ছেঁড়া শিকড় পাবে কি আর হারানো তার মাটি

 ডঃ অন্তরা চৌধুরী

খড়ের চাল দেওয়া ছিমছাম একটা আটচালা মাটির বাড়ি। কাঠের দরজা জানালা।  সামনেই সুন্দর এক ফালি ফুলের বাগান। পাশের জমিতে নানারকম শাক সবজি লাগানো হয়েছে। বাঁশের মাচায় কচি কচি পুঁইশাক, শসা, লাউয়ের ডগা লকলক করছে। বাগানের মধ্যে বসার জন্য বাঁশের বেঞ্চ। মাথায় ছাউনি। ছাউনিতে দুলছে লন্ঠন। রাত হলেই সে তার মায়াবী আলো ছড়িয়ে দেবে। ঘরের পাশেই ছোট্ট একটা মাটির রান্নাঘর। গোবর দিয়ে পরিষ্কার করে নিকোনো। রান্নাঘরে মাটির উনুন। উনুনের পাশেই জড়ো করে রাখা কাঠের টুকরো। রান্নাঘরের তাকে ঝকঝকে কাঁসার থালা বাটি গ্লাস। কোথাও আবার সৌখীন মাটির থালা বাটি গ্লাস। রান্নাঘরের পাশেই গোয়াল। কয়েকটা গরু বাছুর। টাটকা দুধ। একেবারে স্বর্গ রাজ্য যাকে বলে।  বাড়ি থেকে বেরিয়ে একটা ছোট্ট একটা আম কাঁঠালের জঙ্গল। শুধু আম কাঁঠাল কেন, চালতা, পেয়ারা, গাছ পাকা পেঁপে, আতা, কামরাঙ্গা এসব গাছও চোখে পড়বে। সেই জঙ্গল পেরিয়ে কিছুদূর হেঁটে গেলেই একটা পানা পুকুর। সেখানে পাড়া পড়শীকে দেখিয়ে বঁড়শী দিয়ে মাছ ধরার ব্যাবস্থাও আছে।  মাছ ধরতে ইচ্ছে না করলে কুয়াশার গন্ধ গায়ে মেখে হারিয়ে যাওয়া যায় সামনের হলুদ সরষে ক্ষেতে। লাল মাটির রাস্তা। কচি কচি আলু শাক তখন সূর্যের আলো গায়ে মাখতে ব্যাস্ত। ভাগ্য ভালো থাকলে গাছ থেকে সদ্য পাড়া খেজুর রসও পাওয়া যেতে পারে।

দুপুরে আবার পঞ্চ ব্যাঞ্জন! কলাপাতায় দেশী গব্য ঘৃত সহযোগে ওগগরা ভত্তা। মানে গরম ভাত। বাগান থেকে তোলা অরগ্যানিক শাক সবজি, পুকুর থেকে ধরা টাটকা মাছ। তাও আবার সবই শিলে বাটা মশলা সহযোগে মাটির উনুনে রান্না। আহা কী আনন্দ আকাশে বাতাসে! তারপরে আবার খাবার শেষে খাঁটি গরুর দুধ। বিকেলে ক্ষেত থেকে তোলা টাটকা সরষে শাকের বড়া, সঙ্গে ঘরে ভাজা মুড়ি আর চা। আর রাতে মাটির উনুনে তৈরি হাত রুটি, বেগুন পোড়া আর একদম মহল থেকে আনা টাটকা খেজুর গুড়। পাশের গ্রামেই হয়তো আছে সুসজ্জিত সাঁওতাল গ্রাম। হাঁটতে হাঁটতে সেখানে যদি পৌঁছে যাওয়া যায় তাহলে দেখা হয়ে যেতেও পারে দুলির সঙ্গে।

এত দূর পড়ে মনে হতেই পারে যে এটা হয়তো কোনও গ্রামে বেড়িয়ে এসে তার বর্ণনা দিচ্ছি। ঠিকই। আসলে সোশ্যাল মিডিয়া খুললে বিভিন্ন বেড়ানোর গ্রুপে এখন এই ছবিটাই দেখা যাচ্ছে। উপরের সমস্ত উপকরণগুলো যদি এক ছাদের তলায় নাও পায় যায় তাহলেও কোনও ব্যাপার নয়। এর সিকিভাগও যদি পাওয়া যায় তাহলেই মানুষ খুশি। শুধু একটু মাটির গন্ধ আর খড়ের তৈরি আটচালা থাকলেই হলো। ব্যস! তাহলে আর বাঙালিকে আর পায় কে! হয়তো একজন কেউ বেড়িয়ে এলেন। আর তার পরেই সেই মাটির আটচালা ঘর, বাগান, মাটির উনুন, কলাপাতায় খাওয়া, ধান ক্ষেত এমনকি গরু বাছুরেরও অপূর্ব সব ছবি দিয়ে ও অসাধারণ তার বর্ণনা দিয়ে গ্রুপে পোস্ট করছেন। পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যাচ্ছে। সেই সব ছবি দেখে মানুষ খুশি হয়ে জিজ্ঞাসা করছেন,

‘এই রূপকথার দেশটি কোথায়? কীভাবে সেখানে যাওয়া যায়? দিন প্রতি খরচই বা কেমন?’

আসলে সোশ্যাল মিডিয়া ফলো করলে দেখা যায় সাধারণ মধ্যবিত্ত বাঙালির এখন রুচি বদলেছে। মালেশিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের প্রতি আকর্ষণ ক্রমশঃ কমেছে। সাধ্যও কমেছে। কাজেই এই দুর্মূল্যের বাজারে ভ্রমণ প্রিয় বাঙালি অল্প টাকার বিনিময়ে এক টুকরো শান্তি খুঁজছে। তাও আবার অচেনা অজানা জনপদে। হতে পারে সেটা পশ্চিমবঙ্গেরই কোনও এক প্রত্যন্ত গ্রাম। সেখানেই বেশ কয়েক বিঘা জমির উপর গড়ে তোলা হয়েছে আটপৌরে মাটির বাড়িতে আধুনিক ব্যাবস্থা সম্পন্ন রিসোর্ট। অর্থাৎ শহুরে বিলাসিতা যুক্ত অকৃত্রিম গ্রাম। অনেকটা সোনার পাথরবাটির মতো। বাইরেটা মাটির হলে কী হবে, ভিতরে ঠিক এসি বসানো আছে। আছে আধুনিক ওয়েস্টার্ন টয়লেটও।

কিছু কিছু রিসোর্ট আছে যেখানে ইচ্ছাকৃত ইলেকট্রিসিটি নেই; এবং সেটাই কিন্তু মূল বিজ্ঞাপণ। মনের মধ্যে বেশ একটা থ্রিল অনুভূত হবে। উপরোক্ত উপকরণের বাকি সব কিছুই থাকবে। সন্ধ্যে হতে না হতেই কেয়ার ট্রেকার এসে সুদৃশ্য লন্ঠণ ঝুলিয়ে দিয়ে যাবে ঘরে ঘরে। শীতের সন্ধ্যেবেলায় বাগানে বনফায়ার হবে। চিকেন বারবিকিউয়ে কামড় দিয়ে দেখতে হবে সাঁওতালী নাচ। চিন্তা নেই, মনোরঞ্জনের সব ব্যাবস্থাই থাকবে। আবার এই রিসর্ট যদি একেবারে জঙ্গলের ধারে লোকালয় বর্জিত এলাকায় হয়; তাহলে কিছু জিনিস একদম বিনামূল্যে পাওয়া যাবে। যেমন ঝিঁঝির একটানা ডাক, জোনাকির আলো, চার প্রহরে চারবার শেয়ালের ডাক, মাটির সোঁদা গন্ধ, গোবরের গন্ধ, আর পাওয়া যাবে গ্রাম্য মানুষের সরলতার গন্ধ। ভালোবাসার গন্ধ।

এখন মানুষ বুঝে গেছে একটু বিষহীন সবুজ বাতাস, জৈব শাক-সবজী, পুকুরের টাটকা মাছ আর অকৃত্রিম আন্তরিকতা পেতে হলে গ্রামের বিকল্প নেই। তাই মানুষ আজকাল টাকা দিয়ে দিন কয়েকের জন্য শান্তি কিনছে। প্রত্যেকটা মুহূর্তের জন্য তাকে টাকা গুণতে হচ্ছে। দু’দিন সেই শান্তির নীড়ে কাটিয়ে মন বলছে ‘একদিন এখানেই ফিরে আসব, এই নদীর ধারে একটা ছোট্ট বাড়ি করব। এখানেই আমার প্রাণের আরাম আত্মার শান্তি’। আর মানুষের এই সেন্টিমেন্টই হয়ে উঠেছে এক শ্রেণীর বিপুল টাকা রোজগারের হাতিয়ার। একেবারে বাণিজ্যে বসতি লক্ষ্মী।

অথচ এই সব কিছুই একদিন আমাদের ছিল। আমরা উন্নত জীবন ও জীবিকার স্বার্থে গ্রাম ছেড়ে দলে দলে পাড়ি দিয়েছিলাম শহরে। গ্রামের মানুষের আন্তরিক ভালোবাসা, মরাই ভর্তি ধান, পুকুর ভর্তি মাছ, তালপাতার পাখার হাওয়া, টাটকা দুধ কোনও কিছুই আমাদের পায়ে বেড়ি পরাতে পারেনি। আমরা শহরে এসে গাছ কেটে পুকুর বুজিয়ে গগনচুম্বি অট্টালিকায় আমাদের সুখ নীড় রচনা করেছি। জীবন যাপনকে আরও আধুনিক থেকে আধুনিকতর করার জন্য বিভিন্ন মেশিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছি। কাঁসার থালা বাটি গ্লাসকে প্যাকিং করে বাড়ির এক কোণে ফেলে রেখেছি। ব্যাবহার করার বড্ড হ্যাপা। তার চেয়ে সৌখীন লাওপলা বা স্টিল অনেক ভালো। অথচ সেই আমরাই রিসর্টে গিয়ে কাঁসার থালা বাটি গ্লাস দেখে অবাক হয়ে নিজেরাই তার বিপণন করছি। মর্নিং ওয়াক ছাড়া বাকি সময়ে গাড়ি ছাড়া এক পা হাঁটা মানে স্ট্যাটাস অনেকখানি কমে যাওয়া। অতিরিক্ত লাভের আশায় আমরা বিষ খাচ্ছি ও খাওয়াচ্ছি। ফলে মন গুলোও বিষাক্ত হয়ে গেছে।

গ্রামের জমিদার বাড়ি বা রাজবাড়িগুলো এখন নতুন ছন্দে সেজে উঠছে। আর মানুষ হাজার হাজার টাকার বিনিময়ে আবার সেই গ্রামে বিলাসিতা করতে ফিরে যাচ্ছে। এখন তো কলকাতার বেশ কিছু রেস্তোরাঁকে গ্রামীণ সাজে সাজানো হচ্ছে। ঢুকতে না ঢুকতেই বরণ করে ভিতরে ঢুকিয়ে কাঁসার থালা বাটি গ্লাসে খাবার সাজিয়ে তালপাতার পাখার বাতাস করবে। ওই তালপাতার পাখার কর্পোরেট স্টাইলে বাতাসটুকুর জন্যও টাকা গুণতে হবে। স্ট্যাটাস বলে কথা! অথচ নিজের মা যখন যত্ন করে খেতে দিয়ে পাখার বাতাস করত সেই বাতাস আমাদের সহ্য হয়নি। কারণ তার জন্য টাকা গুণতে হতো না। তাই সহ্য হয়নি। আসলে মানুষ টাকার পিছনে দৌড়তে দৌড়তে একসময় বড় ক্লান্ত হয়ে যাচ্ছে। বিলাসবহুল জীবনে স্বাচ্ছন্দ্য আছে ঠিকই; কিন্তু তার মাঝে কোথায় যেন চাপা পড়ে গেছে আমাদের শিকড়। সেই শিকড় যখন মাথা চাড়া দেয় তখন আমাদের চৈতন্য হয়। মনে হয় এই জীবনে সুখ আছে কিন্তু শান্তি আছে কি? তাই পরশপাথরের খ্যাপার মতোই আমরা খুঁজে চলি শান্তি! দু দণ্ড শান্তি! 

Previous post দেশপ্রেম নয়, স্রেফ অসভ্যতা
Next post জীবনে আড়ালটাও জরুরি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *