বাসে ফ্রি!‌ নিয়মে একটু বদল আসুক

স্নেহা সেন

সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি। এটা নিঃসন্দেহে ভাল উদ্যোগ। কিন্তু যত দিন যাচ্ছে, এর অপব্যবহার বাড়ছে। নিজের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছি, এই নিয়ম ক্রমশ কার্যত ব্যুমেরাং হয়ে দাঁড়াচ্ছে।

প্রথম কথা, মহিলা হলেই ফ্রি কেন হবে?‌ এ তো মহিলাদের একধরনের অসম্মান করা। অনেকের সামর্থ্য আছে। তাঁরা তো ফ্রি না চাইতেই পারেন। তাঁরা তো টাকা দিয়েই যেতে পারেন। যাঁরা সেই অনুদান নিতে চান না, তাঁদের মতামতকেও সম্মান জানানো হোক।

দ্বিতীয়ত, ফ্রি বাসযাত্রার সুযোগ নিয়ে অনেকেই আগাম টিকিট কেটে রাখছেন। কিন্তু পরে দেখা গেল, তিনি হয়তো যাচ্ছেন না। হয়তো পরপর তিনদিন সকালের বাসে টিকিট কেটে রেখেছেন। কোনও একদিন হয়তো গেলেন। অর্থাৎ, বাকি দুদিনের টিকিট নষ্ট হল। অনেকের ফোনেই এখন একাধিক সিম। বিভিন্ন নম্বর থেকে বুকিং করছেন। বোঝার উপায়ও নেই। অনেকদূর পর্যন্ত সেই সিট ফাঁকাই থাকছে। অথচ, যাঁদের সত্যিই সেদিন যাওয়ার দরকার ছিল, তাঁরা টিকিটই পেলেন না।

আমার প্রস্তাব, আগেই যেন ফ্রি না করা হয়। সেই মহিলা যাত্রী ট্রাভেল করুন। যদি সত্যিই তিনি যান, তাহলে দু–‌তিন দিন পরে তাঁর অ্যাকাউন্টে টাকা দেওয়া হোক। আর যদি সেই যাত্রী টিকিট কেটেও না যান, তাহলে যেন টাকা ফেরত না দেওয়া হয়। এবং শাস্তি হিসেবে আগামী একমাস বা দু’‌মাস ওই ফোন নম্বর থেকে আর কোনও টিকিট কাটা যাবে না, এরকম একটা ব্যবস্থা হোক।

শুরু থেকেই যদি নিয়মের এমন অপব্যবহার শুরু হয়, কয়েকমাস পরে তা আরও মারাত্মক জায়গায় পৌঁছে যাবে। তাই পরিবহণ দপ্তরের কাছে অনুরোধ, এই নিয়মের পুনর্বিবেচনা করা হোক। নিয়মের অপব্যবহার রুখতে কিছু সংশোধন আনা হোক।

Previous post মেঘ, পাহাড়, নদী, অরণ্য–‌কী নেই উত্তরবঙ্গে?‌
Next post গোলপাহাড়ের দেশে যা, চা–‌পাহাড়ের দেশে যা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *