঁকেও বাংলাদেশ বা পাকিস্তানে চলে যাওয়ার নিদান দিতেন।
আসলে, মুখ্যমন্ত্রীর দোষ নেই। এক সময় এই বাংলায় সারদার টাকায় অনেক উৎসব হত। সেখানে কাঁথির কোনও এক রাজপুত্রর নাম মাঝে মাঝেই শোনা যেত। সিবিআইকে দেওয়া সুদীপ্ত সেনের চিঠিতে সেই যুবরাজের কথা নাম–সহ উল্লেখ আছে। তাই শারদোৎসব শুনলেই হয়তো সারদার কথা কারও কারও মনে পড়ে যেতে পারে। তাঁর মনে হতে পারে, হয়তো তাঁকে আক্রমণ করেই শারদোৎসব লেখা হয়েছে।
শারদ এর সঙ্গে নারদ শব্দটারও বড় মিল। কী জানি, শারদ বললে কেউ হয়তো নারদ শুনবেন। খবরের কাগজ মুড়ে নেওয়া কিছু মহার্ঘ্য প্রসাদের কথা মনে পড়ে যেতে পারে।
আসলে, মুখ্যমন্ত্রীর হতাশার জায়গাটা বোঝা যায়। যতই তিনি মুখ্যমন্ত্রী হোন, বিজেপি কর্মীদের কাছে এখনও তেমন বিজেপি হয়ে উঠতে পারেননি। দিলীপ ঘোষ থেকে শমীক ভট্টাচার্য, এখনও সুযোগ পেলেই মনে করিয়ে দেন যে তিনি তৃণমূল থেকে এসেছেন। যে দল অনুপ্রবেশ নিয়ে এত সোচ্চার, সেই দলে অনুপ্রবেশকারী হয়ে খুব একটা স্বস্তিতে থাকা কঠিন। তাই তাঁকে আরও বড় বিজেপি হয়ে উঠতে হবে। তাই আরও বেশি করে ‘সাধুসঙ্গ’ করতে হবে। আরও বেশি করে হুঙ্কার ছাড়তে হবে। দলের মধ্যে নইলে যদি নম্বর না বাড়ে!
উঠতি তৃণমূলদের নিয়ে যেমন সমস্যা ছিল, হঠাৎ উড়ে এসে জুড়ে বসা বিজেপিদের নিয়েও বিড়ম্বনা কম নয়। তাঁদের হুঙ্কার দিতে হয়। ফতোয়া জারি করতে হয়। শারদোৎসব লেখা থাকলে সিপিএমের স্টল করতে দেওয়া যাবে না, সরাসরি বিধানসভা থেকে এমন হুঙ্কার দিতে হয়। কোন পুজোয় কার স্টল থাকবে, সেটাও মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন? একদিকে দম্ভ, অন্যদিকে সীমাহীন অজ্ঞতা, কোনটার পাল্লা ভারী, বলা মুশকিল।
কেউ কেউ বলছেন, সেই স্টল থেকে নারদার ভিডিও চালানো হবে। তার আর দরকার নেই। বরং, কয়েক বছর আগে আরএসএস বা নরেন্দ্র মোদি সম্পর্কে কী কী বলেছিলেন, সেই ভিডিও এখনও দিব্যি পাওয়া যায়। মাঝে মাঝে বরং সেই ভাষণ চালানো যেতে পারে।
