স্বরূপ গোস্বামী
আমাকে আপনারা চিনবেন না। চেনার কথাও নয়। দিল্লির খান মার্কেটের কাছে সামান্য একটা দোকান চালাই। কীসের দোকান? খেলাধুলোর হরেকরকম সরঞ্জামের। ব্যাট, বল যেমন আছে, তেমনই ট্র্যাকশুট, জার্সিও রাখতে হয়েছে। নিজে ক্রিকেট খেলতাম। তাই ক্রিকেটের সরঞ্জাম দিয়েই দোকান শুরু করেছিলাম। পরে দেখলাম, কেউ ফুটবল চাইছে, কেউ ব্যাডমিন্টন র্যাকেটের খোঁজ করছে। আস্তে আস্তে এগুলোও রাখতে হল। আরও অনেককিছু রাখব, তার উপায় কই! এক, পুঁজি কম। দুই, ছোট্ট দোকানে এত জিনিস ধরবে না।
এ তো গেল আমার কথা। এবার আমার ছেলের কথায় আসি। এখন বেশ সেলিব্রিটি। বয়স মাত্র ৯ বছর। বেশ গোলগাল, নাদুস নুদুস চেহারা। চায় ক্রিকেটার হতে। কিন্তু এই চেহারা নিয়ে যে ক্রিকেটার হওয়া সহজ নয়, এটুকু বেশ বুঝি। কিন্তু ওকে বললে বেচারা দুঃখ পাবে। তাই উৎসাহ দিয়ে যাই। মনে মনে বলি, আমি যেটা হতে পারিনি, সেটা যদি ও হতে চায়, মন্দ কী! হ্যাঁ, যেটা বলছিলাম, আমার ছেলে সেলিব্রিটি। হঠাৎ করেই হয়ে গেছে। বিভিন্ন টিভি চ্যানেল ওর ইন্টারভিউ নিচ্ছে। কেউ কেউ ওর পাশে দাঁড়িয়ে সেলফি তুলছে। ছেলে দেখছি, দিব্যি এই সেলিব্রিটি স্টেটাস উপভোগ করছে। ওর নাম কবীর খান। এই নাম দিয়ে সার্চ করলে কখনও শাহরুখ খানের সেই চাক দে ইন্ডিয়ার ছবি আসছে। কখনও পরিচালক কবীর খানের ছবি আসছে। আবার তাদের ভিড়ে আমার নয় বছরের ছেলের ছবিও চলে আসছে। একটা লিঙ্কে ক্লিক করলেই বুঝে যাবেন, ও কেন সেলিব্রিটি।
এ তো গেল বাপ–বেটার গল্প। কিন্তু এই কাহিনীতে আরও একজন আছে। যে না থাকলে আসলে কিছুই হত না। আমি তাকে চিনতাম চিকু নামে। আপনাদের কাছে সে অবশ্য অন্য নামেই বিখ্যাত। নামটা বলেই ফেলা যাক, বিরাট কোহলি।
খুব সঙ্কোচ নিয়ে এবার আমার নামটা বলা যাক। শাওয়েজ খান। আবার বলছি, আগে কখনই শোনেননি। শোনার কথাও নয়। কারণ, আপনারা আমাকে চিনবেন, এমন কিছুই আমি এখনও করে উঠতে পারিনি। খান মার্কেটে কে একটা স্পোর্টস গুডসের দোকান চালায়, তাকে চিনতে আপনাদের ভারী বয়েই গেছে! খুব সঙ্কোচ নিয়েই বলছি, এখন দোকান চালাই ঠিকই, কিন্তু একটা সময় আমিও ক্রিকেট খেলতাম। বয়স বিরাটের মতোই। অনূর্ধ্ব ১৬, অনূর্ধ্ব ১৯ দিল্লির হয়ে খেলেছি। বিরাটও আমার সঙ্গেই খেলত। অবশ্য, বাক্যটা একটু বদলে নেওয়া দরকার। বলা ভাল, আমিও বিরাটের সঙ্গেই খেলতাম।
খেলা থেকে একটু সিনেমায় টহল দেওয়া যাক। আমার প্রিয় নায়ক শাহরুখ খান। আপনাদের দেখা শাহরুখের প্রিয় ছবি কোনটা? কেউ বলবেন বাজিগর, কেউ দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে। কেউ বলবেন কুছ কুছ হোতা হ্যায়, কেউ আবার ম্যায় হুঁ না। যাঁরা একটু অন্যরকম ছবি ভালবাসেন, তাঁরা স্বদেশ বা চাক দে ইন্ডিয়ার কথাও ভাবতে পারেন। হাল আমলের ফ্যানেরা জওয়ান, পাঠানের কথাও বলতে পারে। আমি প্রায় সব ছবিই দেখেছি। কিন্তু আমার কাছে শাহরুখের প্রিয় ছবি ‘বিল্লু বারবার’। মানে, বিল্লু নাপিত। আমি নিশ্চিত, শাহরুখের প্রথম পচিশখানা ছবির মধ্যে এই ছবি জায়গাই পাবে না। নাম ভূমিকায় থাকা এই বিল্লু কিন্তু শাহরুখ নন, ইরফান খান। এত ছবি থাকতে এই ছবি কেন আমার প্রিয়? আসলে, এই ছবির মধ্যেই আমি যেন নিজেকে খুঁজে পাই। না, শাহরুখের চরিত্রে নয়, আমাদের ছেড়ে চলে যাওয়া ইরফানের চরিত্রে।
ছবির গল্পটা একটু বলি! বিল্লু এক নাপিত। থাকে অখ্যাত এক গ্রামে। দোকানে খদ্দের নেই, মাছি তাড়ায়। কেউ তাকে পাত্তা দেয় না। হঠাৎ সেই গ্রামে শুটিং করতে হাজির শাহিল খান (শাহরুখ)। বিল্লু মিন মিন করে নিজের স্ত্রীকে একবার বলে ফেলেছিল, শাহিল তার ছোটবেলার বন্ধু। ব্যস, আর যায় কোথায়! দিকে দিকে এই বার্তা রটি গেল ক্রমে। নানা লোক নানা আবদার নিয়ে হাজির বিল্লুর কাছে। বিল্লু যতই বলে, এখন ও আমায় চিনতে পারবে না, কে শোনে কার কথা! এলাকার লোক একসময় ধরেই নিল, বন্ধু–টন্ধু কিছু নয়, এ ফালতু ভাও বাড়াচ্ছে। অপমানে, লাঞ্ছনায় বিল্লু যেন আরও কুঁকড়ে গেল। বাকিটুকু থাক। না দেখে থাকলে ইউটিউবে দেখে নেবেন।
আমি সেই বিল্লুর মতোই। কেউ কেউ জানে, আমি বিরাটের সঙ্গে খেলেছি। কেউ উপহাস করে, কেউ ভাবে ভাও বাড়াচ্ছি। কেউ একসঙ্গে ছবি দেখতে চায়। কেউ টিকিট চেয়ে বসে। যতই বলি, চিকু এখন অনেক বড় স্টার, কেউ বুঝতেই চায় না। ভাবে, বাহানা দেখাচ্ছি। কেন আমি খেলা ছেড়ে দিলাম, এমন প্রশ্নও ধেয়ে আসত। কী করে বোঝাই, সবাই বিরাট কোহলি হয় না। আমরা সকাল সাতটায় প্র্যাকটিসে এলে ও আসত ভোর পাঁচচায়। আমরা দশটায় বাড়ি ফিরলে ও ফিরত বারোটায়। আমরা কাটাতাম পার্কে, ও পড়ে থাকত জিমে। আমাদের মনে হত, ব্যাটা শুধু শুধু খেটে মরছে। জীবনকে উপভোগ করতেই শিখল না। আমরা আড্ডা দিয়েছি, গুলতানি করেছি, ফোন ঘেঁটেছি। আর ও নিজেকে নিঙড়ে দিয়েছে। তাই আজ ও তারকা আর আমি অখ্যাত এক ছোট্ট দোকানদার।
আইপিএলের সময় অনেকে আবদার করেছে। কেউ টিকিট চেয়েছে। কেউ বিরাটের সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি ভয়ে গুটিয়ে থেকেছি। কী জানি, বিরাট যদি চিনতে না পারে! তাহলে বেইজ্জতির শেষ থাকবে না। পালিয়ে পালিয়ে বেড়িয়েছি। সিনেমায় ছিল, একদিন সিনেমার নায়ক শাহিল এল বিল্লুর গ্রামে। অনেকটা সেরকমই, শুনলাম বিরাট খেলবে রনজি ট্রফিতে। যাক, এখানে এত পুলিশি পাহারা থাকবে না। এখানে তেমন ভিড় থাকবে না। আমার সেই ৯ বছরের গাবলু গুবলু ছেলেটি দুদিন ধরে ‘বিরাট আঙ্কল’ এর ছবি আঁকল। ওর হাতে তুলে দিতে চায়। কিন্তু আমি সেই বিল্লুর মতোই কুঁকড়ে আছি। যদি বিরাট চিনতে না পারে! একসময় ছেলে সেই মোক্ষম প্রশ্নটা করেই ফেলল, ‘বাবা, সত্যি বলো তো, বিরাট কোহলি আদৌ তোমাকে চেনে?’ ছোট্ট ছেলে। না বুঝেই হয়ত প্রশ্নটা করে ফেলেছে। এই ছোট্ট একটা প্রশ্ন যে তার বাবাকে কতখানি আঘাত করল, তা বোঝার মতো বয়সও ওর হয়নি।
শুনলাম, কাল বিরাট কোটলায় প্র্যাকটিসে আসবে। সারা রাত ধরে যেন নিজের সঙ্গে যুদ্ধ। যাব নাকি এড়িয়ে যাব? মহেশ ভাট্টি এই টিমের ম্যানেজার। আমাদের সময়ে কোচ ছিল। তাকে ফোন করলাম। খুব একটা ভরসা দিতে পারল না। বলল, ‘কোহলি থাকবে তো। খুব টাইট সিকিউরিটি থাকবে। তবু আসিস, চেষ্টা করব।’ বুঝলাম, মহেশ স্যরও বেশ সংশয়ে। বিরাট তাকে পাত্তা দেবে কিনা, সেটাই বুঝে উঠতে পারছে না। সে কী করে আমাকে দেখা করানোর দায়িত্ব নেবে! সারা রাত এপাশ আর ওপাশ করলাম। একটুও ঘুম এল না। ওদিকে ছেলেও জেগেই রইল। বিরাট আঙ্কেলের সঙ্গে যদি একবার দেখা হয়ে যায়! এই রোমাঞ্চ ওকে যেন তাড়া করছে। আমার মনে রোমাঞ্চর চেয়েও ভয় বেশি। যদি বিরাট দেখা না করে, সারাজীবন ছেলের কাছে অবহেলা আর উপেক্ষার পাত্র হয়েই থেকে যাব।
সাত সকালেই পৌঁছে গেলাম কোটলা। একসময় বিরাট আমার আগে প্র্যাকটিসে আসত। অন্তত, আজ ওকে হারাতে পেরেছি। আজ ওর আগে আমি পৌঁছে গেছি। মহেশ স্যারকে হাত নেড়েছি। সেও পাল্টা হাত নেড়েছে। সেই হাত নাড়ার ইঙ্গিতটা বুঝিয়ে দিল, ‘আপদটা সাত সকালেই চলে এসেছে। এবার জ্বালিয়ে খাবে।’
সেই চিকু ছুটছে। কে ওর পাশে কতটা ঘেঁসতে পারে, এ যেন তার কম্পিটিশন। কোচ আর বোলিং কোচ দেখছি ফেভিকলের মতো সেঁটে আছে। অর্থাৎ, বিরাটের সঙ্গে ফ্রেমে থাকবেই। হায় রে! এরা দিল্লির কোচ। ফুটেজ খাওয়ার এত নেশা! বিরাট বুঝতে পারছিল, হয়তো বিরক্তও হচ্ছিল। কিন্তু কী আর করা যাবে! এসব আদিখ্যেতা, হ্যাংলামি ও রোজ দেখছে। বেচারা এমনিতেই চাপে আছে। নেহাত বিপাকে পড়েছে বলে রনজি খেলতে এসেছে। এখন যদি দুর্ব্যবহার করে, লোকে বলবে অহঙ্কারি। আরও দুর্নাম ছড়িয়ে যাবে।
দৌড়ের পর নেটে ঢুকে গেল। অনেকক্ষণ ব্যাট করল। ক্যাচ প্র্যাকটিস করল। জুনিয়র ছেলেদের উদ্বুদ্ধ করল। এদিকে আমি আর কবীর, মানে আমরা বাপ–ব্যাটা অনেকটা দূরে। চিৎকার করে ডাকব, সাহস পাচ্ছি না। আর হাত দেখালেই চিনতে ওর বয়েই গেছে! আমার চেহারা কত বদলে গেছে! কোন আঠারো–উনিশ বছর আগে একসঙ্গে খেলেছি, মনে রাখতে ওর বয়েই গেছে। শেষমেশ হাত নাড়লাম, লাজলজ্জার মাথা খেয়ে নিজের নাম বললাম। মহেশ স্যরও বোধ হয় মনে করিয়ে দিল। অবশেষে আমার ডাক পড়ল। সিকিউরিটি আটকেছিল। কিন্তু বিরাট ইশারায় ছাড়তে বলল। টুকটাক মজা করল। কাঁধেও হাত রাখল।
বিরাটকে বললাম, আমার ছেলেকেও সঙ্গে এনেছি। তোর খুব বড় ফ্যান। দুদিন ধরে তোর ছবি এঁকেছে। ওকে ডাকব? সেদিনের চিকু একগাল হেঁসে বলল, হ্যাঁ, ডাক। আমি যেন হাতে স্বর্গ পেলাম। ততক্ষণে আমার ছেলে এটুকু বুঝেছে, বিরাট আঙ্কেল সত্যিই আমাকে চেনে। পুঁচকে ছেলে এসে বিরাটকে বলে বসল, আমি ইন্ডিয়ার হয়ে খেলতে চাই। কী করতে হবে? বিরাট হাসতে হাসতেই বলল, অন্যরা যা পরিশ্রম করবে, তুমি তার ডাবল করবে। তোমার বাবা তোমাকে প্র্যাকটিসে যেতে বলবে না। তুমি নিজে থেকে বলবে, আমি প্র্যাকটিসে যাব। যো বেঞ্চমার্ক হ্যায়, উসকা ডাবল করো।
ভেবেছিলাম, সিনেমার শেষটা বলব না। কিন্তু না বললেই নয়। শেষবেলায় নায়ক শাহিল খান বিল্লুর ভাঙা ঘরে পৌঁছে যায়। কথা হারিয়ে যাচ্ছিল বিল্লুর। একসময় বলেই ফেলল, ‘তু বহত আগে নিকল গ্যায়া। ফির মেরা হসলা টুট গ্যায়া।’ বলেই জড়িয়ে ধরল। কী অকপট একটা স্বীকারোক্তি। আমারও বিরাটকে এই কথাগুলোই বলতে ইচ্ছে করছিল।
এই প্রথমবার আমার মুখের সামনে মিডিয়ার বুম। বিরাটের সঙ্গে কী কথা হল, সবাই জানতে চাইছে। কেন জানি না, কিছুই বলতে পারলাম না। কী জানি, হয়তো বলতে চাইলাম না। বন্ধুত্বের খুনসুটিটা নিজেদের মধ্যেই থাকুক। এদিকে আমার পুত্র তো ফাটিয়ে ইন্টারভিউ দিয়ে চলেছে। ব্যাটা দেদার ফুটেজ খাচ্ছে। খাক। আজ তো ওরই সেলিব্রিটি হওয়ার দিন।
চিকু, আমার ভাঙা ঘরে তুইও যেন চাঁদের আলো হয়েই এলি। এ জীবনে আর কিছুই চাওয়ার নেই। আমার ছেলে এটুকু বুঝল, তার বাবা সত্যিই একদিন বিরাট আঙ্কলের সঙ্গে খেলেছে। তুই কত রান পেলি, কটা সেঞ্চুরি, জানতে আমার বয়েই গেছে। তোর সঙ্গে কাটানো ওই কয়েক মিনিটের ছোট্ট মুহূর্তটাই আমার সারাজীবনের স্মৃতি হয়ে থাকবে।
শাহরুখের এত ছবির ভিড়েও ‘বিল্লু বারবার’ ছবিটা কেন প্রিয়, এবার বোঝা গেল! অনেকবার দেখেছি। আরও অনেকবার দেখব। মুগ্ধ চোখে ইরফানের অভিনয় দেখব। ওর মাঝেই নিজেকে খুঁজব। আর হাউ হাউ করে কাঁদব। এ কান্নার সুখ যে অনেক হাসির থেকেও বেশি।
