স্বরূপ গোস্বামী
১২ মে, ২০২৫
ঋক
মনে মনে তৈরি ছিলাম না। একেবারেই তৈরি ছিলাম না। হঠাৎ করে এভাবে তুমি অবসর নিয়ে নেবে, ভাবতেও পারিনি। আর কতদিনই বা খেলতে! ৩৭ বছর হয়েই গিয়েছিল। বড়জোর আর এক বছর। মেরেকেটে দু’বছর। কিন্তু ইংল্যান্ড সফরের আগেই হঠাৎ এভাবে ঘোষণা করে বসবে, সত্যিই ভাবিনি।
আমার দাদু মনে মনে হয়তো বেশ খুশি। হওয়ারই কথা। তিনি সুনীল গাভাসকারের ভক্ত। গাভাসকার ছাড়া কিছুই বোঝেন না। দেওয়ালে গাভাসকারের সেই দশ হাজার রানের ছবি। আসলে, দাদু গাভাসকার ছাড়া বাকিদের তেমন ক্রিকেটার বলে মনেই করেন না। শচীন ভাল, তবে ততটা ভাল নয়। এটাই দাদুর মূল্যায়ন। আগে তোমার প্রশংসাই করতেন। কিন্তু কেন জানি না, গত কয়েক বছর তোমাকেও ঠিকঠাক নিতে পারতেন না। তুমি হঠাৎ অবসর নেওয়ায় দাদু দু’দিক থেকে নিশ্চিন্ত হলেন। এক, তোমার ৩৪ সেঞ্চুরি হল না। দুই, তুমি দশ হাজার রানের আগেই থেমে গেলে।
আমার বাবাও হয়তো খুশি। বাবা আবার গাভাসকার নয়, শচীনের ভক্ত। আসলে, বাবার বেড়ে ওঠার দিনগুলোয় শচীনকে দেখেছে। গাভাসকারকে শ্রদ্ধা করে, কিন্তু কিছুটা ওই দূর থেকে নমস্কার করার মতো। শ্রেষ্ঠত্বের প্রশ্ন উঠলে বলত, শচীনকে অনেক বেশি প্রত্যাশার চাপ নিয়ে খেলতে হয়েছে। গাভাসকার যখন খেলত, তখন হারলেই বা কী, জিতলেই বা কী! মানুষের খুব একটা হেলদোল ছিল না। কিন্তু শচীনের কাঁধে গোটা ভারতবর্ষ। সীমাহীন প্রত্যাশা।
তোমাকে একটু একটু ভালবাসত। তার মূল কারণ তোমার ব্যাটিং নয়। তুমি ২০১১ বিশ্বকাপ জয়ের পর শচীনকে কাঁধে তুলে নিয়েছিলে, সেই জন্য। বাবার মনের অ্যালবামে ওই ছবিটা বাঁধানো। আবার ওয়াংখেড়েতে পঞ্চাশ শতরানের পর যখন গ্যালারিতে থাকা শচীনের দিকে নতমস্তকে সেলাম ঠুকেছিলে, সেদিনও বাবা খুশিই হয়েছিল। তোমার সেঞ্চুরির জন্য নয়। তুমি শচীনকে ওইভাবে শ্রদ্ধা জানিয়েছিলে বলে।
আমি ঋক। সবে এইট পেরিয়ে নাইনে। আমি গাভাসকারকে দেখেছি কমেন্ট্রি বক্সে। শচীনকে দেখেছি ইনস্টাগ্রাম বা এক্স হ্যান্ডলের পোস্টে। আর কিছু ইউটিউব ভিডিও–তে। আমার বেড়ে ওঠা তোমাকে দেখে। দাদুর ছোটবেলায় মফস্বলে ক্রিকেটের তেমন চল ছিল না। তবে রেডিওতে নাকি নিয়মিত কমেন্ট্রি শুনতেন। বাবার খেলাধূলা মোটামুটি ক্লাস টুয়েলভ পর্যন্ত। শুনেছি, ভাল ব্যাটিং করত। আমি পাড়াতেও ক্রিকেট খেলিনি। বলতেই পারতাম, আমার পাড়ায় মাঠ নেই। বলতেই পারতাম, পড়ার প্রচণ্ড চাপ। কিন্তু তার থেকেও বড় সত্যি, আমার খেলার সঙ্গী নেই। তুমি সুইমিং, জিম করো। আমিও তাই করি। তবে আমার ক্রিকেট মোবাইলে। সেখানেই আমি কোহলি সাজি। আমার প্রোফাইল পিকচারেও তোমার ছবি। আমার হোয়াটস্্অ্যাপ স্টেটাসেও তুমি। মাঝে মাঝেই সেই ছবি বদলে যায়। ইচ্ছে করে, তোমার মতো ট্যাটু করি। আমাদের ক্লাসের ডোডো তোমার ছবি দিয়ে ট্যাটু করেছে। আমি করলে বাবার মুখ বেঁকে যাবে। দাদু হয়তো বলে বসতেন, উচ্ছন্নে গেল। মনে মনে তোমাকেই গালমন্দ করতেন। হয়তো বলতেন, বিরাট কোহলির ভক্ত হলে এরকমই তো হবে।
আচ্ছা, বলতে পারো, আমি কেন গাভাসকারের ভক্ত হতে যাব? কেনই বা শচীনের ভক্ত হতে যাব? আমাদের সময়ে যখন তোমার মতো আইকন আছে, যার সামনে সারা বিশ্ব মাথা ঝোঁকায়। আমি কেন পেছনের দিকে তাকাতে যাব? তুমি আমাদের কী দাওনি? একদিনের ক্রিকেটে বিশ্বকাপ দিয়েছ। টেস্টে দেশকে দীর্ঘদিন এক নম্বরে রেখেছ। টি২০ বিশ্বকাপ দিয়েছ। দু’বার চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েছো। তোমার ক্যাপ্টেন্সিতে সবথেকে বেশি টেস্ট জয়। তোমার সময়কালে তুমিই বিশ্বের সেরা তারকা। দুনিয়ার সব বোলার তোমাকে সমীহ করে। ফ্যান ফলোয়িং এর বিচারে মেসি, রোনাল্ডোর পরেই তুমি। স্টারডাম না থাকলে এমনি এমনিই তোমার ছবিতে এত লাইক পড়ে! আর স্টারডাম আসে পারফরম্যান্স থেকে।
এই সাঁইত্রিশেও তোমার কী ফিটনেস! যে কোনও তরুণকে লজ্জায় ফেলে দেবে। গাভাসকার, শচীনের সেরা সময়ে এই ফিটনেস ছিল! এর সিকিভাগ ছিল? এখন তিন ঘরানার ক্রিকেটে খেলতে হয়। আইপিএলে খেলতে হয়। শুনেছি, বিশ্বকাপে শুরুতে নেমে ষাট ওভার ব্যাট করে গাভাসকার নট আউট ছিলেন ৩৬ রানে! তাহলে টি২০ তে কী হত? এখনকার দিনে কী ট্রোলিং সামলাতে হত, সেটাই ভাবি। শচীনের কথাই যদি ধরো, লাস্টে ব্যাট করে কবার জিতিয়েছে?
আসলে, তোমার ভক্ত যেমন আছে, তেমনই তোমার নিন্দুকও কম নেই। আসলে, তারা হ্যাং ওভার থেকে বেরোতে পারে না। এমনকী, আমরা তোমার নামে জয়ধ্বনি করি, সেটাও মন থেকে মানতে পারে না। তুমি দার্শনিক নও। রক্তমাংসের মানুষ। জিতলে আনন্দে লাফাও। হারলে মেনে নিতে পারো না। এই অ্যাগ্রেশান, এই এনভলভমেন্ট তাদের ছিল নাকি?
তবু বারবার মনে হচ্ছে, এভাবে কেন? গত বছর টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে যখন ছেড়েছিলে, মনে হয়েছিল, ঠিকই করেছো। এটাই ছাড়ার আদর্শ মঞ্চ। তাই বলে টেস্ট ক্রিকেটে? অন্তত দশ হাজার রান পর্যন্ত ইনিংসটা টেনে নিয়ে যাওয়া যেত না? তোমার মতো ব্যাটসম্যানের নামের পাশে দশ হাজার রান থাকবে না! মানা যায়! বাবা, দাদুর কাছে এভাবে আমাকে হারিয়ে দিলে! আমার কথা, আমাদের কথা একবারও মনে পড়ল না!
কোহলি, তুমি জীবনে সব পেয়েছ। কিন্তু আঠারো বছরে আইপিএল এখনও তেমার মুকুটে ওঠেনি। এবার আরসিবি একেবারে লাস্ট বয় থেকে উঠে এসেছে। প্লে অফের দোরগোড়ায়। এভাবে যখন উঠে এসেছে, তখন মন বলছে, কিছু একটা চমৎকার হবে। এই ট্রফিটা তোমার যেমন দরকার, তেমনই দরকার আমারও। জীবনের চিত্রনাট্যে এই লড়াইয়েও তোমাকে জয়ী দেখতে চাই।
**************
১৬ নভেম্বর, ২০১৩
রোহন
ছোটবেলায় বাবা প্রতি বছর নতুন ডায়েরি কিনে দিত। বলত, রোজ কিছু না কিছু লিখবি। ক্লাস এইট পর্যন্ত রোজই কিছু না কিছু লিখতাম। তারপর যা হয়! নাইন থেকে আর হয়ে উঠল না।
এখন আর ডায়েরি লেখার চল নেই। হাতের লেখাও বিচ্ছিরি। নিজের লেখা আজকাল নিজেও পড়তে পারি না। নিজের অনুভূতি মাঝে মাঝে কম্পিউটারে লিখে রাখি। আজ তেমনই একটা দিন। আমার প্রিয় নায়ক তার ২৪ বছরের লম্বা ইনিংস শেষ করল।
আমার নাম রোহন। বাঙালিদের এমন নাম হয় না। অন্তত এই নামে আমার পরিচিত কেউ নেই। কিন্তু ওই যে, সুনীল গাভাসকারের ছেলের নাম রোহন। তাই বাবা আমার নাম রোহন রেখে দিল। অবশ্য গাভাসকার ছেলের নাম রেখেছিলেন রোহন কানহাইকে দেখে। আমিও সেই নামটাই বয়ে বেড়াচ্ছি। আমার অবশ্য কোনও আক্ষেপ নেই। বরং, ব্যতিক্রমী একটা নাম, ভালই লাগে।
রোহন তবু ইন্ডিয়ার হয়ে খেলেছে। আমার দৌড় ওই পাড়ার ক্রিকেট। শুরু দিকে বাবা স্কুল থেকে ফিরে আমার খেলা দেখতে যেত। পরে বুঝল, আমার দ্বারা বেশি কিছু হওয়ার নয়। হলও না। বাবার মতো আমিও বুঝেছিলাম, এই বিদ্যে নিয়ে পাড়ার ক্রিকেট ঠিক আছে, টিভি দেখে ক্রিকেট নিয়ে গুলতানি ঠিক আছে। খেলা পত্রিকায় দু একটা চিঠি লিখলাম, এই পর্যন্ত ঠিক আছে। এর বেশি কিছু হওয়ার নয়। উচ্চ মাধ্যমিকের পর, অকালেই অবসর নিয়ে ফেললাম।
আমার যখন ক্লাস সেভেন, তখন সুনীল গাভাসকার অবসর নিলেন। বাবার জীবনে যেন অদ্ভুত একটা শূন্যতা। বাবার দেওয়ালে গাভাসকারের ইয়াব্বড় ছবি। সেই ইজাজ ফাকির বলে লেট কাট মেরে দশ হাজার রানে পৌঁছোনোর ছবি। একটা সময় বাবা খেলা দেখাই বন্ধ করে দিল। বাবা আক্ষেপ করে বলত, আরেকটা গাভাসকার কোনওদিনই আসবে না। একটা শতাব্দীতে এমন লেজেন্ড একজনই আসে।
আমার তখন ক্লাস নাইন। তখন অভিষেক হল শচীন তেন্ডুলকারের। আমার থেকে বয়সে বছর দুই বড়। এই বয়সে কিনা ভারতের হয়ে খেলছে! তাও আবার তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পাকিস্তান সফরে! ইমরান, আক্রামদের সামনে! এখনও মনে আছে, করাচি আর ফয়জালাবাদ টেস্ট টিভিতে দেখানো হয়নি। তখন ভোট চলছিল। তাই সম্প্রচার বন্ধ। এমনকী প্রথম দুটো ম্যাচের রেডিওতেও কমেন্ট্রি হয়নি। ভরসা ছিল পরের দিনের ‘আজকাল’। বাবা গাভাসকারের ভক্ত, তার ওপর বাম মনস্ক। ফলে, বাড়িতে ‘আজকাল’ই নেওয়া হত। লাহোর টেস্ট মানে সঞ্জয় মঞ্জরেকার। দুরন্ত ডাবল সেঞ্চুরি। বাবা আবার টিভি দেখা শুরু করল। বলতে শুরু করল, গাভাসকারের জায়গা কেউ নিতে পারলে, এই ছেলেটাই পারবে। সত্যি বলছি, তখনও শচীন সম্পর্কে সেই মুগ্ধতা ছিল না।
এবার শিয়ালকোট। ওয়াকার ইউনিসের লাফিয়ে ওঠা বল লাগল নাকে। হেলমেট থাকলেও তখন মুখটা ফাঁকাই থাকত। নাক দিয়ে রক্ত পড়ছে। অন্য যে কেউ হলে মাঠ ছেড়ে বেরিয়ে যেত। কিন্তু ছেলেটা নাকে ব্যান্ডেজ নিয়েও ব্যাট করছে! সেই ওভারেই ইউনিসকে দুটো বাউন্ডারি! বুঝলাম, এই ছেলে অনেকদূর যাবে। বাবাও যেন মঞ্জরেকার থেকে শচীনে পৌঁছে গেল। ফিরে গেল সানির বন্দনায়, ‘জানিস, গাভাসকার বছরের পর বছর হেলমেট ছাড়াই মার্শাল, হোল্ডিং, গারনার, রবার্টস, লিলি, টমসন, ইমরানদের খেলে গেছে। এই ছেলেটার মধ্যেও সেই সাহস দেখতে পাচ্ছি।’
টুকরো টুকরো কত মুহূর্ত। কত মুগ্ধতা। দিনদিন সেই মুগ্ধতা বেড়েছে বই কমেনি। একসময় সৌরভ এল, প্রথম দুই টেস্টে সেঞ্চুরি করল। ভারতকে নেতৃত্ব দিয়ে অন্য জায়গায় পৌঁছে দিল। তবু শচীন ইজ শচীন। তার সঙ্গে অন্য কারও তুলনা হয় না। হতে পারে না। সৌরভ বাদ গেল, কষ্ট পেয়েছি। ফিরে এল, রোমাঞ্চিত হয়েছি। রাহুল একের পর এক দুরন্ত ইনিংস খেলল। কুম্বলে ছশোর বেশি উইকেট নিল। কিন্তু কেন জানি না, সবাইকেই মনে হত পার্শ্বচরিত্র। একসময় আর্জেন্টিনাকে বলা হত মারাদোনা অ্যান্ড আদার্স। আমার কাছে ভারত মানেও ছিল শচীন অ্যান্ড আদার্স।
একটাই আক্ষেপ তাড়া করত। লোকটা বিশ্ব ক্রিকেটকে এত বছর ধরে শাসন করল। এই লোকটা একটা বিশ্বকাপ পাবে না? সেই আক্ষেপও দূর হয়ে গেল বছর দুই আগে। সেদিন শচীনকে কাঁধে নিয়ে ঘুরেছিল বিরাট কোহলি, ইউসুফ পাঠানরা। কোহলি বলেছিল, ‘এই মানুষটা এত বছর ধরে ভারতীয় ক্রিকেটকে নিজের কাঁধে বয়ে বেড়িয়েছে। আজ তার স্বপ্নপূরণ করে আমরা সেই মানুষটাকে কাঁধে তুলে নিলাম।’ ওই ছবিটা ফ্রেমে বাঁধিয়ে রাখার মতোই। মনের ফ্রেমে বাঁধিয়ে রেখেওছি।
নামের পাশে ২০০ টেস্ট। ৪৬৩ একদিনের ম্যাচ। দুই ঘরানার ক্রিকেট মিলিয়ে গুনে গুনে একশো খানা সেঞ্চুরি। ৩৪ হাজারের ওপর রান। ক্রিকেট মহাবিশ্বে এর চেয়ে উঁচু শৃঙ্গ তো আর নেই। কোনওদিন হবেও না। তার আজ শেষ দিন। মন সত্যিই ভারাক্রান্ত। দুপুরে ওয়াংখেড়েতে ওই বিদায়ী বক্তৃতার পর যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। ক্রিকেট মাঠে এমন মন ছুঁয়ে যাওয়া সংলাপ! আগে কখনও শুনেছি বলে মনে পড়ছে না। অনেক সেঞ্চুরিও যেন ম্লান ওই বিদায়ী বার্তার কাছে। দীর্ঘ ২১ মিনিটের ভাষণ। কতবার যে চোখ দিয়ে জল গড়িয়ে গেল!
আমার দু’বছরের ছেলে ঋক। সদ্য কথা বলতে শিখছে। দেখে গেল, তার বাবা মাঝে মাঝেই কাঁদছে। আমাকে কাঁদতে দেখে সেও কেঁদে ফেলল। কেন কাঁদছি, বোঝার মতো বয়স ওর হয়নি। আমি যেমন শচীনের জন্য কাঁদছি, ও কি কারও জন্য এমনভাবে কাঁদবে? জানি না। ও কী বুঝবে, এই কান্নার সুখ! জানি না। মনে হল, আজ কিছুই বলার নেই। নিজের অনুভূতির কথা অন্তত লিখে রাখি। একদিন হয়তো এই লেখা পড়বে। হয়তো বুঝবে, তার বাবার চোখ কেন বারবার ভিজে গিয়েছিল। আজকের দিনে এই ডায়েরি লেখার আরও একটা কারণ আছে। গাভাসকারের অবসরের সময় আমার বাবা একটা দীর্ঘ লেখা লিখেছিলেন। অনেক পরে তার সেই লেখা পড়ার সুযোগ হয়েছিল। সেই ডায়েরি পড়ে বাবাকে যেন নতুন করে আবিষ্কার করেছিলাম। গাভাসকার নামটার প্রতি কেন তার এমন তীব্র প্যাশন, অনেক পরে সেটা অনুভব করেছিলাম। না, বাবাকে একটুও ভুল বুঝিনি। বাবা গাভাসকারকে ভালবাসতে পেরেছিল বলেই আমি পেরেছি শচীনকে এভাবে আপন করে নিতে।
গাভাসকার অবসর নেওয়ার সময় বাবা বলেছিল, এই দেশে আরেকটা সানি আসবে না। আজ আমারও বলতে ইচ্ছে করছে, এই দেশে আর একটা শচীনও আসবে না।
**************
২৫ আগস্ট, ১৯৮৭
সুনির্মল গাঙ্গুলি
লন্ডনে আজ সকাল থেকেই বৃষ্টি। অবশ্য, ও দেশের সকাল আর আমাদের সকালের মধ্যে অনেক ফারাক। ওরা সাড়ে পাঁচ ঘণ্টা পিছিয়ে। তার একটা সুবিধাও আছে। সকাল থেকে খেলা হলে স্কুলে ছুটি পাওয়া মুশকিলই হত।
অবশ্য ছুটি নিয়েই বা কী হত? বাই সেন্টিনারি ম্যাচ তো আর টিভিতে দেখায়নি। কেন দেখাল না, কে জানে! গাভাসকারের শেষ ম্যাচ বলে কথা। দেখাতেই পারত। রেডিওতে কমেন্ট্রি মাঝে মাঝে শোনা যায়। মাঝে মাঝেই ভ্যানিস হয়ে যায়। অবশ্য, শেষদিন বষ্টির জন্য একটি বলও খেলা হল না। তবু সারাদিন অদ্ভুত একটা উৎকণ্ঠায় ছিলাম। না, গাভাসকারের আর ব্যাট করার কোনও সম্ভাবনা ছিল না। কিন্তু শেষ টেস্ট বলে কথা। এত বছর ধরে যে মানুষটাকে এত ভালবেসে গেলাম, এখনও, এই বয়সেও যাঁর ছবি কেটে রাখি, সেই মানুষটার বিদায়ী দিন বলে কথা। মনটা কেমন যেন ভারাক্রান্ত।
এটা সরকারি টেস্ট নয়। তাছাড়া, এরপরেও দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ আছে। সেখানেও তিনি খেলবেন। তবু আজকেই যেন একটা যুগের সমাপ্তি। ১৭ বছর ধরে যে মানুষটাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে ছিলাম, সেই মানুষটাকে আর কখনও টেস্ট খেলতে দেখা যাবে না। লেখা থাকবে শেষ ইনিংসে শূন্য। বোল্ড ম্যালকম মার্শাল। ব্র্যাডম্যানও নিজের শেষ ইনিংসে শূন্যই করেছিলেন। দুই কিংবদন্তির কী অদ্ভুত মিল! অবশ্য, এই শূন্য রানের ইনিংসটা নয়, মহাকালের মহাফেজখানায় লেখা থাকবে প্রথম ইনিংসের ১৮৮ রানের কথাই। এমসিসি–র দুশো বছর বলে কথা। এমসিসি একাদশ বনাম অবশিষ্ট বিশ্ব একাদশ। সারা পৃথিবীর দিকপাল ক্রিকেটারদের ভিড়। গাভাসকার, ইমরান, কপিলদেব, বেঙ্গসরকার, মিয়াঁদাদ এক দলে! ভাবা যায়! উল্টোদিকে! গর্ডন গ্রিনিজ, ডেভিড গাওয়ার, গ্রাহাম গুচ, মাইক গ্যাটিং, রিচার্ড হেডলি, ম্যালকম মার্শাল। কাকে ছেড়ে কার কথা বলি! এমনকী সেই দলে আমাদের রবি শাস্ত্রীও। তাঁর ওপর বড্ড রাগ হচ্ছে। কারণ, তাঁর বলেই কট অ্যান্ড বোল্ড হয়েছেন গাভাসকার। ডাবল সেঞ্চুরি থেকে তখন মাত্র ১২ রান দূরে। ভারী আমার ফিল্ডার হয়েছে! ওই ক্যাচটা মিস করতে পারলি না! আবার ক্যাচ নিয়ে আনন্দে বলটা আকাশে ছোড়া হচ্ছে! জানিস না, এটা গাভাসকারের শেষ ম্যাচ। আমার সানি অবশ্য ওদিকে ফিরেও তাকালেন না। আম্পায়ারের আঙুল তোলারও অপেক্ষা করলেন না। শাস্ত্রীর হাতে ক্যাচটা যেতেই পিছন ফিরে সোজা হাঁটা লাগালেন প্যাভিলিয়নের দিকে। বিদায়বেলায় এসেও তিনিই ধ্রুততারা। অস্তরাগের আভায় লর্ডসে যেন রাঙিয়ে দিয়ে গেলেন।
এত মহাতারকার মিছিল। তবু এই টেস্টের সরকারি কোনও স্বীকৃতি নেই। এই ১৮৮ রেকর্ড বইয়ে লেখা থাকবে না। সেখানে লেখা থাকবে ১০, ১২২ রান, ৩৪ শতরান। এই ৩৪ শতরানের মধ্যে লর্ডসে কোনও শতরান ছিল না। যে লর্ডসে বেঙ্গসরকারের তিন খানা শতরান, সেখানে গাভাসকারের একটা শতরান থাকবে না! এ কেমন ক্রিকেটীয় ন্যায়বিচার! লর্ডসের সাজঘরে একটি অনার্স বোর্ড আছে। সেঞ্চুরি করলে বা এক ইনিংসে পাঁচ উইকেট নিলে সেই বোর্ডে নাম ওঠে। এই টেস্টের সরকারি স্বীকৃতি না থাকলেও এই শতরানের সুবাদে সানির নামটাও জ্বলজ্বল করে লেখা থাকবে। নইলে আগামী প্রজন্ম প্রশ্ন করত, এ কেমন অনার্স বোর্ড যেখানে সুনীল গাভাসকারের নাম নেই! সানি নয়, বোর্ডটাই যেন এতদিনে জাতে উঠল।
গাভাসকারের অবসরের কথা জেনেছিলাম টেস্টের প্রথম দিনেই। সেদিনই ‘আজকাল’ কাগজে বিশাল করে বেরিয়েছে অবসরের খবরটা। লিখেছেন দেবাশিস দত্ত। উনি লন্ডনে এই ম্যাচ কভার করতে গেছেন। সকালে কাগজ পড়েই মনটা খারাপ হয়ে গেল। আমার সানি আর খেলবেন না! বাড়িতে নেওয়া হয় আজকাল। স্কুলে নেওয়া হয় আরও দুটো কাগজ। স্কুলে গিয়ে সেই কাগজ দুটোয় খুঁজলাম। কিছুই পেলাম না। গাভাসকার রিটায়ার করছেন, এক লাইনও খবর থাকবে না! তাহলে কি খবরটা সত্যি নয়! স্কুলে এই নিয়ে জোর তর্কও হল। অনেকেই বলতে শুরু করেছেন, কই, দুটো কাগজে তো বেরোয়নি। এগুলো গুজব। পরের দিন দেখা গেল, অন্য কাগজগুলোতেও একদিন পরে খবরটা আছে। গাভাসকার নিজেই নাকি সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছেন, তিনি অবসর নিচ্ছেন। তার মানে, আজকালে একদিন আগেই বেরিয়ে গেল। খেলার খবরে আজকাল কেন সবার আগে, এটাও বোঝা গেল।
কিন্তু সেই ঘোষণা সুদূর লন্ডনে কেন? জানা গেল, ব্যাঙ্গালোর টেস্টের পরেই নাকি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। কিন্তু এই ঐতিহাসিক বাই সেন্টিনারি ম্যাচটা খেলতে চেয়েছিলেন। অবসর ঘোষণা করে দিলেই তিনি ‘প্রাক্তন’ ক্রিকেটার। তখন আর এই ম্যাচে ডাক পেতেন না। একটা আক্ষেপ থেকেই যেত। তাছাড়া, আরও একটা কারণ হল, লর্ডসে তাঁর কোনও সেঞ্চুরি নেই। অন্তত এই ম্যাচে সেঞ্চুরি করে সেই আক্ষেপ মেটাতে চান।
কী আশ্চর্য! মার্শাল, হেডলিদের বলে সেঞ্চুরি করেই ছাড়লেন! একেবারে ডাবল সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে গেলেন! এই না হলে গাভাসকার!
আসলে, এই নামটা তো নিছক একজন ক্রিকেটারের নয়। আমার কাছে নামটার ব্যপ্তি অনেক বড়। এই নামটা একটা আকাশ। এই নামটা একটা স্বপ্ন। এই নামটা একটা মশাল। এই নামটা একটা প্রেরণা।
তাঁর সঙ্গে আমার তিনটে বড় মিল। আরেকটা মিল তৈরি করে নিয়েছি। একটা মিল হল, আমরা দুজনেই একটু বেঁটে। তাঁর পাঁচ ফুট চার ইঞ্চি, আমার পাঁচ ফুট পাঁচ। তিনি সুনীল গাভাসকার, অর্থাৎ এসজি। আমিও সুনির্মল গাঙ্গুলি, অর্থাৎ এসজি। তিনি ক্রিকেটার, আর আমি মফস্বলের স্কুল শিক্ষক। আরেকটা মিল আমি নিজে তৈরি করে নিয়েছি। তাঁর ছেলের নাম রোহন। আমারও একটিই সন্তান। তাঁর নামও রোহন রাখলাম।
গাভাসকারের সঙ্গে সম্পর্কটা সেই সাতের দশক থেকেই। তখনও স্কুলে চাকরি পাইনি। গ্র্যাজুয়েশন সদ্য শেষ হয়েছে। মফস্বলে ক্রিকেটের চলও ছিল না। তাছাড়া, ভারত তখন শুধুই হারত। তাই তেমন আগ্রহও জন্মায়নি। সেই ১৯৭১। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে আমরা কিনা তাদের সিরিজে হারিয়ে দিলাম। জন্ম হল এক তারকার। নাম সুনীল গাভাসকার। অভিষেক সিরিজেই কিনা ৭৭৪! ভাবা যায়! তাও সর্বশক্তিমান ওয়েস্ট ইন্ডিজ পেস ব্যাটারির বিরুদ্ধে! ‘এ তো মনুষ্য নয়, দেবতা নিশ্চয়।’ তরপরই ইংল্যান্ড সফর। সেখানেও জয়! সেই রেডিওতে কান পাতা শুরু। মফস্বলি এক বঙ্গ সন্তান কেন যে এক মারাঠি যুবককে এভাবে আঁকড়ে ধরল, তার কোনও ব্যাখ্যা নেই।
সাতের দশক মানে একদিকে নকশাল আন্দোলন। কত সম্ভাবনাময় তরুণ–যুবক বেঘোরে প্রাণ হারাচ্ছে। চোখে মুখে সমাজ বদলের স্বপ্ন। নেমে এল জরুরি অবস্থা। ভারী বুটের শব্দ। কেমন একটা থমথমে আবহ। সর্বত্রই যেন হেরে যাওয়াই ভবিতব্য। কোথাও কোনও আলোর দিশা নেই। এরই মাঝে ছোট খাটো একটি মানুষ যেন ব্যাট হাতে পৃথিবীকে শাসন করছেন। উল্টোদিকে পৃথিবীর বাঘা বাঘা জোরে বোলার, মাথায় হেলমেট নেই, কুছ পরোয়া নেহি। তিনি নিজের লক্ষ্যে অবিচল। গাভাসকার মানে প্রতিকূলতার বিরুদ্ধে লড়াইয়ের এক প্রেরণা।
মনে আছে, স্কুলে চাকরির ইন্টারভিউয়ের সময় প্রবীণ হেড স্যার প্রশ্ন করেছিলেন, ‘আপনার প্রিয় চরিত্র কে?’ হয়তো ভেবেছিলেন গান্ধীজি বা নেতাজির কথা বলব। কেউ ভেবেছিলেন স্বামী বিবেকানন্দ বা রবীন্দ্রনাথের কথা বলব। আমি এমন প্রশ্নের জন্য তৈরি ছিলাম না। সাতপাঁচ না ভেবেই দুম করে বলে বসলাম, ‘সুনীল গাভাসকার’। হঠাৎ ঘরে যেন বাজ পড়ল। সবাই একে অন্যের মুখের দিকে তাকাচ্ছেন। এ আবার কী বেআক্কেলে উত্তর! কেউ কেউ হয়তো গাভাসকার নামটাই প্রথমবার শুনলেন। অ্যাসিট্যান্ট হেড স্যর একটু অন্যরকমের মানুষ ছিলেন। হাঁসতে হাঁসতে বললেন, এত এত মহাপুরুষ, কারও নাম মাথায় এল না! আমতা আমতা করে বললাম, ‘আমি কাউকে অসম্মান করতে চাইনি। সবাই আমার শ্রদ্ধেয়। তাঁদের কথা শুধু বইয়েই পড়েছি। কিন্তু গাভাসকার আমার সমকালের এক চরিত্র। তাঁর জীবনের লড়াই আমাকে নাড়া দিয়ে যায়।’ হেড স্যর ‘আপনি’ থেকে ‘তুমি’তে নেমে এসে জানতে চাইলেন, ‘তুমি কি ক্রিকেট খেলেছ? তিনি কত রান করলেন, তার সঙ্গে তোমার কী সম্পর্ক?’ বলেছিলাম, ‘গাভাসকার শুধু ক্রিকেটার নন, আমার কাছে তিনি অনেক কিছু। আমাকে তিনি শিখিয়েছেন, চারপাশে কে কী বলল, কান দিতে নেই, নিজের কাজটা মন দিয়ে করে যাও। আমাকে তিনি শিখিয়েছেন, প্রতিকূলতার মধ্যেও হাল না ছেড়ে কীভাবে লড়াই করতে হয়। উনি শিখিয়েছেন, কীভাবে একাগ্রতা ধরে রাখতে হয়, কীভাবে নিজের কাজকে ভালবাসতে হয়।’
আমার চরিত্র নির্বাচনটা নিশ্চিতভাবেই তাঁদের পছন্দ হয়নি। তবে আমার ব্যাখ্যাটা হয়তো ওঁদের মনে ধরেছিল। দেখলাম, চাকরিটা হয়ে গেল। সেই শুরু। গায়ে একটা গাভাসকারের অদৃশ্য স্ট্যাম্প পড়ে গেল। তিনি রান পেলে, টিচার্স রুমে কেউ কেউ আবদার করতেন, মিষ্টি খাওয়ান। আবার তিনি ব্যর্থ হলে হেডমাস্টার মশাই বলতেন, ‘কই হে, তোমার গাভাসকার তো শূন্য।’ মনে মনে বলতাম, ‘জবাব দেবে একটি ব্যাট।’ অশোক দাশগুপ্তর ওই শিরোনামটা মাথায় গেঁথে গিয়েছিল। গাভাসকার যেদিন শতরানে ব্র্যাডম্যানকে পেরিয়ে গেলেন, সেদিন বাকি স্যরেরা বললেন, আজ একটা মিষ্টিতে হবে না। স্কুলের পিওন মনসারামদাকে দিয়ে তিন হাঁড়ি মিষ্টি আনিয়েছিলাম।
এই তো কমাস আগে, সানি তখন দশ হাজার রানের দোরগোড়ায়। কিছুতেই আর সেই দশ হাজার আসছে না। ইডেনে খেললেনই না। জয়পুরে শূন্য। এবার আমেদাবাদ। ইজাজ ফাকির বলে সেই দশ হাজার রানের দৌড়। ততদিনে বাড়িতে টিভি এসে গেছে। দিনটা ছিল ৭ মার্চ। হেডস্যরকে রিকোয়েস্ট করে একটা সিএল নিয়েছিলাম। সানির দশ হাজার হতেই ফের তিন হাঁড়ি মিষ্টি নিয়ে স্কুলে গিয়েছিলাম।
আমার জীবনে সবথেকে আনন্দের দিন কোনটা? ৭ মার্চ, যেদিন আমার সানি দশ হাজার রানের এভারেস্টে পৌঁছেছিলেন। কিন্তু তাঁর অবসরের আসল দিন কোনটা? যেদিন ব্যাঙ্গালোরের ঘূর্ণি উইকেটে ৯৬ রান করে ফিরে গেলেন? নাকি ‘আজকাল’ পড়ে যেদিন জানতে পারলাম? নাকি আজকের এই বৃষ্টিবিঘ্নিত দিনটা?
দশ হাজারের দিনেই বলেছিলেন, আমার রেকর্ড যেন ভাঙা হয় কোনও ভারতীয়র ব্যাটে। সত্যিই কি তেমন কাউকে দেখা যাচ্ছে? অন্তত বেঙ্গসকার, শাস্ত্রী, আজহারউদ্দিনরা এতদূর যাবেন না, এটুকু হলফ করেই বলা যায়। তবে কি অন্য কেউ? ‘গো কূলে বাড়িছে সে’? হতেও পারে। মানুষের মতো রেকর্ডও একদিন হারিয়ে যায়। এক হাত থেকে অন্য হাতে চলে যায়। দশ হাজার রান বা ৩৪ সেঞ্চুরির রেকর্ডও একদিন হয়তো ভেঙে যাবে। কিন্তু এভারেস্ট বললেই যেমন তেনজিং নোরগের নাম উঠে আসে, গাভাসকারের নামও মহাকালের খাতায় থেকেই যাবে। আজীবন গর্ব করে বলতে পারব, আমাদের একটা সানি ছিল।
বিদায়বেলায় আরও একটা শিক্ষা দিয়ে গেলেন। কাউকে যেন বলতে না হয়। সময় এলে নিজেই ব্যাট–প্যাড তুলে রাখো। অর্থাৎ, সময় এলে মাথা উঁচু রেখে নিজেই থেমে যেও।
