রজত সেনগুপ্ত
আমাদের মেয়র মশাই নাকি হঠাৎ করে ব্যাডবুকে চলে গেছেন। দলের সভায় সবাই আছে, তিনি নেই। পঞ্চায়েতের কোর কমিটিতে তিনি নেই। হঠাৎ করে কমে গেছে নিরাপত্তা। তিনি নাকি পুরসভার কাজে ব্যস্ত। নেত্রী নজরুল মঞ্চে এতবড় মিটিং করছেন, আর তিনি পুরসভায় ব্যস্ত! এটা হতে পারে?

শোনা যাচ্ছে, যে কোনও দিনই তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হবে। এমনকী রাজ্য মন্ত্রীসভা থেকেও সরিয়ে দেওয়া হতে পারে। নতুন মেয়রের নামও নাকি ঠিক হয়ে আছে। হঠাৎ, এমন কুনজরে চলে গেলেন কেন? বছর পাঁচেক আগে দীপক ঘোষ একটি বই লিখেছিলেন। সেখানে অনেক মজার ঘটনার উল্লেখ ছিল। এখানে সেসব কেচ্ছা টেনে না আনাই ভাল। তবে সম্পর্কের চড়াই–উতরাই কীভাবে হয়, তার কিছু স্পষ্ট ইঙ্গিত ছিল। কেন মেয়রকে সবসময় মহাকরণে দেখা যেত, তার ব্যাখ্যা ছিল। পরে কেন আর দেখা যেত না, তার ব্যাখ্যাও ছিল।
মেয়রকে সরানোর উদ্যোগ কেন? তিনি নারদা কাণ্ডে তোয়ালে মুড়ে টাকা নেওয়ার পরেও নেত্রী পাশেই ছিলেন। পুরসভার পাহাড়প্রমাণ দুর্নীতির পরেও নেত্রী পাশেই ছিলেন। ব্যক্তিজীবনের নানা কর্মকাণ্ড জানার পরেও স্নেহের হাত মাথায় ছিল। প্রতিটি অপকর্মেই প্রচ্ছন্ন সমর্থনের সিলমোহর ছিল।
দুর্জনেরা বলছেন অন্য কথা। মুখ্যমন্ত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডিলিট পাওয়ার কয়েকদিন পরই নিঃশব্দে ঘটে গেছে আরও একটি ঘটনা। একটি বিদেশি বিশ্ববিদ্যালয় নতুন ক্যাম্পাস খুলেছে নিউটাউনে। তাঁরা কলকাতার মেয়রকে ডিলিট সম্মান দিয়েছেন। মেয়র মশাই গদগদ হয়ে সেই সম্মান গ্রহণ করেছেন। কলকাতার মেয়র একইসঙ্গে আবাসন, পরিবেশ ও দমকল মন্ত্রী। শোভনবাবুর কাছ থেকে তাঁরা কী সুবিধা পেয়েছেন, জানা নেই। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশে কার্পণ্য রাখেনি সেই বিশ্ববিদ্যালয়। এই ডিলিট বিষয়টিই নাকি কাল হয়েছে। নেত্রী মোটেই সুনজরে দেখেননি। ফল যা হওয়ার তাই হচ্ছে। একটা ডিলিট যে এত বিড়ম্বনায় ফেলবে, কে জানত!
