দুই প্রধানের জেলায় খেলতে এত আপত্তি কেন?‌

দুই প্রধানের কর্তাদের দাবি, সারা ভারতে নাকি তাদের সমর্থক। কথাটা মিথ্যে নয়। তাহলে আইএসএলে জেলায় খেলতে এত আপত্তি কেন?‌ জেলায় খেললে কলকাতার লোকেরা সমর্থন করবে না?‌ লিখেছেন সোহম সেন।।
মোহনবাগান কথায় কথায় বলে আমরা জাতীয় ক্লাব, বেঙ্গালুরু, দিল্লি, মুম্বাই সব জায়গায় আমাদের সমর্থক। বলা হয়, হাওড়া, হুগলি, বর্ধমান নাকি খাস ঘটিদের জায়গা, মোহনবাগানের গড়। কথাটা ভুল নয়। দূরত্ব যতই হোক, ময়দান হোক বা
যুবভারতী, কল্যাণী হোক বা বারাসত এইসব জায়গা থেকে মোহনবাগান সমর্থকরা মাঠে ভিড় করে। সদ্যসমাপ্ত ফেড কাপের গ্যালারিতেও দেখা গেছিল, বালি এবং মেদিনীপুরের সমর্থকদের ব্যানার।

অন্যদিকে ইস্টবেঙ্গল নাকি পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের ক্লাব? তা পূর্ববঙ্গের মানুষরা কি শুধু কলকাতায় থাকেন? জেলায় থাকেন না? ইস্টবেঙ্গল যখন শিলিগুড়িতে খেলতে বাধ্য হয়, তখন উত্তরবঙ্গের আবেগ উস্কে দেবার চেষ্টা করে। বলে শিলিগুড়ি ইস্টবেঙ্গলের হোমটাউন। সেই কথায় ভুলে শিলিগুড়ির মানুষ ভরিয়ে তোলে লাল হলুদ গ্যালারি।

derby4

কিন্তু আই এস এল বিতর্কে প্রমান হয়ে গেল ওই সব বুলি আসলে কথার কথা। মোহন-ইস্ট সমর্থকদের আবেগে সুড়সুড়ি দেবে, কিন্তু তাঁদের কথা ভাববে না। শিলিগুড়ির মানুষ কখনও ভেবেছেন ইস্টবেঙ্গল তাঁদের শহরের ক্লাব নয়? বর্ধমানের মানুষ কখনও ভেবেছেন মোহনবাগান তাঁদের জেলার ক্লাব নয়? সারা বাংলার সবাই জানে, মোহনবাগান, ইস্টবেঙ্গল আসলে বাংলার ক্লাব। বাংলা জুড়ে তাদের সমর্থক।

জানেন না শুধু ভুঁইফোঁড় কর্তারা। তাঁরা বোধহয় ভাবেন মোহনবাগান দুর্গাপুর থেকে খেললে বা ইস্টবেঙ্গল শিলিগুড়ি থেকে খেললে কলকাতার সমর্থকরা মুখ ফিরিয়ে নেবেন। হয়তো ভাবেন, কলকাতা থেকে দূরে সরে গেলে, কলকাতার মানুষ এ টি কে-কে সমর্থন করবে? এত যদি ভয় তাহলে কীসের বড় ক্লাব? কিসের সারা বাংলার ক্লাব? এটিকের সঙ্গে আপনাদের তফাৎ রইল কোথায়? তাঁরা যেমন কলকাতার বাইরে কিছু ভাবতে পারে না, আপনারাও তো পারছেন না।

মোহনবাগান দুর্গাপুরে খেললে কী হত? বর্ধমানের মানুষ আরও বেশি করে মোহনবাগানকে জড়িয়ে ধরত। ইস্টবেঙ্গল শিলিগুড়িতে খেললে শুধু বাঙালরা নয়, উত্তরবঙ্গের ঘটিরাও লাল হলুদের হয়ে গলা ফাটাত। কিন্তু গত কয়েক সপ্তাহের বিতর্কে প্রমাণ হয়ে গেল কলকাতার মোহন ইস্ট শুধুই কলকাতার ক্লাব। এটিকের সঙ্গে তাদের কোনও তফাৎ নেই।

এখন যদি কোনও জেলার মানুষ বলে, কলকাতার ক্লাবকেই যখন সমর্থন করতে হবে, তখন এটিকেকে সমর্থন করব না কেন? ঝাঁ চকচকে এটিকে-কে ছেড়ে মান্ধাতার আম্লের মোহন ইস্টকে সমর্থন করব কেন? কলকাতার ফুটবলপ্রেমীরা কী জবাব দেবেন?

Previous post যে লাঠি মারল, যে লাঠি খেল, সবাই দাবার বোড়ে
Next post সুচিত্রার নামটা দিলে কি খুব ক্ষতি হয়ে যেত!‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *