বেঙ্গল টাইমস প্রতিবেদন: বাংলা বনাম কেরল। আপাতভাবে সন্তোষ ট্রফির এই ম্যাচের তেমন মূল্য নেই। কারণ, দুই দলই গ্রুপের তিনটি করে ম্যাচ জিতে পৌঁছে গেছে সেমিফাইনালে। এই ম্যাচে যারা জিতবে, তারা গ্রুপ শীর্ষে থাকবে। ড্র হলে গ্রুপ শীর্ষে থাকবে কেরল। কারণ, গোলপার্থক্যে তারা ভাল জায়গায় আছে।
বাংলা শিবির অবশ্য গ্রুপের শীর্ষে থাকা বা না থাকা নিয়ে তেমন চিন্তিত নয়। এই ম্যাচে যেন তেমন চোট আঘাত না হয়, যেন জয় আসে, সেদিকেই নজর। সেমিফাইনালে কে পড়ল, তা নিয়ে বিশেষ মাথাব্যথা নেই কোচ রঞ্জন চৌধুরিরও। ফুটবলারদের কথায়, যাকেই এড়াতে চাইব, ফাইনালে তার সামনে পড়তে হতেই পারে। এমনকী এই কেরলের সামনেই হয়ত আবার পড়তে হবে।
প্রসঙ্গত, গতবার মৃদুল ব্যানার্জির কোচিংয়ে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলা। এবার ঘরের মাঠে সন্তোষ ট্রফি। তাই এই জয় বাড়তি তৃপ্তি দিতে পারে।

