দীপক সাহা
দেখতে দেখতে সত্তর হয়ে গেল। বলা যেতেই পারত, তিনি বৃদ্ধ হলেন। হ্যাঁ, বয়সের বিচারে বৃদ্ধ হলেন ঠিকই। কিন্তু বৃদ্ধ মানেই সব সৃষ্টিকে বিসর্জন দেওয়া নয়। এখনও নতুন সৃষ্টির নেশায় বিভোর কবীর সুমন।
আজ তাঁর সত্তরতম জন্মদিন। নজরুল মঞ্চে একক অনুষ্ঠান। দু বছর আগেও এই নজরুল মঞ্চেই তাঁর একক অনুষ্ঠান দেখেছি। এবারও দেখব। আগেরবার টিকিট নিয়ে সংশয় ছিল। চিৎকার করে করে টিকিট জোগাড় করতে হয়েছিল। এবার সেই অনিশ্চয়তা নেই। অনলাইনে আগাম টিকিট কাটা আছে।
এখনও নিয়মিত ঘণ্টা চারেক রেওয়াজ করেন। গলায় বয়সের ছাপ তেমন পড়েনি। আর কবীর সুমন মানেই বাংলা গানের এক এনসাইক্লোপিডিয়া। বাংলা গানকে যেন গুলে খেয়েছেন। নির্দ্বিধায় বলা যায়, গান নিয়ে এমন পড়াশোনা, এমন চর্চা আর কোনও বাঙালির নেই। গানে, গল্পে, কথায় সময় কখন যেন পেরিয়ে যায়।
টিকিটের মূল্য ৫০০, ৮০০ ও ১২০০ টাকা। হয়ত অনেকটাই বেশি। কিন্তু নিশ্চিত থাকা যায়, হল ভর্তি হয়ে যাবে। নিশ্চিত থাকা যায়, সুদূর বাংলাদেশ থেকে শুধু এই অনুষ্ঠান দেখতে হাজির হয়ে যাবেন কিছু অনুরাগী। ব্যাঙ্গালোর, পুণে বা চেন্নাই থেকে শুধু এই অনুষ্ঠান দেখবেন বলে হাজির হয়ে যাবেন কোনও কোনও তরুণ। রাতের বিমানেই হয়ত ফিরে যাবেন। এই উন্মাদনা একমাত্র তাঁকে ঘিরেই সম্ভব।
কিছু চেনা গান, কিছু অচেনা গান। আর অনেক অজানা গল্প। সবমিলিয়ে অন্যরকম একটা সন্ধে কাটবে। অন্তত গর্ব করে বলতে পারবেন, আপনি সুমনের অনুষ্ঠান দেখেছেন।


