স্বরূপ গোস্বামী
কোথায় গেল সেই লোকটা, কে জানে!
ওই লোকটাই মিষ্টি সকাল বয়ে আনে
হাঁটতে আসে অনেক লোক, সেই লোকটাও আসে
খালি পায়ে একা একাই হাঁটত সবুজ ঘাসে।।
বয়সে সে অনেক বড়, চোখেমুখে দুষ্টুমি
আপনি বললে রেগে যেত, বলতে হত তুমি।
নানান রকম রসিকতা, মাতিয়ে রাখত বুড়ো
বলত, আমি শুধু ছড়িয়া যাব, যত পারিস, কুড়ো।।
নাম কী, কেউ জানে না, সবাই বলত কাকা
এতটুকু থামা নেই, পায়ে লাগানো চাকা
বয়স কত কে একজন জানতে চাইল সেদিন
কাকা বলল, কী আসে যায়, আমি তো এভারগ্রিন।।
বিয়ে থা করলই না, সারাজীবন একা
তাই বলে থেমে থাকেনি সুন্দরী মেয়ে দেখা
মনে মনে নিশ্চয় কাউকে ভালবাসেন!
কাকা বলত, ওয়ান অ্যান্ড ওনলি সুচিত্রা সেন।।
বিয়ে করা এমন কী আর, চাইলেই করা যেত
বেচারি সুচিত্রা, হয়ত কষ্ট পেত।
প্রেমের কি আর বয়স আছে! আছে কি ভুল ঠিক!
বয়স বাড়লে বয়েই গেল, আমি রোমান্টিক।।
কখনও বলত বিধান রায়, কখনও ছবি বিশ্বাস
সুনীল শক্তির কথা উঠলেই চাপা দীর্ঘ নিশ্বাস।
সেদিন যেন সুর কাটল, বিষণ্ণ খুব কাকা
একে একে সব চলে যাচ্ছে, চারপাশটা ফাঁকা।।
তারপর কয়েকদিন কাকার দেখা নেই
কাকার কিছু হয়নি তো! হারিয়ে যাচ্ছে খেই।
না আছে মোবাইল, ঠিকানাও নেই জানা
তাকে খুঁজতে জানি না কোথায় দেব হানা।।
এই তো সেদিন সকালবেলা, যাচ্ছিলাম বাসে
হঠাৎ দেখি কাকা, কে যেন তার পাশে
বাসে নয়, কাকা তখন দূরের একটা পার্কে
আমার মাথায় ঘুরছে প্রশ্ন, কাকার সঙ্গে আর কে?
ভাবলাম, কাছে না গিয়ে দূর থেকেই দেখি
কাকার হাতে তার হাত! সে কী!
কে সেই নারী, হাতে হাত রেখে শুধু হাসেন?
নাটোরের বনলতা নয়, আমাদের সুচিত্রা সেন।।
